বেড়িয়ে আসার পর
শীত মানেই যেন বেড়ানোর মৌসুম। তবে কয়েক দিন ঘুরে-ফিরে ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে আঁতকে উঠেছেন নিশ্চয়ই। চেহারার একি অবস্থা! রোদে ঝলসে কালো তো হয়েছেই, চুলের অবস্থাও খুব একটা সুবিধার নয়। এদিকে অফিস কিংবা ক্যাম্পাসে ফেরার সময় হয়ে গেছে। এমন অবস্থায় চাই ঝটপট প্রতিকার। কিভাবে, তা-ই জানালেন হেয়ারোবিক্স ব্রাইডালের প্রধান রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন।তিনি বলেন, ‘সাধারণত দেশে বেড়ানো মানেই কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবান, রাঙামাটি বা সিলেট। সৈকতে গেলে সূর্যলোকে মুখের নরম ত্বক পুড়ে যায় বোঝার আগেই। নোনা পানিতে র্যাশ হতে পারে, ত্বক ফ্যাকাশে হয়ে ওঠে। আর অন্যান্য অঞ্চলের সমস্যা হলো শুষ্ক আবহাওয়া। খুব দ্রুত ত্বক শুষ্ক হয়ে যায়। ঠোঁট ফেটে কালো হয়ে যায়, চুলের অবস্থাও হয়ে পড়ে বেগতিক। এমন অবস্থায় ঘরে ফেরার পরপরই ত্বক ও চুলের যত্ন নেওয়া শুরু করতে হবে। যেন অন্তত এক-সপ্তাহের মধ্যে আগের অবস্থায় ফিরে আসা যায়।’তানজিমা জানালেন ত্বকের জন্য স্যালনে যেতে না চাইলে ঘরে বসেই যত্ন নিতে থাকুন। মুখ ধুতে সানবার্ন প্রতিরোধক ফেসওয়াশ ব্যবহার করুন। কালো ছোপ তুলতে প্রাকৃতিক যত্নই যথেষ্ট। গরুর খাঁটি দুধের সঙ্গে লেবুর রস মিশিয়ে ছানা তৈরি করুন। সেই ছানা মুখে মালিশ করে মাখিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর আবার মালিশ করে ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন দুইবার করে মালিশ করুন। এ ছাড়া প্রতিদিন যেকোনো ফলের রসের সঙ্গে ঘৃতকুমারীর (অ্যালোভেরার) শাঁস মিশিয়ে পান করুন। ভেতর থেকেই সুন্দর হয়ে উঠবেন। ঠোঁটে কালো ছোপ পড়ে গেলে বিটরুট সবজির সাহায্য নিতে পারেন। বিটরুট হালকা থেঁতো করে তার সঙ্গে মাখন মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। বিটরুট না পাওয়া গেলে গোলাপের পাপড়ি ব্যবহার করতে পারেন। চুলের জন্য তেল মালিশের কোনো বিকল্প নেই। রাতে ভালো করে তেল মালিশ করে ঘুমান। সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল ধোয়ার পর কন্ডিশনার ব্যবহার করতে একদম ভুলে যাবেন না। এক সপ্তাহের নিয়মিত যত্নেই আপনার ত্বক আগের সৌন্দর্য ফিরে পাবে। বেড়ানোর ধকল নয়, সুখস্মৃতিটুকুই আলো ছড়াক আপনার মুখে।