বৈশাখে মিষ্টিমুখ
পয়লা বৈশাখে মিষ্টিমুখ করতে বাতাসা, সন্দেশ চান সবাই। এবার ঘরে বসেই বানাতে পারেন এসব। কল্পনা রহমান দিয়েছেন এসব তৈরির প্রণালি।কাস্তুরি [ছয়জনের জন্য]উপকরণ: ময়দা দুই কাপ, গুঁড়া দুধ সিকি কাপ, সয়াবিন তেল সিকি কাপ, ডিম একটা, বেকিং পাউডার এক টেবিল-চামচ, কনডেন্সড মিল্ক দুই টেবিল-চামচ, লবণ আধা চা-চামচ, চিনি এক কাপের তিন ভাগের এক ভাগ, পানি পরিমাণমতো, খাওয়ার সোডা সিকি চা-চামচ।প্রণালি: ওপরের সব উপকরণ একসঙ্গে মাখিয়ে রুটি বেলে লম্বা বা চার কোনা ছাঁচ দিয়ে কেটে নিন। ডুবোতেলে অল্প আঁচে ভাজতে হবে।মুড়কি [চারজনের জন্য]উপকরণ: খই চার কাপ, আখের গুড় এক কাপ, লেবুপাতা তিন-চারটি, পানি দুই টেবিল-চামচ।প্রণালি: গুড় ও পানি চুলায় দিয়ে বাঁশের কঞ্চি দিয়ে নাড়তে হবে। যখন ঘন হয়ে আসবে এবং কঞ্চি সিরা থেকে ওঠালে তারের মতো হলে চুলা থেকে পাত্র নামিয়ে লেবুপাতা দিতে হবে। এরপর কঞ্চি দিয়ে নাড়তে হবে একবার সিরার মধ্যে ও একবার পাত্রের পাশে। এভাবে নাড়তে নাড়তে যখন সিরা শুকনা হয়ে আসবে, তখন খই দিয়ে নাড়তে হবে। সম্ভব হলে কিছুক্ষণ রোদে অথবা চুলার পাশে রাখতে হবে। এবার বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করতে হবে। বাতাসা [ছয়জনের জন্য]উপকরণ: চিনি দুই কাপ, পানি এক কাপের চার ভাগের এক ভাগ, হাইড্রোজ আধা চা-চামচ, খাওয়ার সোডা এক চিমটি।প্রণালি: চিনি ও পানি জ্বাল দিয়ে যখন ঘন হয়ে আসবে, তখন অনবরত নাড়তে হবে। যখন ফুসফুসে হয়ে আসবে, তখন হাইড্রোজ ও এক চিমটি খাওয়ার সোডা দিয়ে তাড়াতাড়ি তেল মাখানো পাটির ওপর বাতাসার মতো ছোট ছোট করে দিতে হবে। ঠান্ডা হলে পরিবেশন। মোয়া [ছয়জনের জন্য]উপকরণ: মুড়ি আধা কেজি, আস্ত জিরা এক চা-চামচ, খেজুরের ঝোলাগুড় আধা কেজি।প্রণালি: গুড় চুলায় দিয়ে কাঠের নাড়ুনি দিয়ে নাড়তে হবে। সিরা যখন ঘন হয়ে লাঠিতে তুললে তারের মতো হবে, তখন আস্ত জিরা ও মুড়ি দিয়ে দ্রুত নাড়তে হবে এবং তাড়াতাড়ি গরম গরম মুড়ির মোয়া বানাতে হবে। ঠান্ডা হয়ে গেলে মোয়া বানানো যাবে না। তাই মোয়া বানানোর সময় অল্প অল্প করে মুড়ি পাক দেওয়া ভালো। মুড়ালি [ছয়জনের জন্য]উপকরণ: ময়দা দুই কাপ, তেল এক কাপের চার ভাগের এক ভাগ, চিনি দেড় কাপ, সাল্টু বা অ্যামোনিয়া এক চা-চামচের চার ভাগের এক ভাগ, লবণ আধা চা-চামচ, তেল এক কাপের চার ভাগের এক ভাগ (ভাজার জন্য)। প্রণালি: ময়দা, অ্যামোনিয়া, লবণ ও তেল একসঙ্গে ময়ান দিয়ে পানি দিয়ে শক্ত খামির বানাতে হবে। রুটি বেলে লম্বা লম্বা করে কাটতে হবে। ডুবোতেলে মাঝারি আঁচে ভাজতে হবে। বাদামি করে ভেজে ঠান্ডা করতে হবে। অন্য পাত্রে চিনি ও সামান্য পানি দিয়ে চিনি গলাতে হবে। ঘন হয়ে এলে কাঠের নাড়ুনি দিয়ে নাড়তে হবে। চিনিতে যখন পাক ধরবে, তখন ভাজা মুড়ালিগুলো দিয়ে দ্রুত নেড়েচেড়ে নামাতে হবে। যদি লাল মুড়ালি বানাতে চান, তবে ওই সিরায় খাওয়ার রং মেশাতে হবে। এভাবে নোনতা মুড়ালিও বানানো যায়। সে ক্ষেত্রে গুড়ের পরিবর্তে বিট লবণ ও মরিচের গুঁড়া মাখাতে হবে।ছাঁচের সন্দেশ [ছয়জনের জন্য]উপকরণ: গুঁড়া দুধ দুই কাপ, ময়দা আধা কাপ, চালের গুঁড়া আধা কাপ, চিনি দেড় কাপ, পানি এক কাপ।প্রণালি: পানি ও চিনি জ্বাল দিতে হবে। সিরা ঘন হয়ে এলে দুধ, ময়দা ও চালের গুঁড়া একসঙ্গে মিশিয়ে সিরার মধ্যে দিয়ে পাক দিতে হবে। এবার ছাঁচ দিয়ে ছাঁচের সন্দেশ বানাতে হবে।