বৈচিত্র্যেই রাহুলের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোখে থাকে গোল ফ্রেমের চশমা, ছবি: অধুনা
চোখে থাকে গোল ফ্রেমের চশমা, ছবি: অধুনা

‘কালো পানকৌড়ি ভাসতে ভাসতে ডুব’। গায়কের পরনে কালো ঢোলা পোশাক। গানের মাঝে ঠিক এই ‘ডুব’র সময়টাতেই দুই হাত ছড়িয়ে দিলেন তিনি। ডুব দেওয়ার ভঙ্গিতে। ঠিক যেন একটা কালো পানকৌড়ি। জলের গানের কনসার্টে এমন প্রায়ই হয়। গানটা যেমন, তার পরিবেশনাও সমান গুরুত্বপূর্ণ রাহুল আনন্দের কাছে।
‘রং মাখি গায়ে—কথাটা বলতে পছন্দ করি। ক্লাস এইটে পড়ার সময় সাদা টি-শার্ট কিনে তাতে নিজেই নকশা করে নিয়েছিলাম। ১৯৯৫ সালে বানিয়েছিলাম শততালি নামে এক ফতুয়া।’ এমনভাবেই বলেন রাহুল আনন্দ।
নানা রকম শিল্পমাধ্যম নিয়ে কাজ করেন তিনি। অন্তরে-বাহিরে যেন সমান বর্ণময়। গলায় পুঁতির মালা, হাতে কালো ব্যান্ড, ভিন্ন ঢঙের গোল ফ্রেমের চশমা চোখে।

ছেলে তোতার সঙ্গে
ছেলে তোতার সঙ্গে

‘এই পুঁতির মালা আমার গলায় আছে বহুদিন ধরে। আমার বোন বানিয়ে দিয়েছিল। গানও ও তো আছে এ নিয়ে। তুই আমার পুঁতির মালা/ জড়িয়ে সারা বেলা/ থাকিস তুই সারাটা জীবন/ তুই আমার নির্ধনিয়ার ধন।’
হাতে পরা কালো ব্যান্ডটা কুড়িয়ে নিয়েছেন ফতেপুরে লালন গানের এক আখড়া থেকে। ‘হয়তো কোনো সাধুর হাত থেকে পড়ে গিয়েছিল। বছর খানেক ধরে ঘুরছি এটা পরে। কেউ হয়তো কোনো দিন এসে বলবে, এ তো আমার।’ বললেন তিনি।
পুরো ঘরে ছড়িয়ে তাঁর বানানো নানান যন্ত্র। সোনাভান, নয়নতারা এসবের সঙ্গে আছে ছোট্ট একতারার মতো টুনি। আর আছে বাঁশি। ছোটবেলা থেকেই বাঁশির প্রতি টান, নিজে থেকেই শিখেছেন বাঁশিতে সুর তোলা। আর কলেজে পড়ার সময় শিল্পী বারি সিদ্দিকীর কাছে হাতেকলমে শেখা। ‘বাঁশি বানানোটা তিনি-ই আমাকে শিখিয়েছেন।’ বললেন রাহুল।

বাদ্যযন্ত্রই তাঁর সব সময়ের সঙ্গী
বাদ্যযন্ত্রই তাঁর সব সময়ের সঙ্গী

যন্ত্র বানানোটা বোধ হয় তাঁর কাছে গানের চেয়ে কম প্রাধান্য পায় না। ‘আমরা গান করতে চাই মাঠেঘাটে, চায়ের স্টলে, গাছতলায়, বন্ধুদের আড্ডায়। সহজ যন্ত্র নিয়ে সহজে ঘুরতে চাই। এখন জীবনযাপন এত কঠিন, সহজই তাই কাঙ্ক্ষিত। সেই প্রয়োজন থেকেই বানিয়ে নিই নিজেদের পছন্দের বাদ্যযন্ত্র।’ বলেন তিনি।
মঞ্চে ওঠার আগে কেমন পোশাক পরা হবে, কেমনভাবে নিজেদের উপস্থাপন করা হবে তা নিয়ে তাঁর থাকে নিখুঁত পরিকল্পনা। ‘যা পরে হাঁটি, ভাত খাই, তা পরে তো মঞ্চে ওঠা যায় না।’ রাহুলের উত্তর।
পোশাক নিয়ে তাঁর ভাবনাগুলো বাস্তবে রূপ দেওয়াটা কিন্তু তাঁর জন্য একদম সহজ। ‘আমি ফ্যাশন হাউস দেশালে খাই, যাত্রায় ঘুমাই। মজা করে সব সময় বলি এই কথাটা।’ ফ্যাশন হাউস দেশালের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন তিনি। আর তাঁর স্ত্রী উর্মিলা শুক্লা হলেন ফ্যাশন হাউস যাত্রার প্রধান ডিজাইনার।
বাড়িতে রাহুলের সময় কাটে ছেলের সঙ্গে। সাড়ে তিন বছরের চন্দ্রবিন্দু তোতা। সে-ও গায়ক। গুটি গুটি পায়ে বাবার কোলঘেঁষে দাঁড়ায় সে। আর একদিন আসা হবে তোতার গান শুনতেই।