বৈশাখী ফ্যাশনে শামুক-ঝিনুকের অলংকার
ফ্যাশনসচেতন মেয়ে মোস্তারিন আকতার। সরকারি একটি কলেজের ছাত্রী। বাবার চাকরির সূত্রে সুদূর দিনাজপুর থেকে সপরিবারে কক্সবাজারে আসা। কক্সবাজারের শামুক-ঝিনুক দিয়ে তৈরি অলংকার তাঁর বড় প্রিয়। তাঁর ভাষায়, ‘এগুলো সুন্দর-আকর্ষণীয়, অন্য অলংকার থেকে একেবারে আলাদা। কক্সবাজার ছাড়া দেশের অন্য কোথাও খুব একটা পাওয়া যায় না। পাওয়া গেলেও দাম পড়ে বেশি।’ এ বৈশাখে কমদামে সৈকতপাড়ের বিভিন্ন বিপণিকেন্দ্রে নতুন নতুন ঝিনুকের অলংকার বিক্রি হচ্ছে। বিশ্বের দীর্ঘতম এ সৈকতে বেড়াতে আসেন দেশি-বিদেশি লাখ লাখ পর্যটক। এখান থেকে ফেরার সময় শামুক-ঝিনুকের পণ্য না নিয়ে খালি হাতে খুব কম মানুষই যান। অনেকে ফ্যাশনের ধারা পাল্টে দিতে এখন পড়ছেন শামুক-ঝিনুক দিয়ে তৈরি নানা লোভনীয় অলংকার। কিংবা নিজেকে অন্যদের চেয়ে একটু আলাদাভাবে উপস্থাপনের জন্য বেছে নিচ্ছেন এসব অলংকার। এবারের বৈশাখে তাই মেয়েদের গয়নার তালিকায় যোগ হচ্ছে শামুক-ঝিনুকের অলংকার। আর আকর্ষণীয় এসব অলংকার দামে সস্তা হওয়ায় ভ্রমণে আসা হাজার হাজার পর্যটকও সৈকতের দোকানগুলোতে ভিড় করছেন। এখানে তৈরি কিছু অলংকার আছে দেখলে মনে হয় না যে, এসব শামুক-ঝিনুক দিয়ে তৈরি। এগুলোতে রঙের প্রলেপ দিয়ে চেহারা পাল্টে ফেলা হয়। বিভিন্ন ডিজাইনের নানা আকৃতির এসব অলংকার মানিয়ে যায় যেকোনো পোশাকের সঙ্গে। তাই এ অলংকার দ্রুত ছড়িয়ে পড়ছে সারা দেশে। জয় করে নিচ্ছে তরুণীদের মন। কলেজছাত্রী মোস্তারিন আকতার জানান, ‘শামুক-ঝিনুকের কোনো অলংকার দিনাজপুরে পাওয়া যায় না। দিনাজপুরে বেড়াতে গেলে সবাই আমার অলংকারের দিকে তাকিয়ে থাকেন। কয়েক বছর ধরে আত্মীয়-স্বজন ও বান্ধবীদের জন্য কক্সবাজার থেকে ঝিনুকের অলংকার নিয়ে যাচ্ছি।’ কক্সবাজারের মেয়ে তসলিমা জান্নাতও শামুক-ঝিনুকের অলংকার ব্যবহার করে আসছেন দীর্ঘদিন ধরে। তাঁর ভাষায়, শামুক-ঝিনুকের অলংকার নিজেকে অন্যদের থেকে আলাদা করে। ফ্যাশনে আনে নতুনত্ব। ইদানীং ঘরে-বাইরে অনেক মেয়েকে গলায় মালা, কানে দুল, হাতে ব্রেসলেট, মাথায় ক্লিপ, খোঁপায় কাঁটাসহ শামুক-ঝিনুকের অলংকার পরতে দেখা যায়। বিভিন্ন ডিজাইন আর আকৃতির এ অলংকারগুলো মানিয়ে যায় যেকোনো ধরনের পোশাকের সঙ্গে। কোথায় পাবেন: সৈকতে ভেসে আসা শামুক-ঝিনুক দিয়ে তৈরি হয় এসব অলংকার ও গৃহসজ্জার সামগ্রী। কক্সবাজার সৈকতপাড়ে গড়ে ওঠা ঝিনুক মার্কেটে গেলেই পাওয়া যাবে ১২০ প্রজাতির পণ্যসামগ্রী। পাওয়া যাবে বর্ণিল মুক্তার মালা, কানের দুল, হাতের বালা, আংটি, হাতের চুড়ি, ঝাড়বাতি, ঝিনুকের বাতি, রাজমুকুট, ছাইদানি, শামুকের থলে, প্রবাল পাথরসহ শামুক-ঝিনুকের নানা পণ্যের সমাহার। এ ছাড়াও পুরাতন ঝিনুক মার্কেট, বার্মিস মার্কেটসহ শহরের কয়েকটি দোকানে ঝিনুকের অলংকার পাওয়া যায়। লাবণী পয়েন্টের বিভিন্ন দোকানে, সৈকতের বালুচরে অস্থায়ী দোকানে কিছুটা সস্তায় এসব অলংকার পাওয়া যায়। ছোট ছোট ছেলেমেয়েরা ফেরি করেও শামুক-ঝিনুকের মালা বিক্রি করে। দাম কত: বিভিন্ন ধরনের ঝিনুকমালা ১০-৮০ টাকা। কানের দুল ১০-২০ টাকা। দুলসহ গলার সেট ৮০-১০০ টাকা। ব্রেসলেট ৩০-৭০ টাকা। মাথার ক্লিপ ১০-৩০ টাকা। খোঁপার কাঁটা ১০-৩০ টাকা। মুক্তা দিয়ে তৈরি কানের দুল ৫০-৮০ টাকা। গলার সেট ১৫০ থেকে পাঁচ হাজার টাকা। মালা ১০০-৪০০ টাকা। হাতের চুড়ি ৫০-৩০০ টাকা। ব্রেসলেট ১৫০-৩০০ টাকা। মুক্তার মালা (বড়) ৬০০ থেকে এক হাজার ২০০ টাকা, কানের দুল, হাতের বালা, আংটি, হাতের চুড়ি ১৫০-৩৫০ টাকা, শামুকের বালা ১০০-২০০ টাকা, প্রবাল পাথর ৫০০ থেকে আড়াই হাজার টাকা, কালো কড়ি শামুক, শঙ্খ শামুক দিয়ে তৈরি ঘর, ফুল, ক্লিপ, মালা, লাল কাঁটা, কালো কাঁটা, ব্যাঙ কাঁটা, চামচ, জালকাটা, শৈবাল, দরজা ও জানালার নেট ৩০-৩০০ টাকার মধ্যে পাওয়া যায়। শামুকের পিঠে ভালোবাসার নাম: সৈকতের ঝিনুক মার্কেটের একটি দোকানে ৫ এপ্রিল সকালে বড়সড় একটি শামুকে ‘শুভ নববর্ষ-ভালো থেকো’ লিখিয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি থেকে ভ্রমণে আসা কলেজছাত্র মিনহাজ আবেদীন। তাঁর পাশে দুই তরুণী লিখিয়েছেন, ‘শুভ বাংলা নববর্ষ’ ও ‘নববর্ষের শুভেচ্ছা’। এক তরুণী জানান, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ। ওইদিন মনের মানুষকে উপহার দেওয়ার জন্য শামুকের পিঠে ভালোবাসার নাম লিখে নিচ্ছি। কম দামের শামুকে ২০ টাকায় নাম লেখা হলেও ঢাকা শহরে এসব হাজার টাকায়ও পাওয়া যাবে না। ঝিনুকের পণ্য বিক্রেতা মোশারফ হোসেন জানান, বৈশাখ উপলক্ষে শামুক-ঝিনুক দিয়ে তৈরি মেয়েদের অলংকারসহ নানা পণ্যের বিক্রি বাড়ছে। পর্যটকদের কাছে এর কদর বেড়েছে। কিন্তু উপকরণের সংকটের কারণে উৎপাদিত পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। কক্সবাজারসহ টেকনাফ, মহেশখালী, উখিয়া, সোনাদিয়ার বিভিন্ন সমুদ্র উপকূল থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে এ শিল্পকে টিকিয়ে রাখা হয়েছে। অনেকে বিদেশ থেকে মুক্তা, প্রবাল, ঝিনুকসামগ্রী আমদানি করছেন। জেলার প্রায় দেড় লাখ মানুষ এ শিল্পের সঙ্গে জড়িত।