বাঁশ ও পলিথিনের ছাউনি দেওয়া বেড়ার ঘরটি উচ্চতা ১৫-২০ ফুট। ২০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের এই ঘরে বসবাস করেন আমির হোসেন ও তাঁর পরিবারের সাত সদস্য। ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি হারিয়ে ১১ বছর ধরে বেড়িবাঁধে বসবাস করছেন তাঁরা।
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকার বেড়িবাঁধের এই অংশে এমন ৩০-৪০টি বাড়িতে বসবাস করেন আমির হোসেনের মতো ২০০ ঘরহারা মানুষজন। আর উপজেলার বিভিন্ন এলাকার ১০ হাজার মানুষ গত এক যুগেরও বেশি সময় ধরে বেড়িবাঁধে বসবাস করলেও তাঁদের পুনর্বাসনের উদ্যোগ নেই।
১৯৯১ সালের ২৯ এপ্রিলের ভয়াবহ সাইক্লোনে উপজেলার ধলঘাট, মাতারবাড়ি ও কুতুবজোম ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়। এ সময় এসব এলাকার কয়েক হাজার মানুষ ঘরবাড়ি হারান। ১৯৯১ সালের পর সিডর ও আইলার আঘাতে উপজেলার আরও অন্তত ১০ হাজার মানুষের ঘরবাড়ি হারান।
সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার চরপাড়া, হামিদারদিয়া চর এলাকা, কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা, ঘটিভাঙা, সোনাদিয়া, ধলঘাটা ইউনিয়নের সুতরিয়া, সাপমারারডেইল, সরইতলা, মুহুরিঘোনা ও মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট, ওয়াদ্দারপাড়া, পশ্চিম ষাইটপাড়া, সাইরার ডেইল ও মগডেইল এলাকায় বেড়িবাঁধের ওপরে কয়েক হাজার পরিবার মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করছে।
বাঁধে বসবাসরত এসব মানুষ স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সাগরে মাছ ধরে, লবণমাঠে ও শুঁটকির আড়তে কাজ করে কোনো রকম সংসার চালান তাঁরা।
কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটায় বাঁধে বসবাসকারী জাকের হোসেন বলেন, ‘কয়েক দফা ঘূর্ণিঝড়ের আঘাতে আমাদের ঘরবাড়ি ভেঙে গেছে। এরপর আবার বসতঘর নির্মাণ করলেও সেসব স্থায়ী হয়নি।’
ধলঘাটা ইউনিয়ন পরিষদের সদস্য আতা উল্লাহ জানান, দুর্যোগের কবলে পড়ে এই এলাকার কয়েক হাজার মানুষ এখন গৃহহারা। ফলে এসব লোকজন বেড়িবাঁধ ও চর এলাকায় মৃত্যুর ঝুিঁক নিয়ে বসবাস করছেন। এঁদের দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়া উচিত।
কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শফিউল আলম বলেন, বিভিন্ন দুর্যোগের কবলে পড়ে এই এলাকার অন্তত এক হাজার মানুষ গৃহহারা হয়ে বাঁধ ও চর এলাকায় বসবাস করছেন। এঁদের পুনর্বাসনের লক্ষ্যে সরকার ইতিমধ্যে দুটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করেছে। ওই দুটি প্রকল্পে ২৬০ পরিবারকে পুনর্বাসন করা হবে। বাকিদের জন্যও উদ্যোগ নেওয়া হবে।
মাতারবাড়ির ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ওই এলাকার তিন হাজার মানুষকে এখনো পুনর্বাসন করা যায়নি। একই কথা বলেন ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ।
জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল আলম বলেন, ভূমিহীন ও অসহায় লোকজনকে পুনর্বাসন করার লক্ষ্যে ইতিমধ্যে শাপলাপুর ও কুতুবজোম ইউনিয়ন দুটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হয়েছে। আরও তিনটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণাধীন। এসব প্রকল্পের নির্মাণকাজ শেষ হলে ৫০০ পরিবারকে পুনর্বাসন করা যাবে। বাকিদেরও পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে ।