বৈশাখী দুপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখের দ্বিতীয় দিন বাড়ি ফিরছিলাম। গরমে ভীষণ ক্লান্ত। শেষ কবে বাড়ি এসেছিলাম মনে করতে পারছি না। নববর্ষের রাতে হুট করেই বাড়িতে এসে পরের দিনটা রেখেছি পুরো এলাকা ঘুরে দেখার জন্য। সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরে ক্লান্তি ভর করেছে শরীরে। গ্রামটাও কেমন জানি শহর শহর মনে হয়। দ্রুত পরিবর্তন ছাড়া আর কিচ্ছু নেই এখানে। ধানখেতগুলোয় বাড়ি উঠছে, কাঁচা রাস্তা সব পাকা হচ্ছে। হাট, স্কুল, পোশাক, মানুষের আচরণ—সবকিছুতেই কেমন জানি পরিবর্তন।
প্রচণ্ড গরমে এসব নিয়ে যতটা ভাবছি, তার চেয়ে বেশি ভাবছি চারুকলা ইনস্টিটিউটের সামনে চারুকলার ছাত্রদের আঁকা ছবিগুলো নিয়ে। কারা যেন কালি দিয়ে নষ্ট করে গেছে ছবিগুলো। পয়লা বৈশাখের আগে ছাত্ররা ছবিগুলো আবার ঠিক করে নিয়েছিল দেখে ভালো লাগছে।
ঠাকুরহাট বাজার পার হলে মঘাদিয়া এন সি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের সামনে রোদ মাথায় নিয়ে দাঁড়াই কিছুক্ষণ। ছাত্রছাত্রীদের হইহুল্লোড় দেখে আমি সব ক্লান্তির কথা ভুলে যাই। স্কুলের প্রথম শিফট শেষ। প্রথম ও দ্বিতীয় শিফটের মাঝামাঝি সময় এখন।
এখানে আমি চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়েছিলাম। তখন আধা পাকা একটি ঘরে ক্লাস হলেও এখন স্কুলটি দ্বিতল ভবন। আমার শৈশবের ঘ্রাণ লেগে আছে এই স্কুলের মাঠে। মাঠের চারপাশে বুড়ো হয়ে যাওয়া গাছগুলোয় কিংবা স্কুলের পাশে পুকুরপাড়ে। কতগুলো ছোট ছোট মুখ চোখের সামনে ভেসে ওঠে। তনয়, জুয়েল, শান্তু, শুভাগত, জয়া, মুক্তা, উৎপলা, সাথী, হঠাৎ মরে যাওয়া ফয়সাল এবং নাম ভুলে যাওয়া আরও অনেক মুখ। আপামণি, দিদিমণি, শাহ আলম স্যার, দিলীপ স্যার এই মানুষগুলোর জন্য আমার মনটা কেমন ছটফট করে ওঠে। তারা এখন কেমন আছে জানি না!
স্কুলে অ্যাসেম্বলি শুরু হয়েছে ততক্ষণে। একজন সামনে এসে শপথ পাঠ করাতে শুরু করল, ‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব...।’
এই আঙিনায় আমিও একসময় এভাবে শপথবাক্য পাঠ করতাম। শৈশবের শপথের সঙ্গে বর্তমানের সমীকরণ মেলাতে মেলাতে বাড়ির দিকে হাঁটতে থাকি। স্কুল থেকে আমার দূরত্ব বাড়তে থাকে। বাচ্চাগুলোর সমবেত কণ্ঠস্বর কানে বাজে, ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...।’
এমন দগদগে দুপুরে কতগুলো এলোমেলো ভাবনা আমার চোখ জ্বালিয়ে দেয় শুধু।
শুভাশীষ শর্মা
চট্টগ্রাম