বৈশাখ এলেই শুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমের বোল এলেই খুশির জোয়ার ছুটত প্রাণের গহিনে। ঘ্রাণে ঘ্রাণে উদ্বেলিত হতো সমস্ত অস্তিত্ব। প্রতিদিন সকালে ঘুম ভেঙেই চোখ পড়ত আমগাছের ডালে ডালে। আর কত দিন বাকি! একেকটা দিন কাটত অপেক্ষায়। ডালগুলো চিহ্নিত করে রাখা হতো। মাঝেমধ্যে অকালের বৈশাখী ঝড়, শিলাপাত ত্রাস সৃষ্টি করে মনের ভেতর গচ্ছিত রাখা ডালচিহ্নগুলো এলোমেলো করে দিত। অ্যালুমিনিয়ামের পাত পিটিয়ে ছুরি বানিয়ে রাখতাম। কেউ কেউ আবার শঙ্খ-শামুক জোগাড় করত। একদিন আমগুলো ঠিকই সাবালকত্বে পা রাখত। আঁটি বেঁধেছে। কাঁচা আম খাওয়ার ভর মৌসুম। ডাল-পাতার ভেতর থেকে যেন আমগুলোও ইশারা করত। ঢিল ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে তত দিনে চারদিকে। টিনের চালে ঢিলটি পড়লেই বিপদ। চেঁচামেচি। তারপর ভোঁ-দৌড় দিয়ে পালানো। ভরদুপুরে দস্যিপনা কেউ পছন্দ করত না। আমের যৌবন দেখে রসনায় ও কামনার জল এসে পড়ত। কে মানে কার কথা। টিনের চাল আর লোকনিন্দা তো নস্যি।ভয় ছিল একটাই। চৈত্রসংক্রান্তির আগে আম খেলে নাকি পেটে কুকুরের বাচ্চা হয়। কুকুরের বাচ্চা প্রসব করার চেয়ে দিন দুয়েক অপেক্ষা ঢের ভালো। দলের একজন এসে বলল, গতবছর অমুকের পেশাব দিয়ে ছোট ছোট কুকুরের বাচ্চা বের হয়েছে। আরেকজন এসে বলল, সে গতবছর এ সময়ে আম খেলেও তার কিছুই হয়নি। বেড়ে গেল দ্বিধাদ্বন্দ্ব। তবুও মনের ভেতর ভয় তাড়িয়ে বেড়ায়। কানকথায় কান দেওয়া আর কান না দেওয়ার সিদ্ধান্তে পৌঁছাতে পৌঁছাতে ডালে ডালে আম সিঁদুর আলতা পরা শুরু করেছে। তবুও আসে না প্রতীক্ষার চৈত্রসংক্রান্তি। এই করতে করতে নাগরিক স্রোতে কখন যে মিশে গেলাম বুঝতে পারিনি। হারিয়ে গেল আমার শৈশবের সেই আম কাটার চাকু। হারিয়ে গেছে আমার প্রতীক্ষার সুয্যিখেলা।আমার এখানে তুরস্কে এখন পাতাঝরা দিনশেষে বসন্তরানি অভিষিক্ত হচ্ছে। ফুলে ফুলে সুশোভিত হচ্ছে ভূমধ্যসাগর আর কৃষ্ণসাগরের দুই উপকূল। নতুন ঋতুর আগমনি বার্তা নিয়ে ঘুঘু ডাকছে চারদিকে। বরফঢাকা পাহাড় আড়মোড়া ভেঙে খুলে ফেলছে শীতের সমস্ত আবরণ। কুয়াশাবরণ মিশে যাচ্ছে তুষারসাদা মেঘে। প্রকৃতির সঙ্গে সঙ্গে সাজছে নগর, সরণি, সরণির মোড়, এভিনিউ। কয়েক দিন পরই শুরু হবে বসন্ত উৎসব। আমিও হয়তো সারথী হব। কিন্তু আমার উড়ুউড়ু মনটা তোমাদের নাগরদোলায় চড়বে বলে বড্ড ব্যাকুল হয়ে আছে। তাই তো এখন বৈশাখ এলেই যেন শুনি গগনবিদারী শব্দ। বৈশাখ এলেই দুই চোখে ভেসে ওঠে ছায়ানটের শিল্পীদের সন্ত্রস্ত দূরদর্শন চিত্র, ঝলসানো মৃতদেহ, শবের মিছিল। বর্ষবরণের বটমূলে নতুন বছরের মতো সেদিন যারা অকাল মরণকে যুগপৎভাবে বরণ করেছে, তারাই আজ বাঙালি সংস্কৃতির স্মৃতিস্তম্ভ। তারা মৃত্যুঞ্জয়ী। বাঙালি সংস্কৃতির অবিনাশী চেতনায় তারাই প্রজ্বলিত শিখা অনির্বাণ। তারাই আনন্দ-বেদনার মহাকাব্যে শোকপর্ব ও আনন্দপর্বের মহাচরিত। দূর প্রবাস থেকে আমি তাদের আত্মার শান্তি কামনা করি। হয়তো ধান কাটা শেষ হয়ে গেছে বাংলার অবারিত মাঠে। ঘরে ঘরে এখন বাতাসা, মুড়কিমিঠাই, নাড়ু দিয়ে সেজেছে বৈশাখের প্রসাদথালা। কাফি আনোয়ার, তুরস্ক থেকে[email protected]