বৈশাখী বারতা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তাল জনসমুদ্র। আর সেই সমুদ্রে বেয়ে চলেছে সাম্পান। সূর্যের তেজ বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে জনসমুদ্র। বৈশাখকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার মঙ্গল শোভাযাত্রায় এবার মূল প্রতিপ্রাদ্য ছিল এই সাম্পান। বাংলাদেশের সমুদ্রসীমা বিজয় নিয়েই এই মঙ্গলময় চিন্তাকে ফুটিয়ে তোলে চারুকলার শিক্ষার্থীরা।অসংখ্য সব মুখোশে ঢাকা তরুণদের মুখ। যে মুখোশ জোগাড় করতে পারেনি, সে নিজের মুখে এঁকে নিয়েছে আলপনা। ঢোল বাঁশি একতারা কি নেই তাতে। জলজ্যান্ত মানুষগুলোর সঙ্গে স্রোতে ভাসছে রঙিন সব ফুল আর পাখিরাও। বৈশাখের এ সব দৃশ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আঙ্গিনায়।‘আমাদের ঐতিহ্য আর গৌরবের অনুষ্ঠান বর্ষবরণ—বৈশাখের প্রথম দিন, তাই ঘরে কীভাবে বসে থাকব?’ বলছিলেন লাল শাড়ি আর বেলি ফুলের মালা খোঁপায় জড়িয়ে ভোরে রমনার বটমূলে বর্ষবরণে অংশ নিতে আসা ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সুপ্রভা।মঙ্গল শোভাযাত্রায় কথা হয় রুমেল, আতিয়া ও পলাশের সঙ্গে। পলাশ বলেন, ‘আমার কাছে আমার নিজস্ব উৎসব বলে পয়লা বৈশাখকেই আপন মনে হয়। তাই প্রতিবছর এ দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকা চাইই চাই।’চারুকলার শিক্ষার্থীরা তখন ব্যস্ত একটু বেশি। মাসব্যাপী দিন-রাত পরিশ্রম করে তাঁরা তৈরি করেছেন ময়ূর, পাখি, কুমিরসহ আরও কত্ত কী। এই মিছিলের অপেক্ষায় সারা বিশ্ববিদ্যালয়জুড়ে মানুষ অপেক্ষা করতে থাকে। বাহারি সব মুখোশ, ঢোল, তবলা, বাঁশি আর রঙিন বসনের স্নিগ্ধতায় পয়লা বোশেখের মিষ্টি রোদ গায়ে মেখে চলেছে সবাই।সরকারি তিতুমীর কলেজের ইতিহাসের শিক্ষার্থী নায়েব আলী তুষারের সঙ্গে উত্তরবঙ্গ থেকে দেখা করতে এসেছেন তাঁর নিশা। উপলক্ষ একটাই, পয়লা বৈশাখ। তুষারের প্রিয় বন্ধু নিশা বলেন, ‘বছর শুরু হচ্ছে এমন দিনে, যদি বন্ধুকে না দেখতে পারি, তাহলে তো সারা বছর অমঙ্গলকর, তাই চলে এলাম নিমন্ত্রণে।’টিএসসি চত্বরে যেতেই চোখ আটকে যায় একদল তরুণের দিকে। লুঙ্গি, গামছা আর সাদা গেঞ্জি পরা ছেলেগুলোর কণ্ঠে তখন ‘একদিন বাঙালি ছিলাম রে...’ গানটি। মুখে, হাতে, পিঠে আলপনা এঁকে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন শিক্ষার্থীরা।নিলুফা জাান, পয়লা বৈশাখই একমাত্র উৎসব, যা কিনা আমাদের সব জাতি-বিভেদ ভুলিয়ে দেয়, আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এ উৎসবে অংশগ্রহণ করি।’বৈশাখের প্রথম দিন বৈশাখী মেলার পসরা সাজিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ, পলাশ, সাব্বির, আলিমুল। জাহিদ বলেন, ‘যেহেতু পয়লা বৈশাখ, তাই ঘরে বসে তৈরি করা মুখোশ, একতারা, দোতারা ইত্যাদি বিক্রি করছি। অনেক মজা হচ্ছে, যখন নিজ দেশের পণ্য সম্পর্কে বিদেশিদের সামনে বর্ণনা করছি। আগ্রহভরে তাঁরা কিনে নিচ্ছেন তা।’পাশেই পান্তা-ইলিশের দোকানে ভিড় দেখে বোঝা যায়, দুপুর গড়াচ্ছে। তাতে কী? ক্লান্তি নেই কারও ভেতরে, যেন একটা মুহূর্ত কেউ উচ্ছ্বাস ছাড়া হারিয়ে যেতে দেবে না। দুপুরের কড়া রোদে ঘেমে-নেয়ে চলছে আনন্দ। তবুও ক্লান্তি নেই কারও। কেউ বা দল বেঁধে গাইছে, ‘মেলায় যাইরে...’। প্রিয় বন্ধুর হাত ধরে গাছের ছায়ায় কেউ বা হারিয়ে যাচ্ছে বাঁশির সুরে। মুড়ি, মুড়কি, বাতাসা মুখে পুরে বা ডাবের পানিতে চুমুক দিতে দিতে কেউ বা জমিয়েছে আড্ডা। বিকেল গড়িয়ে সন্ধ্যা। বাড়ি ফেরার তাড়া নেই কারও। সবাই যেন বাঁধনহারা। সোহরাওয়ার্দী উদ্যান, বাংলা একাডেমী সব জায়গায় মেলা, চলছে বাউলা গানের আসর। সবাই মত্ত উল্লাস-উচ্ছ্বাসে।