বেড়েছে কলা ও কাঁঠালের ফলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় এ বছর আম ও লিচুর ফলন আশানুরূপ না হলেও কলা ও কাঁঠালের ফলন ভালো হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে গত বছরের তুলনায় এ বছর লিচুর ফলন ৫ শতাংশ কমেছে। আমের ফলনও ২০ শতাংশ কম হওয়ার আশঙ্কা আছে।

কৃষি বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলায় গত বছর ৩২২ হেক্টর পরিমাণ ভূমিতে ১ হাজার ৭৩৮ মেট্রিক টন লিচুর ফলন হয়েছে। এ বছর গত বছরের তুলনায় ৫ শতাংশ ফলন কমে ১ হাজার ৬৫১ মেট্রিক টনে দাঁড়িয়েছে। আর গত বছর ৪১৫ হেক্টর ভূমিতে ৩ হাজার ৬৯ মেট্রিক টন আমের ফলন হলেও এ বছর ফলন ২০ শতাংশ কমার আশঙ্কা করছে কৃষি বিভাগ।
লিচু ও আমের ফলন কমলেও বেড়েছে কাঁঠাল ও কলার ফলন। গত বছর ৩৩৫ হেক্টর ভূমিতে ৫ হাজার ২৫ মেট্রিক টন কাঁঠালের ফলন হয়েছে। এ বছর ফলন ১০ শতাংশ বেড়ে ৫ হাজার ৫২৭ মেট্রিক টনে দাঁড়িয়েছে। পাশাপাশি কলার ফলন ৫ শতাংশ বেড়ে ১০ হাজার ৮১৭ মেট্রিক টন হয়েছে।
উপজেলার অনাথ আশ্রম এলাকার বসু ফ্রুট ভ্যালির মালিক তুষার কান্তি বসু বলেন, ‘আমাদের বাগানের ৪০০ লিচু গাছের সব মুকুলই ঝরে গেছে। লিচুর ফলন হয়নি বললেই চলে। এ ছাড়াও ৪০০ আমগাছের অবস্থাও একই। ফলন আশানুরূপ হয়নি। তবে কাঁঠালের ফলন ভালো হয়েছে। বাগানের ৫০০ কাঁঠালগাছের সবগুলোতেই গত বছরের চেয়ে বেশি ফলন হয়েছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীনূল ইসলাম বলেন, গত বছরের চেয়ে লিচু ও আমের ফলন কম হয়েছে। তবে এ বছর কাঁঠাল ও কলার ফলন বেড়েছে। নভেম্বর মাসের বৃষ্টির কারণে আম ও লিচুগাছের ক্ষতি হয়েছে। কিছুটা পরিচর্যার অভাবও ছিল। তবে এ বছর স্থানীয় বাজারে লিচুর দাম গত বছরের তুলনায় অনেক কম ছিল।