বৈরুত ম্যারাথনে বাংলাদেশি স্বেচ্ছাসেবক

এ বছর ১৩ নভেম্বর বৈরুত ম্যারাথন হবে সেটা আগে থেকেই জানা। তবে আমার দিন গণনা শুরু হয়েছিল এক বছর আগে। কারণ, গত বছরের ম্যারাথনেও আমি স্বেচ্ছাসেবক ছিলাম। দেশের বাইরে কোনো আয়োজনে প্রথমবার স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে দারুণ রোমাঞ্চিত ছিলাম। লেবাননের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের অংশ হওয়ার আনন্দ বলে বোঝানো যাবে না। এ বছর যেন সেই সুযোগ ফসকে না যায়, তাই আয়োজকদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছি।
অবশেষে আমার অপেক্ষার দুয়ারে কড়া নড়ল এ মাসের গোড়ার দিকে। আয়োজকেরা আমন্ত্রণ জানালেন স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রাক-বৈঠকে উপস্থিত হতে। সেখানেই আলোচনা হলো দায়িত্ব সম্পর্কে। সব স্বেচ্ছাসেবকের কাজ ভাগ করে দেওয়া হলো।
ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে ১৩ নভেম্বর। আয়োজনের দুই দিন আগেই হাতে পেয়েছি ম্যারাথনে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেওয়ার পাস, বিশেষ পোশাক ও নির্দেশিকাসহ নানা উপকরণ। গত বছরের ম্যারাথনে স্বেচ্ছাসেবক হিসেবে থাকায় এবার আমার জন্য কাজটা একটু সহজ ছিল। শুরুর দিন আমার উপস্থিতির সময় ছিল ভোর সোয়া পাঁচটা। আমি হাজির হয়েছিলাম সবার আগে। ঘড়িতে সময় তখন ভোর সাড়ে চারটা। আমাদের দলনেতা তো পিঠ চাপড়েই ধন্যবাদ দিলেন। বাহবা পেয়ে শুরু হলো জমকালো আয়োজনে আমার স্বেচ্ছাসেবী কাজের।

আমাদের দলটি ছিল ২০ জনের। সবাই আলাদা হয়ে চারদিকে ছড়িয়ে পড়লাম। আমার কাজটি ছিল ছবি তোলার। মিডিয়া সেন্টারকে সহায়তা করা। ম্যারাথনের বিভিন্ন পয়েন্ট থেকে ছবি তুলে আমরা তা মিডিয়া সেন্টারে পাঠাতাম। আমাদের তোলা ছবি সঙ্গে সঙ্গে তুলে দেওয়া হতো ম্যারাথনের ওয়েবসাইট, ফেসবুক, টুইটার, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রামসহ বিভিন্ন মাধ্যমে।
মজার বিষয় হলো, এই দিন পুরো বৈরুত শহর পরিণত হয় উৎসবের নগরে। এমনিতে রোববার লেবাননে সাপ্তাহিক ছুটি। তাই পথঘাট পুরোপুরি ফাঁকা। এ নিয়ে কারও কোনো অভিযোগ নেই। সবাই সবার মতো করে সহযোগিতা করছেন। নগরের অধিকাংশ মানুষ ম্যারাথনে অংশ নিতে এসেছেন। আরও অবাক হতে হলো লেবাননের প্রধানমন্ত্রীকে দেখে। তিনিও এসেছেন ম্যারাথনে অংশ নিতে। আমার কাছে যে পরিচয়পত্র ছিল, সেটা পরে ম্যারাথনের যেকোনো জায়গায় যাওয়ার সুযোগ ছিল। তাই সে সুযোগের সদ্ব্যবহার করলাম। নিরাপত্তা ব্যূহ ভেদ করে প্রধানমন্ত্রী সাদ হারিরির কাছাকাছি চলে গেলাম। মানুষের জটলার মধ্যেই একটা সেলফিও তুলে নিলাম।
এ আয়োজনে অংশ নিতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করি। তবে একটু চাপা কষ্ট ছিল। কারণ ম্যারাথনে কোনো বাংলাদেশি অংশগ্রহণকারী ছিল না।
সংক্ষেপে বৈরুত ম্যারাথন: বৈরুত ম্যারাথন আয়োজন করে থাকে সে দেশের বৈরুত ম্যারাথন অ্যাসোসিয়েশন নামে একটি সংস্থা। এই বিশাল কর্মযজ্ঞের শুরু ২০০৩ সালে। এ বছরের আয়োজন দেখে শুধু একটি কথাই বলতে হয়, ‘সে এক বিশাল আয়োজন।’ অংশগ্রহণকারী দেশের সংখ্যা ৯৮। ম্যারাথনের সাতটি বিভাগে অ্যাথলেটের সংখ্যা ছিল প্রায় ৪৪ হাজার। পুরো ম্যারাথন সামাল দিতে কাজ করেছেন আমার মতো সাড়ে ৪ হাজার স্বেচ্ছাসেবক। এই বৈরুত ম্যারাথনই লেবাননের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন।