বৈশাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বছর হাঁটাহাঁটি, ঐ তো পথের শেষ
নতুন রবির নতুন আলো লাগছে আহা বেশ!

ডুগডুগিটার তালে তালে এসেছে বৈশাখ
থেকে থেকে বাজছে বাঁশি তবল কাঁসি ঢাক।

পার্কে মাঠে মস্ত মেলা লক্ষ লোকের ভিড়
মুরকি মুড়ি খই বাতাসা দই সন্দেশ ক্ষীর।

সাজপোশাকে লেগেছে আজ লাল ও সাদা রং
বাউল ফকির কেউ সেজেছে কেউ সেজেছে সং।

ঘর হয়েছে পরিপাটি ধোয়ামোছার পর
মনের কালি সাফসুতরো ফুরফুরে অন্তর।

খাবে নাকি পান্তা ইলিশ খুব হয়েছে শখ
সঙ্গে আমের ডালনা খাবে মিষ্টি নাকি টক?

হালখাতাটা খুলে কাজে ব্যস্ত দোকানদার
সওদাপাতির সঙ্গে কিছু মিলবে উপহার।

আমের মুকুল কাঁঠাল মোচা বটের ডালে কাক
কাঠফাটা রোদ ক্লান্ত পথিক একটু ছায়া পাক।

ধানের খেতে দমকা হাওয়া আকাশজুড়ে মেঘ
মেঘের গাড়ি চলছে শাঁ-শাঁ বাড়ছে শুধু বেগ।

কালবোশেখি আসলো ধেয়ে লন্ডভন্ড সব
শেষ হলে ঝড় আবার পাখির নতুন কলরব।