
ঘর সাজানোর জন্য উপলক্ষের দরকার হয় না। তবে সামনে যদি পয়লা বৈশাখের মতো বড় উৎসব থাকে, তাহলে তো বাড়তি তোড়জোড় শুরু হয়ে যায়। পয়লা বৈশাখে বাড়িতে বাড়িতে নানা পদের দেশীয় খাবার তৈরি হয়। সেগুলো কে কত সুন্দর করে পরিবেশন করতে পারে, সবাই তা নিয়ে ব্যস্ত থাকে। ফলে খাবার টেবিলকে অন্য সময়ের চেয়ে একটু দেশীয় ঢঙে, নান্দনিকভাবে সাজাতে পারেন।
রেডিয়ান্ট ইনস্টিটিউট অব ডিজাইনের চেয়ারপারসন গুলশান নাসরিন চৌধুরী বলেন, ‘গরমের প্রকোপটাই বেশি বলে অন্দরে হালকা রঙের ব্যবহার করতে পারেন। তবে খাবার টেবিলে রানার ও টেবিল ম্যাট উজ্জ্বল রঙের হলেও ভালো দেখাবে। বাসনকোসনগুলো মাটি বা সিরামিকের হতে পারে।’
উৎসবের দিনে অতিথিদের আনাগোনায় সরব হয়ে ওঠে খাবার ঘরটি। তাই খুব বেশি সাজসজ্জার উপকরণ ব্যবহার না করে চেষ্টা করা উচিত খুব সাধারণভাবেই কীভাবে পরিপাটি রাখা যায়। খাবার ঘরে যদি কোনো আলমারি বা তাক থাকে, সেগুলো পরিষ্কার করে আকর্ষণীয়ভাবে সাজাতে পারেন। একপাশে সুন্দর তাজা ফুল রাখা যেতে পারে। এতে চারপাশ প্রফুল্ল থাকবে।
টেবিল সাজানোর ক্ষেত্রে অনেকে বেত বা বাঁশের তৈরি টেবিলম্যাটও ব্যবহার করতে পারেন। রকমারি নকশার সিরামিক কিংবা মাটির তৈজসপত্রের ব্যবহার নান্দনিকতায় ভরিয়ে দিতে পারে আপনার খাবার ঘরের অন্দরসজ্জাকে। টেবিলে বিভিন্ন আকারের রঙিন চামচ, বাটি রাখলে টেবিল বর্ণিল দেখাবে। খাবার টেবিলের পাশেই ট্রলি রাখতে পারেন। যাতে যে কেউ চাইলেই খাবার ঘর থেকে বসার ঘরে খাবার নিয়ে গিয়ে আড্ডার ফাঁকে ফাঁকে উদর পূর্তি করে নিতে পারে।
খাবার টেবিল সাজানোর এসব জিনিস পাবেন ঢাকার আড়ং, যাত্রা, সানরাইজ প্লাজায়, নিউমার্কেট, কার্জন হলের সামনে, ধানমন্ডির মিরপুর রোডে।