বেয়াদব বনাম বুড়ো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অফিসে তরুণ কর্মী ও জ্যেষ্ঠ কর্মকর্তা দুজনেরই নতুন কিছু শেখার মানসিকতা থাকতে হবে। মডেল: তানভীর, ফারহান, সামি ও বাপ্পি। ছবি: অধুনা
অফিসে তরুণ কর্মী ও জ্যেষ্ঠ কর্মকর্তা দুজনেরই নতুন কিছু শেখার মানসিকতা থাকতে হবে। মডেল: তানভীর, ফারহান, সামি ও বাপ্পি। ছবি: অধুনা

চট করে একটা দৃশ্য কল্পনা করুন তো।
ফিটফাট অফিস। পরিবেশ খানিকটা থমথমে। নিজ নিজ আসনে বসে আছেন দুজন সহকর্মী। একজন তরুণ, অন্যজন তুলনামূলক বয়োজ্যেষ্ঠ। ধরুন, কিছুক্ষণ আগেই তাঁদের মধ্যে ছোটখাটো একটা খিটিমিটি বেধে গেছে। নিজেদের আসনে বসে ফুঁসছেন আর বিড়বিড় করে কী যেন বলছেন তাঁরা! কান না পেতেই অনুমান করুন তো, কী বলছেন দুজন?
‘সেদিনের ছেলে! ১০ বছরের অভিজ্ঞতা আমার, আর আমাকে বলে, আমি নাকি কিছু বুঝি না। বেয়াদব!’
আর অন্য জনের বক্তব্য?
‘আনস্মার্ট বুড়ো! আদ্যিকালের ধ্যানধারণা নিয়ে বসে আছে...।’
শব্দগুলো হুবহু এমনটা না হলেও, অর্থ নিশ্চয়ই কাছাকাছি একটা কিছুই হবে। কোন বক্তব্যের বক্তা কে, সেটাও সহজেই অনুমেয়। অফিসে জেষ্ঠ্য আর তরুণ সহকর্মীর মধ্যে এই মনোমালিন্য নতুন কিছু নয়। ‘খুবই স্বাভাবিক’ও বলা যায়। সদ্য বিশ্ববিদ্যালয় পেরোনো তরুণটির আত্মবিশ্বাস থাকে তুঙ্গে, আশপাশটার দেখার দৃষ্টিভঙ্গিও একটু অন্য রকম। ওদিকে দীর্ঘদিন অফিসে কাজ করে অনেকটাই থিতু হয়েছেন জ্যেষ্ঠজন, তিনিই বা কেন এক তরুণ সহকর্মীর ধৃষ্টতা মেনে নেবেন? মুখে না বললেও ভেতরে ভেতরে একটা দূরত্ব তৈরি হয়ে যায়।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক রুম্মান রায়হান। বলছিলেন, ‘অফিসে যাঁরা বয়সে বড়, সব সময়ই তাঁদের প্রতি শ্রদ্ধা রাখতে চেষ্টা করি। পদের দিক থেকে তিনি আমার ছোট হোক, কিংবা জ্যেষ্ঠ। সমস্যা হলো, অনেকের আচরণ এমন, মন থেকে শ্রদ্ধাটা ঠিক আসে না। নতুন কোনো ধারণা গ্রহণ করার মানসিকতা সবার থাকে না। সেটা না হয় না-ই থাকল। অভিজ্ঞতা বেশি, তাঁর মতামতই হয়তো সঠিক। কিন্তু সে কথা আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে, বয়সের জোরে নয়।’ রুম্মানের মতো তরুণেরা যুক্তিতে বিশ্বাসী। কিন্তু ‘যুক্তি’ দিয়ে আলাপের শুরু হলেও বেশির ভাগ সময় সেটা ‘তর্কে’ গিয়ে ঠেকে। অফিসের জ্যেষ্ঠ কর্মীদের আপত্তিটা এখনেই।
কথা হলো একটি বেসরকারি ব্যাংকের শিক্ষানবিশ ব্যবস্থাপক নুজহাতের (ছদ্মনাম) সঙ্গে। তাঁর মতে, ‘আমি মনে করি শ্রদ্ধা আদায় করে নিতে হয়। ধরুন, অফিসের কোনো সহকর্মী আমার সমবয়সী। কিন্তু তাঁর ব্যবহার এত চমৎকার, তাঁর জানার পরিধি এত বড়, মনে মনে তাঁর প্রতিও একটা শ্রদ্ধা কাজ করে। অন্য কেউ হয়তো বয়সে সিনিয়র, কিন্তু নিজের মতামতটা সব সময় এমনভাবে চাপিয়ে দিতে চায় যে শ্রদ্ধা করতে ইচ্ছা হয় না।’
এ সমস্যা শুধু যে ব্যক্তিগত তা নয়, অনেক সময় অফিসের তরুণেরা সব এক জোট হয়ে থাকেন, অন্যদিকে পুরোনোরা আরেক দলে। দুই জোটের মাঝে চলে চাপা রেষারেষি। দিন শেষে এই মনোমালিন্য প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক, সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম মনে করেন, এ ক্ষেত্রে সমাধান হতে পারে ‘করপোরেট ইথিকস’। বলছিলেন, ‘করপোরেট ইথিকস বলে একটা ব্যাপার আছে। যেটা কোথাও লেখা নেই। চর্চার মাধ্যমেই শিখতে হয়। অফিসে সিনিয়র বা জুনিয়র, দুই পক্ষেরই নতুন কিছু শেখার মানসিকতা থাকতে হবে। বড়দের অভিজ্ঞতা ছোটদের কাজে আসবে। বড়দেরও নিশ্চয়ই ছোটদের কাছে শেখার সুযোগ আছে। আবার বড়দের সঙ্গে বিনয়ী হওয়ার শিক্ষাও আমাদের সমাজ দেয়। তরুণদের আচরণ যেন উদ্ধত না হয়ে যায়। টেবিলের দুই পাশে বসে কফি খেতে খেতেও অনেক সমস্যার সমাধান করে নেওয়া যায়।’