
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত বিদ্যালয়গুলোতে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে। তবে জেএসসিতে চট্টগ্রাম বোর্ডের সেরা ২০ বিদ্যালয়ের তালিকায় স্থান পায়নি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান। করপোরেশনের বিভিন্ন বিদ্যালয়ের ফলাফল বিশ্লেষণে এসব তথ্য জানা যায়।
সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা জেএসসি ও পিএসসিতে গত বছরের তুলনায় অনেক ভালো ফলাফল করেছি। সামান্য কিছু পয়েন্টের জন্য বোর্ডের মেধা তালিকায় আসা সম্ভব হয়নি। আশা করছি, আগামী দিনে সেই অপূর্ণতা কাটিয়ে উঠতে পারব।’
করপোরেশনের শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, এবারের পিএসসি পরীক্ষায় পাসের হার ৯৮ দশমিক ২১। ৮৯২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৭৬ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬৪ জন। গত বছর পাসের হার ছিল ৯৫ দশমিক ৮৯। তখন ৮৫১ জনের মধ্যে ৮১৬ জন পাস করে। জিপিএ-৫ পায় ১৯৩ জন।
চলতি বছর করপোরেশন পরিচালিত ১২টি বিদ্যালয়ের মধ্যে নয়টি বিদ্যালয়ের সবাই পাস করেছে। এগুলো হচ্ছে: পশ্চিম নাসিরাবাদ আবদুল হাকিম সরাইপাড়া কিন্ডারগার্টেন, পূর্ব বাকলিয়া কিন্ডারগার্টেন, উত্তর আগ্রাবাদ আবদুর রহমান কিন্ডারগার্টেন, ইমরাতুন্নেছা কিন্ডারগার্টেন, পাঁচলাইশ কিন্ডারগার্টেন, ছালেহ জহুর কিন্ডারগার্টেন, জহুর আহমেদ চৌধুরী কিন্ডারগার্টেন, অপর্ণাচরণ বিদ্যালয় (প্রাথমিক শাখা) এবং সরাইপাড়া বিদ্যালয় (প্রাথমিক শাখা)। এ বছর জেএসসি পরীক্ষায় পাসের হার ৯৪ দশমিক ৯৩। পাঁচ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে পাঁচ হাজার ১৬৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৯০ জন। গত বছর পাসের হার ছিল ৯০ দশমিক ৫৪। পাঁচ হাজার ২৫৫ জনের মধ্যে পাস করে চার হাজার ৭৫৮ জন। জিপিএ-৫ পেয়েছিল ১৭৭ জন। করপোরেশনের ৪৬টি বিদ্যালয়ের মধ্যে মাত্র পাঁচটিতে শতভাগ পাস করেছে শিক্ষার্থীরা। বিদ্যালয়গুলো হচ্ছে: অপর্ণাচরণ বালিকা উচ্চবিদ্যালয়, কৃষ্ণ কুমারী বালিকা উচ্চবিদ্যালয়, বাগমনিরাম সিরাজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়, হালিশহর আলহাজ মহব্বত আলী উচ্চবিদ্যালয় ও সরাইপাড়া উচ্চবিদ্যালয় (দিবা শাখা)।