বৈশাখী মধুমেলা
পায়ে আলতা, গলায় হারগাছা, হাতে বালা, কপালে টিপ, মাথায় টিকলি ও খোঁপায় ফুল। লাল-সাদা শাড়ি পরা নারীদের চলার ছন্দে যেন তারুণ্যের উচ্ছ্বাস। তাঁরা জ্যৈষ্ঠে মেতেছেন বৈশাখের রঙে। বৈশাখের শেষদিন ও জ্যৈষ্ঠের শুরুতে বৈশাখী মধুমেলার আয়োজন করে চট্টগ্রাম লেডিস ক্লাব। ১৪ ও ১৫ মে দুই দিনের মেলায় ছিল আবহমান বাংলার পোশাক ও খাবারের পসরা। আরও ছিল সাজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। লেডিস ক্লাবের সভানেত্রী বেগম জিনাত আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাবের উপদেষ্টা ফাহমিদা আমিন, মেলা কমিটির আহ্বায়ক রুহী মোস্তফা প্রমুখ। আবু সুফিয়ান বলেন, ‘নারীদের পিছিয়ে রেখে সমাজকে এগিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এ জন্য তাঁদের প্রতিভা ও অর্জনকে কাজে লাগাতে হবে।’ দ্বিতীয় পর্বে সন্ধ্যা সাতটায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অতিথি শিল্পী মিয়া মোহাম্মদ বদরুদ্দিন, আলেয়া আরিফ গান করেন। নৃত্য পরিবেশন করেন মনোরমা নৃত্যাঙ্গন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পারভীন চৌধুরী।১৫ মে বেলা ১১টায় শুরু হয় বৈশাখী সাজ প্রতিযোগিতা। লেডিস ক্লাবের সদস্যরাই এতে অংশ নেন। মধ্যবয়সী থেকে শুরু করে প্রায় ৭৫ বছরের মহিলারাও বৈশাখী সাজে নিজেদের রাঙিয়ে তোলেন। ফ্যাশন ডিজাইনার সুলতানা নুরজাহান জানান, ‘দেশীয় পোশাক ও সাজসজ্জা আজ হারিয়ে যাচ্ছে, সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য তুলে ধরতেই আমাদের এ আয়োজন।’ মেলায় মিয়াবিবি, পিনন, ঐশী বুটিক, সিবিসি, ড্রিম ফ্যাশন, ত্রয়ী বুটিকসহ অনেক ফ্যাশন প্রতিষ্ঠান অংশ নেয়। গৃহিণীদের হাতে তৈরি বিভিন্ন পণ্য নিয়েই স্টলগুলো সাজানো হয়। পেশাদার কিছু বুটিক প্রতিষ্ঠানও এতে অংশ নেয়। মেলার বিশেষ আকর্ষণ ছিল হস্তশিল্প, পটারি, আর্ট, তৈরি পোশাক, গৃহসজ্জার সামগ্রী, মাশরুম, বাহারি গাছ, হরেক রকমের আচার, মধু ছাড়াও রসভরি, পানতোয়া, নকশি, পাটিসাপটাসহ রকমারি বাঙালি পিঠা। জাহান বুটিকসের স্বত্বাধিকারী হোসনে আরা খানম বলেন, ‘একজন স্বাভাবিক মানুষ যা পারে, উপযুক্ত সহযোগিতা পেলে একজন প্রতিবন্ধীও তা পারে। তাঁদের নিয়েই আমার এ প্রতিষ্ঠান এবং তাঁদের তৈরি পণ্যের পসরা নিয়েই স্টল সাজিয়েছি। বিক্রিও বেশ ভালোই হচ্ছে।’ লালখানবাজার থেকে আসা শরীফাতুন্নেছা বলেন, ‘হাতে তৈরি পিঠা, আচার কিনতেই মূলত মেলায় এসেছি। সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পেরে ভালো লেগেছে।’ জেমস ইংলিশ মিডিয়াম স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আনহারা ফাইরোজ জানায়, ‘আম্মুর সঙ্গে ড্রেস কিনতে এসেছি। তা ছাড়া আমার পিঠা খেতেও ভালো লাগে, পেট পুরে খেয়েছি।’সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বায়ক বোরহানা কবির বলেন, ‘অনেক মহিলা সুযোগের অভাবে তাঁদের তৈরি জিনিস প্রদর্শন করতে পারেন না। তাঁদের হস্তশিল্পের কদর, প্রসার ও উপার্জনের সুযোগ করে দেওয়ার জন্যই এ মেলার আয়োজন। দর্শকদের বিনোদনের জন্য ছিল গান-নাচ ও আবৃত্তি।’ দ্বিতীয় পর্বে ছিল মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্র-নজরুলজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক সৈয়দা শাম্মি আরা চৌধুরী। এতে গান করেন ইসমত আরা, ফ্যান্সী ইসলাম, মাইনু নিজাম, আশরাফুজ্জামান প্রমুখ শিল্পী। আবৃত্তি করেন শামীম আরা আহাদ, পারভীন জালাল ও আকতার বানু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বোরহানা চৌধুরী।