বৈশাখি বারতা
দেশের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানেই সাড়ম্বরে পালিত হলো বাংলা নববর্ষ ১৪২০। ঢাকা শহরের বাইরের চারটি বিশ্ববিদ্যালয় নিয়ে এই আয়োজনবাংলা ১৪২০ সালের পয়লা বৈশাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছিল উৎসবের নগরে। তারুণ্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা ক্যাম্পাস সেদিন রঙিন হয়ে উঠেছিল স্নিগ্ধ বৈশাখী সাজে। বাংলা নববর্ষকে ঘিরে বিভিন্ন আয়োজনে মুখরিত ছিল ক্যাম্পাসের পুরোনো কলাভবন, কেন্দ্রীয় খেলার মাঠ, ক্যাফেটেরিয়া চত্বর, মহুয়া চত্বর ও মুক্তমঞ্চ এলাকা।চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোনিয়া ইমা বলেন, ‘নববর্ষকে ঘিরে এখানে এত অসাধারণ সব আয়োজন যে এই দিন ক্যাম্পাস ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ভাবতেই পারি না। তার সঙ্গে তৃতীয় বর্ষের ইশতিয়াক যোগ করেন, ‘আগে বিভাগগুলো আলাদাভাবে মঙ্গল শোভাযাত্রা বের করত। এবারই প্রথম সব বিভাগ একসঙ্গে শোভাযাত্রা করেছি। এটা বর্ষবরণে ভিন্ন মাত্রা যোগ করেছে।’ একই বর্ষের শিক্ষার্থী জান্নাত আরা বলেন, ‘এই একটি মাত্র বড় উৎসব বন্ধুদের সঙ্গে কাটাতে পারি, তাই সর্বজনীন এই উৎসবের গুরুত্ব আমার কাছে অনেক বেশি। আর এবারের উৎসবের বিশেষত্ব হচ্ছে অন্য বছরের চেয়ে কয়েকগুণ বেশি মানুষ এবার উৎসবে যোগ দিয়েছে।’ বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে প্রিয় ক্যাম্পাসে ছুটে এসেছেন অনেক প্রাক্তন শিক্ষার্থী। তাঁদের একজন আবিদা সুলতানা বলেন, ‘ক্যাম্পাসের প্রতিটা উৎসবের স্মৃতি এত গভীরভাবে মনে আঁকা যে এই বিশেষ দিনগুলোতে এখানে না এসে থাকতে পারি না।’প্রথম বর্ষের শিক্ষার্থী প্রজ্ঞা পারমিতা জানাচ্ছিলেন ক্যাম্পাসে কাটানো প্রথম বর্ষবরণের অভিজ্ঞতা, ‘এই প্রথম মঙ্গল শোভাযাত্রায় অংশ নিলাম আর এত আয়োজনের কোনটা রেখে কোনটা দেখব বুঝে উঠতে পারছিলাম না। সব মিলিয়ে এটা আমার জীবনে কাটানো শ্রেষ্ঠ নববর্ষ উৎসব।’বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনয়ার হোসেন। বর্ষবরণকে ঘিরে বিশেষ আয়োজনের মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, নাটক, মেহেদি উৎসব, বৈশাখী মেলাসহ ভিন্ন ভিন্ন বিভাগের আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।— জান্নাতুল ফেরদৌসবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের আনন্দ শোভাযাত্রাটি বৈশাখী চত্বরে প্রবেশের সঙ্গে সঙ্গে বেজে ওঠে ‘এসো হে বৈশাখ, এসো এসো...’। এরপর পড়ে যায় বাঙালির নববর্ষের ঐতিহ্য ইলিশ আর পান্তা খাওয়ার ধুম। নতুন বছরকে বরণ করে নিতে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুখে আলপনা এঁকে, ঢাকঢোল পিটিয়ে, বাঁশি বাজিয়ে, নানা রঙের ফেস্টুন নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেন। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বৈশাখী চত্বরের অনুষ্ঠান শেষ হলেও শিক্ষার্থীদের আনন্দ অপূর্ণ থেকে যায়। তখন অনেকেই প্রিয় বন্ধুর সঙ্গে ঘুরে আসেন বিশ্ববিদ্যালয়ের সীমানা ঘেঁষে বহমান ব্রহ্মপুত্র নদের পাড়, কৃষিতত্ত্ব খামার মাঠ, বোটানিক্যাল গার্ডেনে। — শাহীদুজ্জামানচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তরুণীদের পরনে লাল-সাদা শাড়ি, কপালে রঙিন টিপ, হাতে রংবেরঙের চুড়ি, খোঁপায় ফুল, গলায় মালা। অন্যদিকে ছেলেদের গায়ে পাঞ্জাবি, গলায় গামছা, মুখে ভুভুজেলা। পয়লা বৈশাখের দিন এমন দৃশ্য চোখে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রায় সবখানেই।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটক থেকে জারুলতলা অভিমুখে শোভাযাত্রা, পথচিত্র আঁকা, মোড়ে মোড়ে শুভর প্রতীক বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি স্থাপন—পয়লা বৈশাখ উদ্যাপনের কোনো কিছুই বাকি ছিল না উৎসবে।পয়লা বৈশাখের স্মৃতিময় মুহূর্ত ফ্রেমে বন্দী করে রাখতে শিক্ষার্থীদের শত ব্যস্ততা। তাই কিছুক্ষণ পরপর ক্যামেরা ক্লিক ক্লিক! এরই ফাঁকে কথা হয় নিলুফার, শাহাদাত, ইরানা, বেলাল ও তানিয়া সঙ্গে। তাঁরা জানান, গত বছর কী পেয়েছি কী পাইনি, সে হিসাব বাদ দিয়ে প্রিয় এই দেশটিকে কীভাবে সুন্দর আগামীর পথে নেওয়া যায়, সেই স্বপ্নই হোক নতুন বছরের চাওয়া। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল বাউল গান, লোকসংগীত, নৃত্য, আদিবাসী ঐতিহ্য উপস্থাপন, রম্য বিতর্ক, কৌতুক ও মূকাভিনয়। এ ছাড়া ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বলী, লাঠি, সাপ, কাবাডি ও বউচি খেলা, পুতুলনাচ ও লোকজ মেলার আসর তো ছিলই। উৎসবে শামিল হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ।—তাসনীম হাসানরাজশাহী বিশ্ববিদ্যালয়চারদিকে লাল আর সাদা। সবখানেই উৎসবের রং। নতুন বছরকে বরণ করে নিতে বিভিন্ন বিভাগ আয়োজন করে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। চারুকলা, নাট্যকলা ও সংগীত, বাংলা, ইতিহাস, আইন, ব্যবস্থাপনা, গণযোগাযোগ ও সাংবাদিকতা, সমাজকর্মসহ অন্যান্য বিভাগ নিজেদের হাতে তৈরি মুখোশ, পশুপাখি নিয়ে শোভাযাত্রা করে।নতুন বর-বধূ, বাউল, কৃষক, সাপুড়ে, মাঝি, জেলের মতো গ্রামবাংলার চিরায়ত নানা সাজে সেজে এসেছিলেন অনেকে। ঢাকির ঢাকের তালে নেচে-গেয়ে সবাই বর্ষবরণের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেন। এ ছাড়া শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। এর মধ্যে সবচেয়ে আর্কষণীয় ও দৃষ্টিনন্দন চারুকলার শোভাযাত্রা। ইংরেজি বিভাগের শিক্ষার্থী শশী, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী দীপ্তি, সানি ও সিনথিয়া জানান, পয়লা বৈশাখে চারুকলার দিকে ঘুরতে না গেলে যেন বর্ষবরণের আনন্দই পূর্ণ হয় না।চারুকলা বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন করা হয় লোকসংগীত ও গম্ভীরা। শুধু চারুকলা বিভাগের মেলা চত্বর নয়, নববর্ষকে ঘিরে রবীন্দ্র কলাভবন, শহীদুল্লা কলাভবন, দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে, পুরোনো ফোকলোর চত্বর, টুকিটাকি চত্বরে যেন তিল ধারণের ঠাঁই ছিল না। —তমা চৌধুরী