বাংলা নববর্ষ বরণে ফেনীতেও চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিবারের মতো এবারও থাকছে বৈশাখী মেলা, মঙ্গল শোভাযাত্রা, গ্রামীণ খেলাধুলা ও চরকপূজা। পয়লা বৈশাখ সকাল আটটায় শিল্পকলা একাডেমীর আয়োজনে ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। এরপর পিটিআই মাঠে পান্তা ভোজনের আয়োজন। পিটিআই মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তিন দিনের বৈশাখী মেলাও থাকছে। মেলা শুরু হবে পয়লা বৈশাখের দিন থেকে।প্রথম আলো ফেনী বন্ধুসভা মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ ছাড়াও বিকেলে সরকারি বালিকা বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এদিকে প্রতিবারের মতো সোনাগাজী ও ফুলগাজীতে চরকপূজা ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। সোনাগাজী উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক সমর দাস জানান, উপজেলার চর সাহাভিখারী ও দক্ষিণ-পূর্ব চর চান্দিয়া গ্রামে চরকপূজা ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। কুটির কালীবাড়িতে শত বর্ষের ঐতিহ্য মাসব্যাপী প্রতি শনি ও মঙ্গলবার বৈশাখী মেলা বসবে। ফুলগাজী উপজেলার উত্তর তালবাড়ীয়া পূজামণ্ডপের পাশেও চরকপূজা ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। পরশুরাম পৌরসভার উদ্যোগেও বৈশাখের প্রথম দিন সকালে মঙ্গল শোভাযাত্রা ও পান্তা-ইলিশের আয়োজন থাকছে।