বৈরী আবহাওয়া স্বস্তি কেড়ে নিল ১০ হাজার লবণচাষির
হঠাৎ করে কয়েক দফা ভারী বৃষ্টি হওয়ায় কক্সবাজারের মহেশখালীতে লবণের উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে উপজেলার অন্তত ১০ হাজার লবণচাষি লোকসানের আশঙ্কা করছেন।
স্থানীয় লবণচাষিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গত বছরের ২৫ নভেম্বর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় লবণ উৎপাদন শুরু হয়েছে। এমনিতেই এবার লবণের দাম ওঠেনি। প্রতি মণ লবণ উৎপাদনে চাষিদের খরচ হয়েছে ১৮০ থেকে ২০০ টাকা। অথচ এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ১৩০ টাকায়। এর মধ্যে হঠাৎ কয়েক দফা বৃষ্টি এলাকার অন্তত আট হাজার একর জমির লবণের উৎপাদনের ক্ষতি করেছে। ফলে লোকসানের গুনতে হচ্ছে ১০ হাজার লবণচাষিকে।
৫ এপ্রিল সকালে গিয়ে দেখা যায়, উপজেলার পৌর এলাকা ও কুতুবজোম ইউনিয়নের বিভিন্ন স্থানে লবণ মাঠ থেকে বৃষ্টির পানি সরাতে ব্যস্ত স্থানীয় চাষিরা। মাঠে বৃষ্টির মিঠা পানি সেচে ফেলে লোনা পানি দিচ্ছিলেন তাঁরা। একবার ভারী বৃষ্টি হলে লবণ উৎপাদনের হতে সময় লাগে অন্তত ১০-১২ দিন।
কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটার লবণচাষি মনজুর আলম ও রবি আলম জানান, এবারের লবণ মৌসুমে দুই মাসের মধ্যে কয়েক দফা ভারী বৃষ্টিতে লবণ উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে চলতি মৌসুমে লবণ উৎপাদন কম হতে পারে।
একই এলাকার আরেক লবণচাষি আবদুল কাদের বলেন, গত ১৬ জানুয়ারি বৃষ্টির কারণে মাঠ পর্যায়ে লবণ উৎপাদন ১০ দিন বন্ধ ছিল। এরপর গত ৩১ মার্চ ও ৪ এপ্রিল কয়েক দফা ভারী বৃষ্টি হলে আবারও লবণ উৎপাদন বন্ধ হয়ে যায়। লবণ উৎপাদন বন্ধ থাকায় স্থানীয় চাষিরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
জানতে চাইলে কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন ও বিসিক কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, এবারের লবণ মৌসুমে মহেশখালীতে অন্তত আট হাজার একর জমিতে লবণ চাষ হচ্ছে। কিন্তু দুই মাসের মধ্যে কয়েক দফা ভারী বৃষ্টিতে মাঠপর্যায়ে লবণ উৎপাদন চরমভাবে ব্যাহত হয়েছে। তাই চলতি মৌসুমে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।