
কোনো উপলক্ষ পেলেই তরুণেরা আনন্দে মেতে থাকতে ভালোবাসেন। আর বৈশাখ তো বাঙালির প্রাণের উৎসব। তাই এই দিনের আনন্দ তরুণদের কাছে আরও বিশেষ কিছু। নতুন পোশাক, বাইরে ঘোরা, খাওয়া আর আড্ডা—সবকিছুতেই থাকা চাই বন্ধুদের সঙ্গে। এই রমনার বটমূলে গান শোনা এই চারুকলার মঙ্গল শোভাযাত্রায়। অনেকে বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়েন রিকশা বা গাড়িতে। সারা দিন তো ঘোরাফেরা কম হবে না। এর মধ্যে আবার চলবে খাওয়াদাওয়া। তবে এই বৈশাখে খাবারের স্বাদটা নিজের মতো করে তুলতে পারেন আপনিও। বন্ধুদের নিয়ে ওয়ান ডিশ পার্টি দিতে পারেন। এই আয়োজনে আমন্ত্রিত সবাই কোনো না কোনো খাবারের পদ নিয়ে আসবেন। এরপর সব খাবার একসঙ্গে মিলেমিশে খেতে পারেন বন্ধুদের নিয়ে। এখনকার তরুণেরা তো রান্নায়ও পিছিয়ে নেই। কমবেশি রান্নার প্রতি ঝোঁক দেখা যায় তাঁদের। গত বৈশাখে বন্ধুদের নিয়ে এমন একটি পার্টির আয়োজন করেছিলেন মিরপুরের তামজিদ, বাবলি, রোহান, মিলন, কাঁকনেরা মিলে। বৈশাখের দিন বিকেলে বাবলিদের বাসায় ছিল এই আয়োজন। যেখানে ১০ জন বন্ধুর সবাই একটা করে খাবারের পদ রান্না করে নিয়ে আসেন বাবলিদের বাসায়। বাকিটা শুনুন বাবলির মুখেই, ‘অনেক দিন ধরেই বন্ধুরা বাসায় একসঙ্গে খাওয়ার পরিকল্পনা করেছিলাম। এরপর বৈশাখের আগে অন্য বন্ধুরা দাওয়াত চাইল আমাদের বাসায়। আমিও বন্ধুদের বললাম, তাহলে সবাই একটা করে খাবারের পদ নিয়ে আসতে হবে। বিষয়টা অনেকেই পছন্দ করল। কেউ কেউ বলল, আমি কিছু পারি না। তার জন্য বলা হলো ডিম ভাজা বা পানিভাতের মতো সহজ পদ আনতে। এরপর সব খাবার একত্র করে খুব মজা হলো। এবারও তেমন পরিকল্পনা আছে। বন্ধুদের সঙ্গে বসে আলোচনা করে ঠিক করব।’
আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ছাত্র ফরহাদ হোসাইন বলেন, ‘এই আয়োজন যে শুধু কারও বাসাতেই করতে হবে, সেটা না। আমরা মাঝেমধ্যেই বন্ধুরা এমন পরিকল্পনা করি। কিছুদিন আগে আমরা পাঁচ বন্ধু মিলে নবীনগরের একটি গ্রামে ঘুরতে যাই। আগে থেকেই পরিকল্পনা ছিল সেখানে আমার টিফিনবক্সে খাবার নিয়ে যাব। তাই ফোনে কথা বলে একেকজন একেকটা পদ রান্না করে নিয়ে যাই। গ্রামের পথে ঘুরেফিরে দুপুরে একটা গাছের নিচে বসে সবার খাবার একত্র করি। কারও রান্নায় লবণ কম, কেউ আবার আধসেদ্ধ ভাত নিয়ে এসেছে। খেতে বসে সে কী হাসাহাসি!’
বন্ধুদের মধ্যে অনেকে আবার রান্নায় খুব পারদর্শী। টিএলসি বা ইন্টারনেট ঘেঁটে ভিনদেশি নানা খাবারের স্বাদ নিতেও ভালোবাসেন অনেক তরুণ। তবে পয়লা বৈশাখে নাহয় দেশি রান্না করেই চমকে দিলেন বন্ধুকে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা অ্যানি বলেন, ‘পয়লা বৈশাখে পরিবার ছেড়ে ঢাকাতেই থাকছি। তাই মেসের বন্ধুরা মিলে পয়লা বৈশাখের রাতে নানা ধরনের বাঙালি খাবার রান্না করবেন তাঁরা। এরই মধ্যে ঠিক হয়ে গেছে কে ইলিশ করবে, আর কে করবে শাক ভাজা বা ভর্তা।’ অ্যানি জানালেন, নিজে তেমন ভালো রান্না করতে পারেন না। তাই এরই মধ্যে দুবার করার চেষ্টা করেছেন সরষে ইলিশ রান্না। যেন মূল পর্বের আগের প্রস্তুতি। চুপিচুপি জানালেন, সবার সামনে তো আর রান্না নিয়ে হেলাফেলা করলে চলে না। খারাপ হলে যে অনেক দিন ধরে খেপাবেন বন্ধুরা!