বৈশাখী আয়োজনে রঙিন ভুবন
শিশুদের নিয়ে বৈশাখ উপলক্ষে রঙিন ভুবন তার নিজস্ব প্রাঙ্গণে আয়োজন করেছিল শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার। ২৯ এপ্রিল ঢাকার উত্তরায় (বাড়ি-৩, রোড-১০, সেক্টর-৯) এটি অনুষ্ঠিত হয়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী, হাশেম খান, ফরিদা জামান, সুবীর চৌধুরী ও তাহের চৌধুরী। প্রতিযোগিতায় ৩-১২ বছরের ১০২ জন খুদে আঁকিয়ে অংশ নেয়। অনুষ্ঠানে সব শিশুকে উপহার এবং সেরা ৩০ খুদে শিশুকে সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে বিচারকদের সঙ্গে উপস্থিত ছিলেন রঙিন ভুবনের পরিচালক ফাতেমা আখতার ও লুৎফুর রহমান চৌধুরী। ফাতেমা আখতার জানান, খুব শিগগিরই রঙিন ভুবনের শিশুশিল্পীদের আঁকা ছবি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। এখানে আঁকার ক্লাস চলে শুক্র ও শনিবার দুই শিফটে।এখানে শিশুদের ছবি আঁকা শেখানোর পাশাপাশি স্কুলপূর্ব শিশুদের জন্য যত্নের ব্যবস্থা রয়েছে। শিশুরা এখানে নানা সৃজনশীল কাজের শিক্ষা পায়। আড়াই থেকে পাঁচ বছরের শিশুদের জন্য শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিনই থাকছে নানা আয়োজন। রঙিন ভুবনে আছে ৫-১৫ বছরের শিশুদের জন্য একটি পাঠাগার। স্কুল-পরবর্তী সময়ে শিশুরা বই পড়া এবং তথ্যচিত্র দেখার সুযোগ পাবে এখানে।