বেড়েই চলেছে যানজট

রোজার মাসে যানজট সামাল দিতে নগর পুলিশ (সিএমপি) গুরুত্বপূর্ণ মোড়ে ক্লোজসার্কিট ক্যামেরা বসিয়েছে। প্রতি মোড়ে দায়িত্ব পালন করছেন একজন করে ট্রাফিক পরিদর্শক। তার পরও নিয়ন্ত্রণে থাকছে না যানজট, বরং আগের চেয়ে বেড়েছে। বেলা ১১টার পর থেকে ইফতারির আগ পর্যন্ত বিপণিবিতানকেন্দ্রিক মোড়গুলো যেন স্থবির হয়ে পড়ছে।
নগরের বিপণিবিতানকেন্দ্রিক যানজট নিয়ে চিন্তিত খোদ পুলিশের যানবাহন শাখার কর্মকর্তারা। এ জন্য বিভিন্ন বিপণিবিতান ও নগরের জংশনগুলোতে নিয়ন্ত্রণব্যবস্থা কঠোর করা হচ্ছে।
সরেজামিনে দেখা গেছে, নগরের জিইসি, ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদের বাদামতলী ও নিউমার্কেট জংশনে তীব্র যানজট লেগে থাকে দিনের বেশির ভাগ সময়। প্রায় বিপণিবিতানের সামনে দেখা গেছে পার্ক করা গাড়ির সারি। মূল সড়কের অর্ধেক চলে গেছে এসব গাড়ির দখলে। ফলে চলাচলের পথ সংকীর্ণ হয়ে বাড়ছে যানজট। তা ছাড়া হাতের ইশারায় যানবাহন নিয়ন্ত্রণের কারণে বাধাগ্রস্ত হচ্ছে গাড়ি চলাচল।
যানবাহন শাখার পুলিশ কর্মকর্তারা জানান, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না করে বেশির ভাগ বিপণিবিতান গড়ে উঠেছে। বিষয়গুলো দেখার দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)। কিন্তু সেভাবে কোনো অভিযান বা ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না।
পুলিশ কর্মকর্তারা আরও জানান, মিমি সুপার, নিউমার্কেট, ষোলশহর শপিং কমপ্লেক্সে গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা আছে। তবে মিমি সুপারের ব্যবস্থা পর্যাপ্ত নয়। সেই মার্কেটের ক্রেতাদের গাড়ি রাস্তায় রাখতে হয়। একইভাবে আফমি প্লাজায় গাড়ি পার্কিংয়ের জায়গায় একটি সুপার স্টোর খোলা হয়েছে। ফলে ওই বিপণিবিতানে আসা ক্রেতাদের গাড়িও রাখা হচ্ছে রাস্তায়।
এদিকে নগরের অন্যতম ব্যস্ততম বিপণিবিতান সানমার ওশান সিটির সামনেও যানজট বাড়ছে। এই বিপণিবিতানের পাশেই জিইসি মোড়ের অবস্থান, যেই জংশন দিয়ে ঘণ্টায় ১০ হাজার গাড়ি পারাপার হয়। সামান্য কারণে ওই এলাকায় যানজট তীব্র হচ্ছে। যার প্রভাব গোটা নগরে ছড়িয়ে পড়ছে। এই বিপণিবিতানেও ক্রেতাদের জন্য পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা নেই। উপপুলিশ কমিশনার (যানবাহন) ফারুক আহমেদ এ প্রসঙ্গে বলেন, ‘মিমি এবং সানমার ওশানকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব। ১০ রমজানের পর বাড়তি পুলিশ মোতায়েন করা হবে। তারাই গাড়ির পথ ঠিক করে দেবে। যত্রতত্র গাড়ি পার্ক করা যাবে না। উভয় বিপণিবিতানের কিছু এলাকা আমরা চিহ্নিত করেছি, যেখানে গাড়ি পার্ক করা যাবে। তা ছাড়া গণপরিবহনের ওপরও নিয়ন্ত্রণ জোরদার করা হচ্ছে। ইতিমধ্যে নিউমার্কেট জংশনমুখী ১৪টি রুটের বাসের গন্তব্য পুনর্বিন্যাস করা হয়েছে। এসব বাসের সিআরবি, পুরোনো ও নতুন স্টেশন, কোতোয়ালি মোড় ও জিপিও পর্যন্ত গন্তব্য ঠিক করে দেওয়া হয়েছে। এ কারণে নিউমার্কেট এলাকায় যানজট সহনীয় পর্যায়ে নেমে এসেছে।’
পুলিশ সূত্র জানায়, নিউমার্কেট, তামাককুমন্ডি লেন ও রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতি যানজট নিয়ন্ত্রণে রাখার জন্য নিজস্ব নিরাপত্তারক্ষী নিয়োগ দিয়েছে। তারাও ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছে। নিউমার্কেট জংশনের রাস্তাগুলো গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত থাকছে। তবে ঈদের আগে গ্রামের মানুষের ভিড় জমবে নিউমার্কেট ও হকার্স মার্কেট এলাকায়। সেই বিষয়টি মাথায় রাখা হয়েছে। তখন পরিস্থিতি বুঝেই ব্যবস্থা নেওয়া হবে বলে দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।