বৈশাখী উৎসবে ফ্যাশন সন্ধ্যা
সন্ধ্যা সবে শুরু। ঝলমলে মঞ্চে হঠাৎ নিভে গেল আলো। প্রদীপ হাতে অন্ধকার ফুঁড়ে র্যাম্পে হাজির একঝাঁক মডেল। পরনে বাঙালির চিরায়ত পোশাক শাড়ি। লাল-সাদার মিশ্রণ আর নজরকাড়া নকশার বুননে পোশাকে উৎসবের আবহ। শুরুর এমন মুগ্ধতার রেশ ছিল শেষ পর্যন্ত। ৭ এপ্রিল শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে রং ছড়াল বাহারি পোশাক।ডিজাইনারস ফোরামের আয়োজনে চার দিনের বৈশাখী উৎসবের শেষ দিন ছিল ফ্যাশন শো। ডিজাইনার সালেহ রবির কোরিওগ্রাফিতে প্রতিটি কিউই ছিল উপভোগ্য। মোট ১৩টি কিউতে প্রদর্শিত হয় শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, টি-শার্ট ও শিশুদের পোশাক। শিল্পকলা একাডেমীর গ্যালারিতে ৪ এপ্রিল শুরু হওয়া এই পোশাক প্রদর্শনী উদ্বোধন করেন নারী উদ্যোক্তা কামরুন মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহমেদ নেওয়াজ। এক ছাদের নিচে ১১ ডিজাইনারের পোশাক প্রদর্শিত হয় এখানে। পোশাকের নকশায় প্রাধান্য পেয়েছে নকশিকাঁথার কাজ, ঐতিহ্যবাহী নকশার হ্যান্ডপেইন্টিং, ব্লক, হাতের কাজ, অ্যাপ্লিক, প্যাচওয়ার্ক, দেশীয় নানা মোটিফ-ঘুড়ি, ফুল, হাতপাখা, পাখি। সুতি, অ্যান্ডি, হাফসিল্ক, মসলিন ও সিল্কের কাপড়ের এসব পোশাকে ছিল নজরকাড়া নকশার বুনন। আর লাল-সাদার পাশাপাশি আছে অন্য রংও—সবুজ, নীল, কালো ও কমলা। অংশ নেওয়া ডিজাইনাররা হলেন রওশন আরা চৌধুরী (রওশনস), আইভি হাসান (ডলস হাউস), এস এম ইলিয়াস (শৈল্পিক), মোহছেনা কোরাইশি (পিণন), লুৎফা সানজিদা (অনিন্দ্য), মণিদীপা দাশ (শ্রেয়া), কাজী শাহতাজ পারভীন (মুনমুনস), সুলতানা নুরজাহান (মিয়াবিবি), আমিনা রহমান (আরিয়ন ফ্যাশনস), নাজমা আক্তার (ড্রিম ফ্যাশনস) ও নুরে জান্নাত (নিডেলওয়ার্ক)।সিটি কলেজের স্নাতকের শিক্ষার্থী ফাহিমা সুলতানা বলেন, ‘পয়লা বৈশাখের বৈচিত্র্য পাওয়া যায় বুটিক হাউসেই। প্রদর্শনীতে অনেকগুলো বুটিক হাউসের পোশাক একসঙ্গে দেখার সুযোগ পাচ্ছি। বর্ণিল পোশাকের খোঁজেই প্রদর্শনীতে আসা।’ ডিজাইনারস ফোরামের উপদেষ্টা রওশন আরা চৌধুরী বলেন, ‘পয়লা বৈশাখ সর্বজনীন উৎসব। এর রং এখন ছড়িয়ে গেছে সবখানে। প্রদর্শনীতে একসঙ্গে ১১ ডিজাইনারের পোশাক দেখার সুযোগ থাকায় দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিক্রিও ভালো হয়েছে। আমরা আশা করছি প্রতি বছর এ বৈশাখী উৎসবের আয়োজন করব।’সমাপনী দিনে ফ্যাশন শোর ফাঁকে ‘বিপুল তরঙ্গ’ ও ‘রাজহংসী’ গানের সঙ্গে নাচ করেন তমাল ও ঐশী। সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, ডিজাইনার ফোরামের সহসভাপতি আইভি হাসান ও কোষাধ্যক্ষ সুব্রত বড়ুয়া। বক্তারা বলেন, দেশি পোশাকের জয়গানে এগিয়ে যাচ্ছে চট্টগ্রামের ফ্যাশন হাউসগুলো। ফ্যাশনের জন্য এখন আর বিদেশি পোশাকের ওপর নির্ভরতা নেই। ক্রেতাদের নজর কাড়ছে বুটিক হাউসের বৈচিত্র্যময় পোশাক।