বৈশাখের নানা রঙ

বাংলা নববর্ষ এলেই শহর ও গ্রামীণ জীবনে লাগে উৎসবের ছোঁয়া। উৎসবের বিচিত্র বর্ণে জেগে ওঠে বাংলাদেশ। গ্রামীণ জনপদের কয়েকটি উৎসবের খবর জানাচ্ছেন সাইমন জাকারিয়া
লাঠিখেলা
বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে বিভিন্ন অঞ্চলে লাঠিখেলার আয়োজন করতে দেখা যায়। একেক এলাকায় লাঠিখেলার একেক নাম। লাঠিখেলার জন্য কুষ্টিয়া, ঝিনাইদহের পাশাপাশি সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা প্রভৃতি জেলার অত্যন্ত সুখ্যাতি রয়েছে। মানিকগঞ্জ অঞ্চলে লাঠিখেলাকে ‘সরদার বাড়ি’ বলা হয়ে থাকে। প্রতি বাংলা বছরের শুরুতে এই অঞ্চলের মানুষ বিশেষভাবে হালখাতার অনুষ্ঠানে লাঠিখেলা প্রদর্শন করেন। এ ধরনের লাঠিখেলার মূল আসর শুরুতে বাদ্য হিসেবে থাল-কলসি বাদন করা হয়।
বাদ্য বাদনের ঝনঝনি আর সুরের মধ্যে ‘সরদার বাড়ি’ প্রদর্শনের জন্য বিভিন্ন বয়সী লাঠিয়াল এসে পরিবেশনা স্থান ও লাঠি স্পর্শ করে ভক্তি বা সালাম প্রদান করেন।
লাঠিখেলার শুরুতে লাঠিয়ালেরা মূলত বাদ্যযন্ত্রের তালে ছন্দোবদ্ধভাবে নৃত্য করে থাকেন। তাঁদের নৃত্যের ভেতর দিয়ে গ্রামবাংলার শ্রমজীবী মানুষের বিচিত্র কর্মভঙ্গি প্রকাশ পায়, যেমন কৃষিকাজের সময় কৃষকেরা কীভাবে ধান রোপণ করেন, কীভাবে তাঁরা ধানের নিড়ানি দেন ইত্যাদি নাচের ভঙ্গিতে তাঁরা উপস্থাপন করেন। এসব নৃত্য উপস্থাপনার মধ্যে একজন দর্শকদের মাঝখান থেকে উঠে এসে নৃত্যশিল্পীদের উদ্দেশে বলেন—‘ভাই সাব, এত কী নাচন করছ! ওই যে, মা-বোনেরা বলছে—আমাদের কাজকর্ম তো কিছুই দেখাতে পারছ না।’ তখন নৃত্যশিল্পীরা মেয়েদের রান্নার উপকরণ তৈরির জন্য বাটনা বাটার নৃত্য করেন। লাঠিয়ালদের এই নৃত্যাংশের পরে আসে লাঠিযুদ্ধের অংশ। এ পর্যায়ে দুই লাঠি, চার লাঠি, ছয় লাঠি ও আট লাঠির যুদ্ধ জমে ওঠে, দর্শকদের মধ্যে দারুণ ভীতিকর শিহরণ তৈরি হয় লাঠির সেই যুদ্ধ দেখে।
অষ্টকগান

গ্রামীণ জীবনে চৈত্রসংক্রান্তি ও নববর্ষ উপলক্ষে পরিবেশিত একটি বর্ণিত পরিবেশনারীতির নাম অষ্টকগান। চৈত্রসংক্রান্তিতে যশোর, খুলনা, ঝিনাইদহ, কুষ্টিয়া প্রভৃতি জেলায় অনেকটা কৃত্য হিসেবেই অষ্টকগান পরিবেশিত হয়ে থাকে। ভ্রাম্যমাণ অষ্টক পরিবেশনায় একদল শিল্পী রাধা-কৃষ্ণ ও অন্যান্য চরিত্র সেজে গ্রামের বিভিন্ন বাড়ির উঠানে ঘুরে ঘুরে রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা বা ঘটনার অংশবিশেষ গীত-নৃত্যের আকারে পরিবেশন করে থাকেন। এ সময় তাঁরা বাড়ির মানুষের কাছ থেকে উপহার হিসেবে গ্রহণ করেন চাল-ডালসহ টাকাপয়সা। অন্যদিকে অষ্টকগানের পূর্ণাঙ্গ আসর আয়োজনের জন্য শিল্পীদের বা অষ্টকগানের দলকে আগে থেকেই বায়না করতে হয়। বায়নাকৃত অষ্টকগানের দল সুনির্দিষ্ট উঠানে এসে বিভিন্ন পালার চরিত্র অনুযায়ী সাজ গ্রহণের মাধ্যমে অষ্টক পরিবেশন করেন। অষ্টকগান পরিবেশনার শুরুতেই থাকে সম্মিলিত বাদ্য বাদন। সম্মিলিত সেই বাদ্য বাদন শুরুর সঙ্গে সঙ্গে উঠানের এক পাশ থেকে কৃষ্ণ, রাধা ও তাঁর অষ্ট সখীগণ দুই বাহু তুলে বাদ্যের তালে নাচতে নাচতে বাদ্যযন্ত্রীদের সামনের অভিনয় স্থানে এসে বৃত্তাকারে কয়েকবার প্রদক্ষিণ করেন। সম্মিলিত বাদ্য বাদন শেষ হতেই কৃষ্ণ ও রাধাসহ সখীগণ দুই দলে বিভক্ত হয়ে মুখোমুখি দাঁড়িয়ে যান। আসে বন্দনাপর্ব। অষ্টকগানের শিল্পীদের মধ্যে শ্রীকৃষ্ণরূপী অভিনেতার মুখোমুখি রাধা ও রাধা-সখীগণ জোড় হাতে বসে বন্দনার সূচনা করেন। সরস্বতী ছাড়া পিতা-মাতা, শিক্ষাগুরুর বন্দনা করা হয় অষ্টকগানের শুরুতে। বন্দনার পর অষ্টকগানের পালা শুরু করা হয় মূল গায়েনের বর্ণনা দিয়ে, যিনি একই সঙ্গে বর্ণনাকারী এবং কৃষ্ণ চরিত্রের অভিনেতা।
পটগান

বাংলাদেশের গ্রামীণ সমাজে চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে নানা রঙের মেলা বসে। এ উপলক্ষে নড়াইল অঞ্চলের কিছু মানুষ বাড়ি বাড়ি ঘুরে পটগান পরিবেশন করেন। পটগান হচ্ছে চিত্রকলানির্ভর একধরনের গীতিনাট্যমূলক পরিবেশনাশিল্প। পরিবেশনাকারীরা এখানে নিজের আঁকা চিত্র ছাড়াও অন্যের আঁকা পটচিত্র নিয়ে পটগান করেন। এ ধরনের শিল্পধারার প্রাচীনত্ব সর্বজনবিদিত। আগেকার দিনে পটগানের শিল্পীরা যখন সুদীর্ঘ পটের ওপর ধর্মরাজ যমের মূর্তি এবং যমালয়ে পাপীদের নিদারুণ শাস্তিভোগের ভয়ংকর দৃশ্য এঁকে গানসহ সাধারণ মানুষের সামনে তুলে ধরতেন, প্রকারন্তরে সেটি মানুষকে পাপ ও অন্যায় কাজ থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করত। এভাবেই পটগানের শিল্পীরা সমাজসংস্কারক বা সমাজের শিক্ষকরূপে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। বর্তমানে ঐতিহ্যবাহী পটগান মুন্সিগঞ্জ, নড়াইল, যশোর, খুলনা ইত্যাদি জেলায় সক্রিয় রয়েছে। এখন পটগানে যমপটের প্রাচীন ঐতিহ্যের শিক্ষামূলক ঐতিহ্যের নবরূপান্তর ঘটেছে। গ্রামীণ জীবনের বিভিন্ন ঘটনার পাশাপাশি লোককথা, লোকপুরাণ ও জনজীবনের রঙ্গরসিকতা পটগানে স্থান করে নিয়েছে।
বুড়া-বুড়ির সঙ

বাংলা নববর্ষের দিন গ্রামীণ ব্যবসায়ীরা হালখাতা করে থাকেন। এই দিন ক্রেতারা বকেয়া পরিশোধ করতে এলে ব্যবসায়ীরা শুধু ক্রেতাদের মিষ্টিমুখ করান না, আয়োজন করেন নানা ধরনের গ্রামীণ খেলাধুলা, নাট্যপালা, অভিনয় ও রঙ্গরসিকতার। আর ফিরে যাবার সময় বকেয়া পরিশোধকারী ক্রেতার হাতে তুলে দেন একটি জিলাপি বা মিষ্টির প্যাকেট। বাংলাদেশের মানিকগঞ্জ অঞ্চলের সাটুরিয়া থানার বিভিন্ন গ্রামে হালখাতার আয়োজনে সরদার বাড়ি বা লাঠিখেলার পাশাপাশি বুড়া-বুড়ির সঙের আয়োজন করা হয়। এ ধরনের পরিবেশনায় মানিকগঞ্জের গ্রামীণ প্রতিমাশিল্পীদের তৈরি নানা ধরনের মুখোশের ব্যবহার লক্ষ করা যায়। তাতে বৃদ্ধ-বৃদ্ধার মুখের অভিব্যক্তি যেমন ফুটে ওঠে, অন্যদিকে অপেক্ষাকৃত কম বয়সী স্ত্রীর মুখের লাবণ্যও প্রত্যক্ষ করা যায় বুড়ার দ্বিতীয় স্ত্রীর মুখোশে। দুই স্ত্রী হলে মানুষের জীবনে কেমন দুর্ভোগ আসে, মূলত তা-ই তুলে ধরা হয় বুড়া-বুড়ির সঙে। প্রথম স্ত্রী চান স্বামী তাঁর সঙ্গে থাকুন আর দ্বিতীয় স্ত্রী কিছুতেই স্বামীকে প্রথম স্ত্রীর কাছে যেতে দেবেন না—এই নিয়ে দ্বন্দ্ব এবং বুড়াকে নিয়ে টানাটানি। নতুন বছরের শুরুতে এ ধরনের পরিবেশনার অর্থ হলো, নতুন বছরে কেউ যেন বহুবিবাহে উৎসাহী না হন। বাংলা নববর্ষের মুখোশ ব্যবহার করে মানবচরিত্রের সমালোচনা করার এমন হাস্যরসাত্মক ভঙ্গি সত্যি নানন্দিক।