বৈচিত্র্য এবার ব্লাউজে


শাড়ি সাদামাটা হোক আর জমকালো, তার সঙ্গে ব্লাউজটি হবে বেশ বৈচিত্র্যময়। এমন ফ্যাশনই চলছে এখন। শাড়ির চেয়ে ব্লাউজের নকশাই বেশি প্রাধান্য পাচ্ছে। শাড়ির রঙের সঙ্গে না মিলিয়ে বরং সম্পূর্ণ বিপরীত রঙের ব্লাউজের চল এসেছে।
ক

থা হলো অন্যমেলার ডিজাইনার নূর-ই-ফেরদৌসের সঙ্গে। ব্লাউজের কাট ও নকশায় এখন এসেছে অনেক পরিবর্তন।
এতে এখন নানাভাবে চাকচিক্য আনা হচ্ছে বলে জানালেন তিনি। পেছনে কাটা, হাই নেক, বোট নেক, সামনে ও পেছনে ভি আকৃতির কাট চলছে। ফুলহাতার পাশাপাশি স্লিভলেস ও কনুই পর্যন্ত হাতার ব্লাউজও চুটিয়ে পরছেন তরুণীরা। ব্লাউজের পেছনের অংশে বিভিন্ন আকৃতির টারসেল বা ঝুনঝুনি দিয়েও জাঁকজমক ভাব আনা হচ্ছে। পাথর, ব্রোচ ইত্যাদি দিয়ে তৈরি হচ্ছে পার্টিতে পরার ব্লাউজ। এই গরমে ভেলভেট হাতার চল একটু কমে গিয়ে স্বচ্ছ নেট বা মসলিনের হাতাই বেশি চলবে বলে মনে হচ্ছে। পুরো ব্লাউজে কাতান কাপড়ের ব্যবহার আর শুধু হাত ও কাঁধে স্বচ্ছ কাপড় দিয়ে তৈরি হাফ লাইনিং ব্লাউজও জনপ্রিয়তার তালিকায় রয়েছে।

ফ্যাশন ডিজাইনার এমদাদ হকের মতে, শাড়ির সঙ্গে কন্ট্রাস্ট ব্লাউজই এখন সবচেয়ে বেশি ট্রেন্ডি। সুতি বা তাঁতের শাড়ির সঙ্গে ভিন্ন রঙের টাইডাই, কাঁথাস্টিচ, প্যাঁচওয়ার্কের কাজ করা ব্লাউজ পরার পরামর্শ দেন তিনি। থাকতে পারে পাইপিংও। আর পার্টিতে অ্যান্ডি সিল্ক, ধুপিয়ান বা কাতান কাপড়ে লেস বসানো অথবা কাজ করা ব্লাউজ পরা যেতে পারে, বললেন তিনি।
দর্জিবাড়িতে খোঁজ নিয়ে জানা গেল, পেছনে কাটা বা বন্ধ দুরকম স্টাইলই চলছে ব্লাউজে। সে ক্ষেত্রে অনেকে ব্লাউজের পেছনে ভরাট কাজ বা জমকালো বোতাম ব্যবহার করছেন। কয়েক রঙের কাতান কাপড় দিয়েও ব্লাউজের নকশায় বৈচিত্র্য আনা হচ্ছে। হাতায় এক রঙের কাপড় ব্যবহার করলে হয়তো কাঁধের অংশে ব্যবহার করা হচ্ছে আরেক রং। নেট বা মসলিন শাড়ির সঙ্গে কোমর পর্যন্ত ব্লাউজ পরছেন অনেকে। ছড়ানো বোট নেকের ব্লাউজে গলার কাছে এমব্রয়ডারি বা লেসের ব্যবহারও দেখা যাচ্ছে। হাফ লাইনিং ব্লাউজে যেমন নেট ব্যবহার করা হচ্ছে, তেমনি এক রঙের নেটের সঙ্গে ভিন্ন রঙের লাইনিং দিয়েও নতুনত্ব আনার চেষ্টা করছেন কেউ কেউ। ব্লাউজে ভারী কাজ থাকলে শাড়িটা হতে হবে একদম সাধারণ নকশার। অন্যদিকে শাড়ি জমকালো হলে ব্লাউজের নকশা থাকা চাই একেবারে ছিমছাম। দর্জিবাড়িতে এখন থেকেই ঈদের অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে। দেরি না করে আগেভাগেই ব্লাউজ বানাতে দিয়ে দেওয়া ভালো। শাড়ি কেনা না হলেও বানিয়ে রাখতে পারেন ব্লাউজ। কারণ, এখনকার বাহারি ব্লাউজগুলো পরতে পারবেন বেশ কয়েক রকম শাড়ির সঙ্গেই।
