বৈশাখ: ফেসবুকে তর্ক-বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখ উদ্‌যাপন নিয়ে ফেসবুকে নানান কথা হচ্ছে। অনেকেই লিখছেন, পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতির অংশ। এর সঙ্গে ধর্মের বিরোধ থাকতে পারে না। কারও কারও আবার ভিন্ন মত।

‘মঙ্গল শোভাযাত্রা বাঙালি সংস্কৃতির অংশ, এর সঙ্গে ধর্মীয় বিষয়ের কোনো সংশ্লিষ্টতা নেই’ বলে গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্য উদ্ধৃত করে স্ট্যাটাস দেন শিক্ষক আরিফা রহমান রুমা।

রুমার স্ট্যাটাসে ওহিদুর রহমান টিপু মন্তব্য করেন, অবশ্যই এটা ঐতিহ্যগত উৎসব। এর সঙ্গে ধর্মের সম্পর্ক নেই।

ভিন্ন মত পোষণ করেন শিপলু মৃধা। তাঁর মন্তব্যের অংশবিশেষ এমন, ‘দেখতে হবে মঙ্গল কামনা করছে কার কাছে, আল্লাহর কাছে, নাকি অন্য কারও কাছে...।’

ফরিদ সেফাতুল্লাহর মন্তব্য, ‘...আমরা কি কেউ আমাদের বাঙালিত্ব অস্বীকার করতে পারব? না পারলে এত কথার কী দরকার? বাংলা নববর্ষই ধর্মবর্ণ-নির্বিশেষ সব বাঙালির উৎসব হিসেবে বিকশিত হয়েছে। বিকাশ ও ব্যাপ্তি ক্রমশ শক্তিশালীই হচ্ছে।’

রুমার স্ট্যাটাসের সঙ্গে দ্বিমত জানিয়ে শেখ মোহাম্মদ ইসমাইল লিখেছেন, ‘মানতে পারলাম না।’

একই স্ট্যাটাসে এস এম মামুনের মন্তব্য, ‘মঙ্গল শোভাযাত্রা বাঙালি সংস্কৃতির অংশ, বুঝলাম, এখানে ধর্ম আবার কী করল...?’

সাংবাদিক ফারাহ জাবীন শাম্মী তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরে ফেসবুকে লিখেছেন, ‘আমার মেয়ে স্কুলের এক সহপাঠীর কাছে শুনে এসেছে পয়লা বৈশাখ নাকি হিন্দুদের। আমি এখানেও অনেককেই দেখেছি এটা হিন্দুদের পূজা থেকে এসেছে এ রকম পোস্ট দিতে। কিন্তু বাংলা নববর্ষের ইতিহাস কিন্তু তা বলছে না। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পঞ্জিকা অনুসারে কৃষিপণ্যের খাজনা আদায় করতেন। কিন্তু হিজরি সন চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় তা তা কৃষি ফলনের সঙ্গে মিলত না। এতে অসময়ে কৃষকদের খাজনা পরিশোধে বাধ্য করতে হতো। খাজনা আদায়ে শৃঙ্খলা আনার জন্য মুঘল সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন...’।

শাম্মীর এই স্ট্যাটাসে আর. রেজা করিম তাঁর প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘বর্তমানে যা হয়, তা সম্রাট আকবর করেছেন কি?’

রেজা করিমের প্রশ্নের জবাবে শাম্মী লিখেছেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন তো আসবেই। আর এই পরিবর্তনের দোষ তো নববর্ষের নয়। কে কীভাবে পালন করবে, সেটা ভিন্ন বিষয়। তাই বলে নববর্ষ উদ্‌যাপন তো হিন্দুদের নয়।’

সাংবাদিক সাঈফ ইবনে রফিক তাঁর স্ট্যাটাসে লিখেছেন, ‘বৈশাখ বরণকে যারা হিন্দুয়ানি মনে করেন, তাঁরাই আবার বাংলা সালের প্রবক্তা মুঘল সাম্রাজ্যের মুসলমানিত্ব নিয়ে গর্ব করেন।’

রফিকের মতের প্রতিক্রিয়ায় তালুকদার সাখাওয়াত হোসেন বকুল লিখেছেন, ‘আপনার এই ধারণা অত্যন্ত ইতিহাস বিবর্জিত’।

তবে রফিকের সঙ্গে একমত প্রকাশ করে শেখ রিয়াদ মুহাম্মদ নূর বলেন, ‘প্রমাণিত সত্য।’

আব্বাস আলী নামের এক ফেসবুক ব্যবহারকারী বৃহস্পতিবার তাঁর স্ট্যাটাসে লিখেছেন, ‘আগামী কালকের পয়লা বৈশাখ আমি বর্জন করলাম। আমার সঙ্গে কে কে বর্জন করবেন?’

আব্বাসের স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় ইমরান হোসেন নামের একজন লিখেছেন, ‘এটা বর্জন আর গ্রহণের কী আছে। আর কী করলে বর্জন আর কী করলে গ্রহণ হবে।’

সাইফুল বাতেন টিটো তাঁর ফেসবুকে লিখেছেন, মঙ্গল শোভাযাত্রা এ দেশের হাজার বছরের ঐতিহ্য হোক কিংবা শত বছরের অথবা কয়েক দশকের; এ দেশের মানুষ এই কালচারটাকে এখন একান্ত নিজেদের করে নিয়েছে। এটা কীভাবে ইসলাম বিরোধী হতে পারে তা কোথাও খুঁজে পেলাম না...।’

টিটোর স্ট্যাটাসে রিজভী আকনের মন্তব্য, ‘আমি গর্বিত আমি বাঙালি, আর বাঙালি হিসেবে আমাদের কিছু স্বতন্ত্র সাংস্কৃতিক বিষয় থাকবে। তেমনি মঙ্গল শোভাযাত্রা আমাদের বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, সুতরাং আলপনায় পোড়া মবিল ছিটানো, মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা করা মানে বাঙালি সংস্কৃতির বিরোধিতা করা। এর বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জানাচ্ছি।’

টিটোর সঙ্গে ভিন্ন মত জানান বনি আমিন। তাঁর মন্তব্যের অংশবিশেষ এমন, ‘বন্ধু স্রোতে গা ভাসিও না, হালালকে হালাল, হারাম কে হারামই বলো। আমরা আগে মুসলমান, তারপরে বাঙালি বা ব্রিটিশ যাই হই না কেন...’

তবে টিটোর সঙ্গে একমত জানিয়ে কামরুন নাহার রাখির মন্তব্য, ‘খুব সুন্দর লিখেছেন...আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখতে চাই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে হাজার বছর ধরে...’।

[ফেসবুক ব্যবহারকারীদের মন্তব্যে বানান, ব্যাকরণ ও ভাষারীতিগত পরিমার্জন আনা হয়েছে।]