বৈশাখের চার পদ
প্রাণের উৎসব পয়লা বৈশাখে সাজ-সজ্জার পাশাপাশি খাবারেও চাই বাঙালিয়ানা। তাই এই সময় ইলিশ পাতে না পড়লে অতিথি আপ্যায়নও যেন সম্পূর্ণ হয় না। সঙ্গে থাকতে হবে আচার, মিষ্টান্ন আর পিঠাপুলি। বৈশাখের উৎসবকে রসনা তৃপ্তিতে ভরিয়ে তুলতে রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী জোবাইদা আশরাফ

ইলিশ বিন্দিয়া খিচুড়ি
খিচুড়ির উপকরণ: খিচুড়ির জন্য পোলাউ চাল ৫০০ গ্রাম, মুগডাল ২০০ গ্রাম, হলুদ এক চা-চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা পেস্ট এক চা-চামচ, রসুন পেস্ট এক চা-চামচ, তেজপাতা দুই থেকে তিনটি, গরম মসলা পরিমাণমতো, তেল আধা কাপ, ঘি দুই টেবিল চামচ, পানি, লবণ পরিমাণমতো, কাঁচা মরিচ কয়েকটা ফালি করা।
ইলিশ বিন্দিয়ার উপকরণ: কাঁটা বেছে নেওয়া ইলিশ কিমা এক কাপ, পাউরুটি দুই টুকরো, কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ, আদা পেস্ট এক চা-চামচ, রসুন পেস্ট এক চা-চামচ, সরিষা পেস্ট এক চা-চামচ, লেবুর রস এক টেবিল চামচ, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, অয়েস্টার সস দুই চা-চামচ, লবণ পরিমাণমতো।
যেভাবে করতে হবে: প্রথমে খিচুড়ির উপকরণ দিয়ে খিচুড়ি রান্না করতে হবে। ইলিশ কিমার সঙ্গে সব উপকরণ মেখে ৩০ মিনিট ম্যারিনেট করতে হবে। এরপর ছোট ছোট বল করে ডুবো তেলে ভাজতে হবে। খিচুড়ি চুলা থেকে নামানোর আগে ভাঁজে ভাঁজে ইলিশ বিন্দিয়া দিয়ে দমে বসাতে হবে। সুগন্ধ বের হলে ঘি দিয়ে নামাতে হবে।
মধু ফল

উপকরণ: আপেল দুটি (লম্বা টুকরো করা), আনারস এক কাপ (দুই ইঞ্চি লম্বা টুকরো), কলা এক কাপ (দুই ইঞ্চি লম্বা টুকরো), তরমুজ এক কাপ (দুই ইঞ্চি লম্বা টুকরো), মধু আধা কাপ, ব্রাউন সুগার আধা কাপ, লেবুর রস চার ভাগের এক কাপ, মাখন দুই টেবিল চামচ, কাঠি ৮টি।
যেভাবে করতে হবে: টুকরো করা ফলগুলোতে মধু, লেবুর রস, ব্রাউন সুগার দিয়ে মেখে ৩০ মিনিট রেখে দিতে হবে। এবার তরমুজ ছাড়া বাকি ফলগুলো রস থেকে তুলে ননস্টিকে মাখন দিয়ে হালকা ভেজে নিতে হবে। এবার ঠান্ডা করে তরমুজসহ সব ফল কাঠিতে গেঁথে ফ্রিজে ঠান্ডা করে নিতে হবে। ম্যারিনেটের রস দিয়ে পরিবেশন করতে হবে।
করলার শাহি দোলমা আচার

উপকরণ: করলা দুটি, পেঁয়াজ কুচি দেড় কাপ, লেবুর রস সিকি কাপ, আমের কুচি এক কাপ (কাঁচা রোদে শুকানো), আদাবাটা তিন চা-চামচ, রসুনবাটা তিন চা-চামচ, সরষেবাটা দুই টেবিল চামচ, হলুদ গুঁড়া এক চা-চামচ, মরিচ গুঁড়া দুই চা-চামচ, পাঁচফোড়ন এক চা-চামচ, সিরকা এক কাপ, চিনি পৌনে এক কাপ, সরষে তেল আধা কাপ।
যেভাবে করতে হবে: করলা ধুয়ে-মুছে লম্বা করে চিরে ভেতরের বিচি ও শাঁস বের করে আনতে হবে সাবধানে। এক কাপ সিরকায় সেদ্ধ করতে হবে। অন্যদিকে পেঁয়াজকুচি সরষের তেলে বেরেস্তা করে নিতে হবে। অন্য পাত্রে সরষের তেল দিয়ে আদাবাটা, রসুনবাটা, হলুদ গুঁড়া, সরষেবাটা, মরিচ গুঁড়া দিয়ে কষিয়ে আমের ঝুরি, পেঁয়াজের বেরেস্তা দিয়ে কষিয়ে নিতে হবে। দুই টেবিল চামচ সিরকা, দুই টেবিল চামচ চিনি দিতে হবে। এবার লেবুর রস দিয়ে নামাতে হবে। এই পুর করলার ভেতরে ভরে সুতা দিয়ে বেঁধে রাখতে হবে। বয়ামে ভরে সিরকায় ডুবিয়ে সংরক্ষণ করতে হবে। চার মাস সংরক্ষণ করা যাবে।
বৈশাখী মুগ পাকন

উপকরণ: মুগ ডাল দুই কাপ, চিনি আধা কাপ, লবণ সামান্য, চালের গুঁড়া আধা কাপ, ময়দা আধা কাপ, টুথপিক একটা, সাদা তেল এক কাপ।
যেভাবে করতে হবে: মুগ ডাল শুকনো খোলায় ভেজে সিদ্ধ করে রাখুন, প্যানে চিনি ও পানি দিয়ে ঘন সিরাপ তৈরি করুন। সিদ্ধ মুগডালের জল চেপে ফেলে দিয়ে ময়দা, লবণ ও সামান্য চিনি দিয়ে মন্ড তৈরি করতে হবে। অল্প মন্ড নিয়ে আধা ইঞ্চি পুরু করে বেলে বিভিন্ন আকারে পিঠা কেটে তার ওপর টুথপিক দিয়ে গায়ে নকশা করতে হবে। তারপর ডুবো তেলে ভেজে নিতে হবে। এরপর ঠান্ডা চিনির সিরাপে ডুবিয়ে পাক দিয়ে নামাতে হবে।