বৈচিত্র্যময় উদ্ভাবন নিয়ে বিজ্ঞান মেলা
‘সমুদ্রের পানি, ধাতব পাত ও বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে একটি শব্দতরঙ্গ সৃষ্টি করা হয়। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস পাওয়া যাবে। বৈদ্যুতিক বাতিগুলো ঘূর্ণিঝড়ের ভয়াবহতা নির্দেশ করবে। এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে সচেতন করা যাবে।’ সেন্ট প্লাসিডস উচ্চবিদ্যালয়ের ছাত্র মো. শাহবাজ খান ও মো. ইলহাম-উল হক উদ্ভাবন করেছে এ প্রযুক্তি। এ প্রযুক্তির মাধ্যমে কীভাবে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেওয়া যায় তা দর্শকদের বলছিল দুই ছাত্র। ১৮ মার্চ নগরের বালুছড়া বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর গবেষণাগার আয়োজিত বিজ্ঞান মেলায় যেন খুদে বিজ্ঞানীদের মেলা বসেছিল। তিন দিনব্যাপী মেলায় ২০টি বিদ্যালয় ও কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী বৈচিত্র্যময় সব প্রকল্প নিয়ে অংশ নেন। মেলায় ছিল ৫০টি স্টল এবং উপস্থাপন করা হয় ১১০টি প্রকল্প। ২০ মার্চ মেলা শেষ হয়। মেলা ঘুরে দেখা যায়, এসব প্রকল্প দেখতে শিক্ষার্থীদের ঢল নেমেছিল। ছিলেন আগ্রহী দর্শকেরাও। তাঁরা ঘুরে ঘুরে খুদে নতুন প্রযুক্তি দেখছেন এবং খুদে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে নানা তথ্য জেনে নিয়েছেন। ৪৬ নম্বর স্টলে ‘উন্নত সড়কব্যবস্থা’ প্রকল্পের উদ্ভাবক চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ছাত্র আবদুল্লাহ আল আমীন ও আবদুল্লাহ আল ইমরান। প্রকল্পটি দেখে অক্সিজেন শহীদনগরের বাসিন্দা মো. শাহেদ ও আইয়ুব খান বলেন, ‘উন্নত সড়ক যোগাযোগ না থাকায় এ দেশে জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। খুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত এই প্রকল্প নিয়ে ভাবা দরকার।’ আব্দুল্লাহ আল আমীন জানায়, ‘আমাদের দেশে রেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় পদ্ধতির প্রতিবন্ধক (ব্যারিকেড) নেই। আমাদের প্রযুক্তির মাধ্যমে সড়কে চলাচলরত পথচারী, গাড়ির চালক জানতে পারবেন রেল আসছে কি না। প্রতিবন্ধকের সঙ্গে একটি স্বয়ংক্রিয় সংকেত (সিগন্যাল) বাতি ও এন্টেনা থাকবে। বেতার পদ্ধতির মাধ্যমে রেলক্রসিংয়ে রেল আসার পাঁচ-সাত মিনিট আগেই স্বয়ংক্রিয়ভাবে প্রতিবন্ধক পড়ে যাবে। এতে লোকবলের প্রয়োজন নেই।’ গত ১৮ মার্চ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু জাফর চৌধুরী, বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এসএস ইমামুল হক। বিসিএসআইআর গবেষণাগার চট্টগ্রামের পরিচালক ডিএ নাসিমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা হাবিবুর রহমান ভূঞা। মেলায় খুদে বিজ্ঞানীদের উল্লেখযোগ্য উদ্ভাবনগুলো ছিল বায়ুকলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন, সৌর চার্জলাইট, পানীয়জল পরিশোধন প্রযুক্তি, রাস্তার পানি নিষ্কাশন পদ্ধতি, অগ্নিসংকেত যন্ত্র, পাট থেকে এয়ারকুলার, নিরাপদ ট্রাফিক পদ্ধতি, আলোর ফাঁদ ব্যবহার করে পোকা দমন, আধুনিক ট্রাফিক সিগন্যাল, সৌরবিদ্যুতের সাহায্যে জমিতে সেচ প্রদান, সৌরশক্তিচালিত গাড়ি।