বৈশাখী ফ্যাশন শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোটেল র‍্যাডিসন ব্লুতে অামবার লাইফস্টাইল আয়োজিত ফ্যাশন শোতে মডেলদের ক্যাটওয়াক l জুয়েল শীল
হোটেল র‍্যাডিসন ব্লুতে অামবার লাইফস্টাইল আয়োজিত ফ্যাশন শোতে মডেলদের ক্যাটওয়াক l জুয়েল শীল

রাত নয়টা। ভেসে আসছে গান, ‘আইল আইল আইল রে, রঙ্গে ভরা বৈশাখ আবার আইল রে।’ গানের সঙ্গে মঞ্চে এলেন এক ঝাঁক মডেল। পরনে বৈশাখের বাহারি পোশাক। কারও হাতে হাতপাখা। কারও হাতে একতারা। কেউ এনেছেন মুখোশ। উৎসবের আমেজ ছড়িয়ে দিলেন দর্শকদের মধ্যেও। গতানুগতিক ক্যাটওয়াকের বাইরে নেচে-গেয়ে পোশাক প্রদর্শন করেন মডেলরা। ভিন্নধর্মী কিউটি মুগ্ধ করে দর্শকদের। এভাবে শুরুতেই জমে যায় ফ্যাশন হাউস আমবার লাইফস্টাইলের বৈশাখী ফ্যাশন শো।

ফ্যাশন শোতে গ্রীষ্মকালীন পোশাকে এক মডেল l প্রথম আলো
ফ্যাশন শোতে গ্রীষ্মকালীন পোশাকে এক মডেল l প্রথম আলো

১৪ এপ্রিল নগরের পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লুতে আয়োজন করা হয় এই ফ্যাশন শোর। এতে প্রদর্শিত হয় প্রতিষ্ঠানটির বৈশাখী ও গ্রীষ্মকালীন বিভিন্ন পোশাক। প্রতিটি কিউতেই ছিল রং-বাহারি পোশাকের দ্যুতি। ফ্যাশন শোতে উপস্থিত ছিলেন সিটি মেয়র মেয়র আ জ ম নাছির উদ্দীন, প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, আম্বার লাইফস্টাইলের পরিচালক (পরিচলন) এম এস হাসান প্রমুখ।
প্রতিষ্ঠানের পরিচালক এম এস হাসান বলেন, ‘আমরা নতুন ডিজাইন ও আন্তর্জাতিক মানের পণ্যসেবা দিয়ে ক্রেতাদের কাছাকাছি পৌঁছাতে চাই। গুণগত মান বজায় রেখে প্রতিটি পোশাক তৈরি করা হয়। তা ছাড়া আমাদের পোশাকের দাম রাখা হচ্ছে মধ্যবিত্তের নাগালের মধ্যে।’
উল্লেখ্য, আম্বার লাইফস্টাইল গত ১৯ মার্চ থেকে নগরের জিইসি মোড়ের ইফকো কমপ্লেক্সে তাদের ষষ্ঠ বিক্রয়কেন্দ্র চালু করেছে।