বৈশাখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেবেলায় নববর্ষের প্রধান উপলক্ষ ছিল আড়ংয়ে যাওয়া। সকালে উঠে মাটির ব্যাংকটা ভাঙতাম, খুব বেশি কিছু মিলত না। মায়ের কাছে টাকা চাইতাম। আমাদের অনেক ভাইবোনের সংসার, মা আমাদের চাহিদামতো টাকা দিতে পারতেন না। বলতেন, মুসলমানদের আড়ংয়ে যেতে নেই, ঈদের সময় দেব। বিকেল হতে না হতে গ্রামের ছেলেমেয়েরা দলবেঁধে আড়ংয়ে যেত, যেতাম আমরাও। হাজার জিনিসের দোকান বসত। পুতুল, ঘোড়া, বাঁশি, মাটির হাঁড়ি-পাতিল, রঙিন বেলুন, কাগজের খেলনা ইত্যাদি। বসত বিভিন্ন রকম খাবারের দোকানও। জিলাপি, রসগোল্লা, মোয়া, কটকটি, কদমা, বাতাসা, গজা, নাড়ু, তিলেখাজা, বাদাম, গোলগোল্লা, চকলেট, লবঙ্গ-লতিফা, চপসহ আরও কত সুস্বাদু খাবারের দোকান। আড়ংয়ের এক পাশে বাঁশি বিক্রি করতেন এক লোক। একটা বাঁশি তিনি বাজাতেন। সেই সুরের কোনো তুলনা নেই। আড়ংয়ের এক পাশজুড়ে কুলা, ধামা, সাজি, চালুনি, পিঠা বানানোর ছাঁচ ইত্যাদি সংসারের দরকারি জিনিসের পসরা বসত। আড়ং থেকে এসব জিনিস কেনা সুবিধা বলে মা আমাদের কিনতে বলতেন। পয়লা বৈশাখের অন্য একটা উৎসব ছিল হালখাতা। মাইকে আবদুল আলীমের দরদি কণ্ঠে পল্লিগীতি বাজত, রঙিন কাগজে সাজানো দোকানে জিলাপি খেতে দিত। সে আনন্দের কোনো তুলনা হয় না। সবুজে ছাওয়া এক গ্রামে কেটেছে শৈশব। আমাদের বাড়ির পাশে বাঁশঝাড়, তালগাছের সারি, বেতের ঝোপ। বাড়ির সামনে বিশাল খোলা মাঠ, তার মধ্য দিয়ে বয়ে গেছে কুমার নদ। তখনো বিজলি বাতি জ্বলেনি আমাদের গ্রামে। সন্ধ্যা নামতে না নামতেই হাজার পাখির কলরবে মেতে উঠত আমাদের বাঁশঝাড়। জোনাকির আলো মায়া তৈরি করত। রাতে শব্দ করে সোনাভানের পুঁথি পড়তেন মোস্তফা ভাই, আমার বড় চাচার ছেলে। সকালে জেগে শুনতাম, মা সুর করে কোরআন শরিফ তেলাওয়াত করছেন।চোখ বন্ধ করলে সেই শব্দ এখনো শুনতে পাই।ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর নববর্ষ উদ্যাপনের ধরন বদলে গেল। পাজামা, পাঞ্জাবি পরে টিএসসিতে যাওয়া, রমনার বটমূলে গিয়ে ছায়ানটের গান শোনা আর আড্ডা। রমনায় গিয়ে পান্তা না খেয়ে আমরা হল থেকেই ইলিশ-পান্তা খেয়ে বের হতাম। খরচের ব্যাপারটা দেখতে হতো। তবে যারা প্রেম করত, ওরা রমনায় গিয়ে পান্তা খেত। হলে থাকতে দেখেছি, যারা প্রেম করে, তাদের নববর্ষের প্রথম দিনের কাজকর্ম একদম আলাদা। আর আমরা যারা প্রেম না-করাদের দলে, তারা ক্যাম্পাসে আড্ডা শেষ করে হলে ফিরে আসতাম। এফ রহমান হলের ১০৭ নম্বর রুমে থাকতাম আমরা। নববর্ষে বাজি ধরে তাস খেলা হতো। তবে স্বীকার করতেই হয়, আমরা একটু মনমরা থাকতাম। কিন্তু তুমুল আড্ডা আর তাস খেলা সে মনমরা ভাব উড়িয়ে দিত। ইন্টারন্যাশনাল ব্রিজ খেলায় আমি আর নাদির জুটি আর আমাদের প্রতিপক্ষ জুটিতে আকরাম আর শামীম বা সালাম। মাসুদ, সাউদ, মুহিবুল্লাহ, সিরাজ দর্শক। রাসেল, বাবু আরও অনেককে আসতে বলতাম। খিচুড়ি আর ডিমভাজা রান্না হতো। তাস খেলায় হেরে যাওয়া দল কোমল পানীয় (কোল্ড ড্রিংকস) কিনত। আহা, কী আনন্দের ছিল সেই সব দিন! বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে চাকরিতে যোগ দেওয়ার পর হল ছেড়ে বাসা নিয়েছি। তার পরও পয়লা বৈশাখে টিএসসিতে গেছি, হলে আড্ডা দিয়েছি। আজ নাদির আমেরিকায়, রাসেল টেলিভিশনের প্রযোজক, আকরাম চাকরিসূত্রে সিলেটে, সাউদ জজ সাহেব, শামীম আর সিরাজ সরকারি কর্মকর্তা, মুহিবুল্লাহ ব্যাংকার আর এই আমি বিদেশি এনজিওতে কর্মরত। সবাই জীবনের প্রয়োজন মেটাতে ব্যস্ত। বউ-বাচ্চা নিয়ে আমি এখন জমাট সংসারী মানুষ। এই বৈশাখে বউ-বাচ্চাসহ পয়লা বৈশাখ উদ্যাপন করব। হাজারো সমস্যায় জর্জরিত আমরা প্রতিদিন নানা বঞ্চনার শিকার। লোডশেডিং, যানজট, সন্ত্রাস, অনিয়ম ইত্যাদি আমাদের বেঁচে থাকার আনন্দকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে। কিন্তু বৈশাখের আগমনে আমরা সব সমস্যা ভুলে জেগে উঠি, নিজেদের নতুনভাবে আবিষ্কার করি। আসছে নববর্ষ সবার জন্য মঙ্গলময় হোক।মির্জা মুহাম্মদ শাহজামালঢাকা।