বৈশাখের পোশাক প্রদর্শনী
নববর্ষে ফ্যাশন হাউস নিত্য উপহার ‘রুদ্র সুন্দর’ শিরোনামে পোশাক প্রদর্শনীর আয়োজন করেছে। ঢাকার শাহবাগের আজিজ কো অপারেটিভ মার্কেটের গ্যালারী নিত্য উপহারে প্রদর্শনীটি চলছে। ৭ এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রদর্শনীর উদ্বোধন করেন কবি শামীম আজাদ। তিনি বলেন, ‘শিল্প-সাহিত্যের প্রকাশ ঘটিয়ে নিত্য উপহার যে পোশাকের প্রদর্শনীটি করেছে, তা প্রশংসার দাবি রাখে। দেশীয় সংস্কৃতিকে পোশাকের মাধ্যমে ফুটিয়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাস্কর রাসা, ডিজাইনার চন্দ্র শেখর সাহাসহ আরও অনেকে। প্রদর্শনীটি উৎসর্গ করা হয়েছে ফ্যাশন ডিজাইনার প্রয়াত শাহরুখ শহীদের প্রতি। প্রদর্শনীতে নানা রং ও ডিজাইনের টাঙ্গাইল, মসলিন, কোটা, সিল্ক শাড়ির পাশাপাশি মেয়েদের সালোয়ার-কামিজ, ফতুয়া, টপস, ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া ও টি-শার্ট আছে। প্রদর্শনীটি ৩০ এপ্রিল পর্যন্ত সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। নকশা প্রতিবেদক