বঙ্গোপসাগরে জলদস্যুর উৎপাত বেড়েই চলেছে। নিরপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন জেলেরা। জলদস্যুদের হাতে গত মার্চে কুতুবদিয়ায় বাঁশখালীর ২৮ জন জেলের মৃত্যুর ক্ষত না শুকাতেই নতুন করে মাছ ধরার ট্রলার ছিনতাই, ডাকাতি ও মাঝিমাল্লা অপহরণের ঘটনা ঘটছে। গত ১৫ দিনে অন্তত ২০টি মাছ ধরার ট্রলার জলদস্যুদের কবলে পড়েছে বলে দাবি করেছে সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতি। ডাকাতের ভয়ে অনেকে এখন সাগরে যাচ্ছেন না।সমুদ্রে মাছ আহরণে নিরাপত্তা দেওয়ার দাবিতে এবং আটক ট্রলার উদ্ধারে সহযোগিতা চেয়ে গত রোববার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতি মানববন্ধন ও সমাবেশ করেছে। এ ছাড়া বিষয়টি নিয়ে তারা সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপিও দিয়েছে। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। এই সমিতির অধীনে সারা দেশে প্রায় ২০ হাজারের বেশি মাছ ধরার ট্রলার রয়েছে। সমিতির বাইরেও রয়েছে আরও বেশ কিছু ট্রলার। মৎস্যজীবীদের অভিযোগ, সাগরের কুতুবদিয়া, হাতিয়া, সন্দ্বীপের কয়েকটি এলাকায় জলদস্যুদের উৎপাত বেড়ে গেছে। তাঁরা মাঝিমাল্লাদের মারধর করে জাল, মাছ, যন্ত্রাংশ এমনকি ট্রলারও নিয়ে যাচ্ছে। মাঝিমাল্লা ও ট্রলার মালিকদের সঙ্গে আলাপে জানা যায়, হাতিয়া উপজেলার কালাম, এমরান ও দিদার, বাঁশখালী উপজেরার রবি ও বারেক উল্লাহ, কুতুবদিয়ার ইউনুছ, মহেশখালীর সেলিম, সুন্দরবন কলাগাছিয়া এলাকার জাহাঙ্গীর ও মজিদ, এবং দুবলারচর এলাকার শীর্ষ বাহিনীর হাতে মাছ ধরার ট্রলার আক্রমণের শিকার হচ্ছে।সমিতির মহাসচিব মো. সাইফ রহমান বলেন, ‘গত ১৫ দিনে আমাদের অন্তত ২০টি ট্রলার ডাকাতের কবলে পড়েছে। এর মধ্যে কয়েকটি মাঝিমাল্লাসহ নিয়ে যায়। আমাদের জেলেরা এখন সাগরে যেতে ভয় পাচ্ছেন।’সর্বশেষ ১৫ আগস্ট সন্দ্বীপের উরিরচর এলাকায় এফবি রনি ও সামি-১ নামের দুটি মাছ ধরার ট্রলার জলদস্যুদের কবলে পড়ে। অভিযোগ আছে, উরিরচরের জাসু বাহিনীর সদস্যরা ট্রলার দুটিসহ মাঝিদের অপহরণ করেছে। এ সময় অপহরণ করা হয় ৩৪ মাঝিকে। পরে তাঁদের মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। দস্যুতার কারণে সাগরে আগের চেয়ে মাছ আহরণ কমে গেছে বলে সমিতির নেতারা দাবি করেন। সমিতির আরেক নেতা আমিনুর রহমান বলেন, ‘এ ধরনের অবস্থা চলতে থাকলে মাছ ধরা একেবারে বন্ধ হয়ে যাবে। এ পেশার জড়িত ব্যক্তিরা বেকার হয়ে পড়বেন। এ জন্য সাগরে নিরাপত্তা দিতে প্রশাসনের প্রতি আমরা আহবান জানাচ্ছি।’ জলদুস্যদের কারণে এই ইলিশের মৌসুমেও অনেকে সাগরে যেতে ভয় পাচ্ছেন বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে কোস্টগার্ডের (পূর্বাঞ্চল) মুখপাত্র লে. কর্নেল মাসুদুল ইসলাম বলেন, ‘কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তবে সবগুলো আমাদের কানে আসে না। যদি আমাদের অবহিত করা হয়, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নিই। আমরা জলদস্যুতা অনেক নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, টহলও জোরদার আছে।’