বেড়িবাঁধের আগাম বেগুনে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়নের সাপমারা খালের মুখ থেকে দক্ষিণ দিকে মাঝেরঘাট পর্যন্ত দুই কিলোমিটার এলাকার বেড়িবাঁধের দুই ঢালেই গড়ে তোলা হয়েছে বেগুনখেত। ফলনও হয়েছে ভালো। খেত থেকে বেগুন তুলছেন চাষিরা l প্রথম আলো
আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়নের সাপমারা খালের মুখ থেকে দক্ষিণ দিকে মাঝেরঘাট পর্যন্ত দুই কিলোমিটার এলাকার বেড়িবাঁধের দুই ঢালেই গড়ে তোলা হয়েছে বেগুনখেত। ফলনও হয়েছে ভালো। খেত থেকে বেগুন তুলছেন চাষিরা l প্রথম আলো

বেড়িবাঁধ ভেসে যাওয়ায় চাষাবাদ হয়নি। তাই এক বছর ধরে আনোয়ারা উপজেলার উপকূলীয় ইউনিয়ন জুঁইদণ্ডী এলাকায় চাষিরা হতাশায় দিন কাটাচ্ছিলেন। তবে আশার আলো দেখাচ্ছে আগাম বেগুন। বেড়িবাঁধের ঢালের দুই কিলোমিটার এলাকায় আগাম বেগুন চাষ করে চাষিরা ক্ষতি পুষিয়ে দেওয়ার স্বপ্ন দেখছেন।

সরেজমিনে চোখে পড়ে, উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের সাপমারা খালের মুখ থেকে দক্ষিণ দিকে মাঝেরঘাট পর্যন্ত দুই কিলোমিটার এলাকার বেড়িবাঁধের দুই ঢালেই বেগুনখেত। জুলাই মাসের শেষের দিকে লাগানো এসব বেগুনগাছে বর্তমানে বেগুন ধরা শুরু হয়েছে। চাষিরা জানান, আবহাওয়া ভালো থাকলে আগামী নভেম্বর ও ডিসেম্বর পর্যন্ত বেগুন তোলা যাবে খেত থেকে।

জানা গেছে, ভাঙনের কবলে পড়ে এক বছর ধরে ইউনিয়নের দুই পাশে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে মাসে দুবার জোয়ারের পানি প্রবেশ করে এলাকায়। ফলে কোনো ধরনের চাষাবাদ না হওয়ায় এলাকার চাষিদের দুর্দিন চলছিল। কিন্তু বর্তমানে দুই কিলোমিটার বেড়িবাঁধজুড়ে আগাম বেগুন চাষ করায় এখন চাষিরা লাভের স্বপ্ন দেখছেন।

এলাকা ঘুরে জানা গেছে, পতিত বেড়িবাঁধে এক শ জনের বেশি চাষি বেগুন খেত করেছেন। তাঁদের মধ্যে কেউ কেউ নিজের দখলে থাকা জমিতে আর কেউ কেউ লাগিয়ত নিয়ে চাষ করছেন। উৎপাদিত বেগুন পাইকারেরা খেত থেকেই কিনে নিয়ে যান।

চাষি মোহাম্মদ ইউনুছ (৩৮) বলেন, ‘বন্যা ও জোয়ারের পানির কারণে আমরা চাষাবাদ করতে না পারায় অভাবে পড়ছিলাম। এখন আবারও বাঁচার স্বপ্ন দেখছি।’ তিনি আরও বলেন, ‘আমি ৪০ শতক (এক কানি) এলাকায় বেগুন চাষ করেছি। এতে আমার প্রায় এক লাখ টাকা ব্যয় হয়েছে। সবকিছু ঠিক থাকলে আমার দ্বিগুণ লাভ হতে পারে।’

মো. আবছার বলেন (২৪) বলেন, ‘আমি ৬০ শতক (দেড় কানি) এলাকায় চাষ করেছি। বর্তমানে আমার খেতে ফলনও এসেছে। পাইকারি ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খেতের বেগুন।’

আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘পতিত বেড়িবাঁধে বেগুন ফলিয়ে বন্যা ও জলোচ্ছ্বাসের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে চেষ্টা করছেন চাষিরা। আমরাও তাঁদের নানান পরামর্শ দিচ্ছি।’