এসএসসি পরীক্ষার ফলাফলে কক্সবাজার জেলায় জিপিএ-৫ প্রাপ্তি এবারও বেড়েছে। গত বছর জেলায় জিপিএ-৫ পেয়েছিল ৩৯২ জন, এবার ৬২৪ জন। জেলায় পাসের হার ৮৯ দশমিক ২৭ শতাংশ, যা গতবার ছিল ৭৮ দশমিক ৫২ শতাংশ। জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্র জানায়, জেলায় এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল ১১ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১০ হাজার ৬০৩ জন। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয়। এই প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছে ১০৩ জন। পাসের হার ৯৮ দশমিক ৯৫ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে চকরিয়ার কোরক বিদ্যাপীঠ। এই বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ৯৬ জন। পাসের হার ৯৯ দশমিক ৩৩ শতাংশ। তৃতীয় অবস্থানে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৭ জন। পাসের হার ৯৭ দশমিক ৩২ শতাংশ। শতভাগ পাসের সফলতা অর্জন করেছে জেলার তিনটি প্রতিষ্ঠান যথাক্রমে চকরিয়া কিশলয় আদর্শ উচ্চবিদ্যালয়, মেমোরিয়াল খ্রিশ্চিয়ান উচ্চবিদ্যালয় ও বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়।কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন বলেন, ‘আমাদের বিদ্যালয় থেকে ১০৩ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে, তারা সবাই জেএসসিতে অংশ নেওয়া ছাত্র। জেএসসি চালু করায় শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার আগ্রহ বেড়েছে। এ কারণে পাসের হারও বাড়ছে।’ বিদ্যালয়টি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় ১৬তম স্থান লাভ করেছে। জেলার আরেক শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন বলেন, এই বিদ্যালয় থেকে ৭৭ জন ছাত্রী জিপিএ-৫ পেয়ে অতীতের ধারাবাহিকতা বজায় রেখেছে। ফলাফলের দিক বিবেচনায় বিদ্যালয়টি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ১৮তম স্থান লাভ করেছে। চকরিয়া কোরক বিদ্যাপীঠ থেকেও জিপিএ-৫ পেয়েছে ৯৬ জন।