বৈশাখে বাঙালি তরুণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখ, হালখাতা, নতুন কাপড়—এসব এখন আর কোনো নির্দিষ্ট গণ্ডিতে আটকে নেই।এখন একই আনন্দ নিয়ে সবাই উদ্যাপন করে বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ। এ উৎসব হয়ে উঠেছে বাঙালির ঐক্যের উৎসব। পয়লা বৈশাখে যে উৎসবমুখর পরিবেশ, তার বড় অনুষঙ্গ নতুন পোশাক। ঈদের পর পয়লা বৈশাখে এখন সবাই নতুন পোশাক পরে। লাল-সাদাসহ উজ্জ্বল সব রঙের নতুন পোশাক কেমন হবে আর এর সঙ্গে সাজটাই বা কী হওয়া চাই, এ নিয়ে চলে পরিকল্পনা। বৈশাখের প্রথম দিন সবাই নতুন কাপড় পরবে। কিন্তু কাপড়ের রংটা কী হবে? লাল-সাদা বা সাদা-লালের চিরায়ত ফ্যাশন তো রয়েছেই। পাশাপাশি চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা। সাদা-লালের বিষয়ে ফ্যাশন হাউস রঙের ডিজাইনার বিপ্লব সাহা বলেন, ‘হালখাতার রংটা লাল ও সাদা। ধরে নেওয়া হয়, ওই রং থেকেই এসেছে বৈশাখের লাল-সাদার ফ্যাশন।’ কে ক্র্যাফটের প্রধান নির্বাহী শাহনাজ খানের মতে, বৈশাখের রং অবশ্যই লাল-সাদা হওয়া উচিত। তবে এখন সেই ধারাবাহিকতায় লালের বিভিন্ন শেডও চলে এসেছে ফ্যাশনে।বৈশাখে বাঙালি মেয়েরা শাড়ি পরেনই। পয়লা বৈশাখের অপেক্ষায় থাকেন তাঁরা। আর বৈশাখ এলেই গায়ে ওঠে পাটভাঙা তাঁতের শাড়ি। সেই শাড়িতে লাল-সাদার সীমাবদ্ধতায় থাকতে রাজি নয় এখন কেউই। লাল ও সাদা তো থাকবেই, সঙ্গে থাকতে হবে অন্যান্য রং। কিংবা অন্য কোনো রঙের শাড়িতে সেজে কপালের টিপ আর হাতের চুড়িটা সবাই লাল পরবেন। অথবা শাড়িতে চাই কোনো বাঙালি মোটিফ। বিপ্লব সাহার মতে, শাড়িতে শম্ভু বা গাজির পটচিত্র, মুখোশের মোটিফ—এগুলো যেন অনেক বেশি তুলে ধরে বৈশাখকে। শুধু তা-ই নয়, এসব শাড়ি সংগ্রহে রাখার মতো একেকটি উপাদানও হয়ে ওঠে। শাহনাজ খান মনে করেন, পয়লা বৈশাখের দিনটায় যাঁরা শাড়ি পরতে পছন্দ করেন না, তাঁরাও চেষ্টা করেন কিছুটা সময় শাড়ি পরে কাটাতে। তাই দেখা যায়, বিভিন্ন শাড়ির দিকে আগ্রহ তৈরি হয় সবারই।বৈশাখ মানেই নতুন শাড়ি পরা। আর সেটা টাঙ্গাইলের হলে তো কথাই নেই। সাদা, কোড়া, অফ হোয়াইট—এ রকম রঙে লাল, কমলা, বাসন্তী পাড়ের শাড়িই বেশি পরা হয়। তবে বুনন-বৈচিত্র্যে সমৃদ্ধ শাড়িও অনেক বেশি জনপ্রিয়। সেই সঙ্গে থান শাড়িতে ব্লক, বাটিক, স্ক্রিনপ্রিন্ট বা কাজ করা শাড়িও এ সময় বেশ চলছে। বৈশাখের শাড়ি কেনার জন্য বাজেটটা অনেক হতে হবে তা নয়। বরং সুন্দর ঐতিহ্যবাহী নকশায় বোনা শাড়ি কিনতে পাওয়া যাবে ফ্যাশন হাউসগুলোতে। এসব শাড়িতে বুননের পাশাপাশি থাকে খানিকটা বাড়তি যোগ।বৈশাখ কি কেবলই শাড়িতে? না, এখন টপস, সালোয়ার-কামিজ, ফতুয়া বা কোর্তাতেও বৈশাখ উদ্যাপন করছেন বাঙালি মেয়েরা। দেখা যায়, সকালে গান শুনতে বের হলে শাড়ি আর বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গেলে ফতুয়া বা কামিজেই তাঁরা বেশি স্বচ্ছন্দ। শাহনাজ খান জানান, এসব টপস বা কোর্তা মনের মতো করে চুড়িদার, সালোয়ার, প্যান্টের সঙ্গে পরা যায়। তবে রংটা হওয়া চাই অবশ্যই বৈশাখকেন্দ্রিক। তবে যে পোশাকই পরুন না কেন, মাথায় রাখতে হবে, আপনি সেই পোশাকে কতটুকু স্বচ্ছন্দ। বিপ্লব সাহা বলেন, লাল রংটা নিজেই অনেক গরম। পোশাকের পটভূমি যদি সাদার মধ্যে হয়ে থাকে, তাহলে অনেক রঙের ব্যবহার থাকলেও সেই পোশাকটি ভালো লাগবে। বৈশাখের প্রথম দিন তাই পোশাকের সঙ্গে সাজের একটি বিষয় রয়েছে। বছরের প্রথম দিনের বাঁধভাঙা উৎসবে সাজের ক্ষেত্রে নেই কোনো সীমাবদ্ধতা। কিন্তু এর পরও মাথায় রাখতে হবে নিজের আরামের বিষয়টি। বললেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। শাড়ি পরলেই সাজতে হবে। আর সেই সাজে যদি ফাউন্ডেশন, ফেস পাউডার ব্যবহার না করা হয়, সেটা সবচেয়ে ভালো বলে মনে করেন তিনি। তবে যদি কেউ মেকআপ করতেই চান, সে ক্ষেত্রে তেলহীন (অয়েলফ্রি) মেকআপ ব্যবহার করতে পারেন আর দিতে পারেন ম্যাট ফাউন্ডেশন। তবে হ্যাঁ, হাত ভর্তি লাল কাচের চুড়ি পরতে পারেন ইচ্ছেমতো। কপালে বড় করে লাল টিপ। কিংবা লাল, সাদা, সবুজ মিলিয়ে চলতে পারে কুমকুমের টিপও। অল্পবয়সী যারা, তারা তো একদমই কোনো ধরনের মেকআপ ব্যবহার করবে না। যত বেশি সাধারণ সাজে থাকা যাবে ততই ভালো। তবে হ্যাঁ, কাজল বা আই-লাইনার দিয়ে চোখ সাজাতে ভুলে গেলে কিন্তু চলবে না। সেই সঙ্গে খোঁপা ভর্তি বেলি ফুলের মালা থাকা চাই। কানিজ আলমাসের পরামর্শ হলো, অবশ্যই বাইরে যাওয়ার সময় সানস্ক্রিন লাগাতে হবে। এ ছাড়া সারা দিন অনেক বেশি পানি খেতে হবে। আর চুলের সাজে বেণি বা খোঁপা চলতে পারে। সেখানে ফুলের পাশাপাশি কড়ি বা পুঁতির টারসেল ব্যবহার করা যেতে পারে। সাজে এথনিক লুকটা এই দিনের সঙ্গে অনেক বেশি মানানসই বলে কানিজ মনে করেন।শাড়ি ও সাজ তো হলো। এবার গয়নাটা কী হবে? পিরানের ডিজাইনার হোসনা বানু জানালেন, মাটি, মেটাল, পুঁতি, কড়ি—এগুলোই অনেক বেশি মানানসই পয়লা বৈশাখের জন্য। মাটি ও মেটালের গয়নায় লাল, মেরুন, কমলা রংগুলো অনেক বেশি ব্যবহূত হচ্ছে। সেই সঙ্গে এই রঙের পুঁতির গয়নাও কড়ি দিয়ে চলবে বেশ। তাঁতের শাড়ি, কাচের চুড়ি, কপালে লাল টিপ, খোঁপায় বেলি ফুলের মালা—সব মিলিয়ে পুরো বাঙালি সাজে প্রস্তুতির কথা বলা হলো। এবার জিনিসগুলো গুছিয়ে ফেলুন। তবে হ্যাঁ, মনে রাখবেন, পয়লা বৈশাখে সারা দিন ঘুরে বেড়ানোর জন্য পায়ে নিন সবচেয়ে আরামদায়ক জুতা। হতে পারে হালকা হিলের ফ্ল্যাট স্যান্ডেল বা একদমই চটি। যেটা আরামদায়ক সেটাই পরুন। নয়তো আপনার ঘুরে বেড়ানোটাই মাটি হয়ে যাবে। বছরের প্রথম দিন বলে কথা!