বৈধভাবেই বনে ঢুকবেন ‘বাঘবিধবা’ মনিরা
বিয়ের ১২ বছরের মাথায় মনিরা খাতুনের নাকফুলটা খুলে নিয়েছিলেন তাঁর স্বামীর বাড়ির লোকজন। তখন তাঁর বয়স ৩৩। তিন সন্তানের মা মনিরার মতো খুলনার কয়রা উপজেলার আরও অনেক নারীর প্রায় একই পরিণতি। তবে এবার মনিরা খাতুনের গল্পটা হয়তো অন্য রকম হবে। সুন্দরবনে বৈধভাবে নৌকা নিয়ে প্রবেশ করতে পারবেন তিনি। গত শনিবার বন বিভাগের কাছ থেকে সুন্দরবনে নৌকা নিয়ে প্রবেশের অনুমতি পাওয়া ২১ জনের একজন দক্ষিণ বেদকাশির আংটিহারা গ্রামের মনিরা খাতুন।
ছয় বছর আগে এ বনে গিয়েই বাঘের আক্রমণে প্রাণ হারান তাঁর স্বামী নজরুল ইসলাম। খাসিটানার দিকের নদী পেরিয়ে বনে প্রবেশ করেছিলেন সকালবেলা। বিকেলের আগেই নৌকায় নজরুলের মরদেহ নিয়ে ফেরে সেই বহর। দিনটার কথা মনিরা খাতুনের স্মৃতিতে আজও জ্বলজ্বল করে, ‘ভালো মানুষটা সকালবেলা ছয়জনের দলে গেল বনের দিকে। সারা দিন ধরে দোয়া করেছি, আল্লাহ যেন নিরাপদ রাখে। বিকেলে নৌকায় যাকে নিয়ে বহর ফিরল, তার দিক চাইতে পারিনি। তাকানো যায় না।’ পেছন থেকে আক্রমণ করে নজরুলের কণ্ঠনালি ছিঁড়ে নিয়েছিল বাঘ। আর বাঘবিধবা মনিরা খাতুনের কণ্ঠস্বর স্তব্ধ করে দিয়েছিল সামাজিক কুসংস্কার। স্বামী জঙ্গলে যাওয়ার পর নিয়ম মানেননি বলেই এমনটা ঘটেছে, মনিরার নামের সঙ্গে এখনো লেপটে আছে এই অপবাদ। অপয়া, অলক্ষুনে গালি শুনতে শুনতে মনিরা বুঝতে পারছিলেন না, স্বামী হারানোর শোক করবেন, না তিন সন্তানের মুখে ভাত তুলে দিতে মাটি কাটতে যাবেন। এর মধ্যে সামলাতে হয়েছে আম্পান, ইয়াসের মতো বহু ঝড়, জলোচ্ছ্বাস। ভাতের হাঁড়ি ভেসে গেছে আড়পাঙাশিয়ার স্রোতে। তিন সন্তানকে বুকের তলায় আগলে রেখে পিঠ দিয়ে ঠেকিয়েছেন ঝড়ের ঝাপটা। এর মধ্যে ছিল প্রতিদিনকার ভাতের যুদ্ধ। তিন সন্তান নিয়ে উপকূলের সংগ্রামী জীবনের কাছে স্বামীর শোক পানির তলায় লুকিয়ে রাখা প্রাণভোমরার কৌটায় বন্দী হয়েছে মনিরার। উপকূলের নোনা মাটি কেটে কেটে সামান্য আয়ের টাকায় চারজন মানুষের ভাতের চাহিদাও মেটে না। লুকিয়ে বনে প্রবেশ করেন। নদীর ধার ঘেঁষে ঘেঁষে জাল টানতে নামেন। দুটি গাছের ডাল কেটে আনেন বন থেকে। পাতা নড়ে উঠলেও ভয় পান, এই বুঝি চৌকিদারের কাছে ধরা পড়লেন। লুকিয়ে পড়েন গাছের আড়ালে।
এমন অনেক মনিরা খাতুনকেই স্বামীর মৃত্যুর জন্য দায়ী করে সমাজ। স্বামীর মৃত্যুর পর ৬ বছর ধরে এভাবেই চলেছে মনিরার এ সংগ্রাম। তবে এত দিনে তাঁর কাঁধ থেকে কিছুটা ভার কমেছে। এর মধ্যে মেয়ের বিয়ে দিয়েছেন। ছেলে দুটি এখন ইটভাটায় কাজ করে। এখন বয়সও বাড়ছে। রাত হলে পাশ ফিরে শুতে গিয়ে ডাক শোনেন বনের। স্বামীর মুখটা মনে হতেই বুকের ভেতর কষ্টটা আবার উথলে আসে। কণ্ঠনালি ছিঁড়ে নেওয়ার সময় মানুষটার কত কষ্ট হয়েছে ভাবতে ভাবতে চোখ ভেসে যায়। পরমুহূর্তে মাথার মধ্যে শব্দের ঢেউ উঠতে থাকে, অপয়া...অপয়া। এই বিশেষণ শুনতে শুনতে অজান্তে নিজেও বিশ্বাস করতে শুরু করেছেন, স্বামীর মৃত্যুর জন্য নিজেই হয়তো দায়ী। বারবার মিলিয়ে দেখতে চান, সেদিন এমন কোনো নিয়ম ভেঙেছিলেন কি না, যার জন্য স্বামীর ক্ষতি হতে পারে।
শনিবার রাতে আড়পাঙাশিয়া নদীতে দেড় ঘণ্টা ট্রলারে বসে বৃষ্টির মধ্যে ফিরেছেন বাড়ি। তারপরও তাঁর কণ্ঠে কিশোরীর উচ্ছ্বাস। অপয়া মনিরাকে খোদ বন বিভাগই ডেকে নিয়ে বনে নৌকা নিয়ে প্রবেশের বৈধতার কাগজ দিয়েছে। এ বৈধতার মেয়াদ ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। মনিরা জানালেন, একা তো সুন্দরবনের ভেতর নৌকা নিয়ে যাওয়া নিরাপদ নয়। বড় ছেলেকে সঙ্গে নিয়ে রওনা হবেন মরা গোণের কাল শেষ হলেই। মা-ছেলে মিলে মাছ ধরে আনবেন। উপার্জন যা-ই হোক, মনিরা খাতুনের কাছে নৌকা নিয়ে প্রবেশের অনুমোদন পাওয়াই বড় স্বীকৃতি।
বছরে ১২ হাজার নৌকাকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেয় বন বিভাগ। নারীরা সাধারণত আবেদনই করেন না। সেখানে একসঙ্গে ২১ জন বিধবার এই পাস পাওয়ার ঘটনা এ অঞ্চলের নারীদের শ্রমের স্বীকৃতি বলে মনে করেন মনিরা। সুন্দরবন পশ্চিম বন বিভাগের পক্ষ থেকে জানাল, এই নারীরা এত দিন শুধু মাটি কাটার কাজের ওপর নির্ভরশীল ছিলেন। সুন্দরবনে নৌকা নিয়ে বের হওয়ার পাস বলতে গেলে চাইতেই আসেন না তাঁরা। নদীর ধার ঘেঁষে ঘেঁষে যতটা সম্ভব ছোট জালে মাছ ধরেন তাঁরা। মনিরা খাতুনের মতো অন্যরাও এখন থেকে নিজেদের জীবিকায় স্বাবলম্বী হবেন।
হাতে পাস পেয়েই মনিরা খাতুন বাড়ি ফিরেছেন। জানালেন, সুন্দরবনে নৌকা চালানোর এই অনুমোদন আসলে তাঁর ওপর আরোপিত অপয়া কলঙ্কের বিরুদ্ধেও এক জবাব। খোদ বন বিভাগ তাঁকে যখন অপয়া মনে করে না, তখন বনজীবী স্বামীর মৃত্যুর জন্য নিজেকে আর দোষী ভাববেন না কখনো। তিনি এখন চাইলে সুন্দরবনের নদী ধরে ধরে নৌকা নিয়ে চলে যেতে পারেন সমুদ্র পর্যন্ত।