বেড়েছে পাসের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ায় এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। তবে বেড়েছে পাসের হার। একটি বিদ্যালয় ও তিনটি মাদ্রাসা থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। উপজেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, রাঙ্গুনিয়ায় ৩৬টি বিদ্যালয় থেকে এবার দুই হাজার ৩৫৬ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পাস করে এক হাজার ৮২৬ জন। পাসের হার ৭৭ দশমিক ৫০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। এর মধ্যে কোদালা উচ্চবিদ্যালয়ে পাসের হার শতভাগ। এ বিদ্যালয়ের ৪২ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। তবে জিপিএ-৫ পেয়েছে একজন। এদিকে জিপিএ-৫ বেশি পেয়েছে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে পাঁচজন শিক্ষার্থী। এ ছাড়া পোমরা উচ্চবিদ্যালয় থেকে তিনজন, মজুমদারখীল উচ্চবিদ্যালয় ও দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে দুজন করে এবং সোনারগাঁও উচ্চবিদ্যালয়, বেতাগি রোটারি ইউনিয়ন উচ্চবিদ্যালয়, শিলক হামিদ শরিফ বালিকা উচ্চবিদ্যালয় ও উত্তর পারুয়া উচ্চবিদ্যালয় থেকে একজন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর এসব উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন শিক্ষার্থী। পাসের হার ছিল ৭৭ দশমিক ২১ শতাংশ। কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ভোকেশনাল বিভাগে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয় ও রাজানগর উচ্চবিদ্যালয় থেকে ১৫৭ জন পরীক্ষা দিয়েছে। পাস করেছে ১৪৫ জন। পাসের হার ৯২ দশমিক ৩৫ শতাংশ। এর মধ্যে রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয় থেকে চারজন জিপিএ-৫ পেয়েছে।এ ছাড়া ১৪টি মাদ্রাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় ৪৩৯ জন শিক্ষার্থী অংশ নেয়। পাস করে ৪০৮ জন। পাসের হার ৯২ দশমিক ৯৪ শতাংশ। এর মধ্যে চন্দ্রঘোনার মাদ্রাসা-এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া থেকে জিপিএ-৫ পেয়েছে নয়জন। সরফভাটা আবদুল কাদের জিলানি দাখিল মাদ্রাসা থেকে একজন, রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে সাতজন, পোমরা জামেউল উলুম মাদ্রাসা থেকে চারজন, পোমরা এনটি মাদ্রাসা ও মরিয়মনগর ইসলামিয়া মাদ্রাসা থেকে একজন করে এবং বিবি খাদিজা (রা.) মহিলা মাদ্রাসা থেকে ছয়জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর দাখিল পরীক্ষায় এসব মাদ্রসা থেকে জিপিএ-৫ পেয়েছিল ৩১ জন। পাসের হার ছিল ৮৪ দশমিক ৬২ শতাংশ।