বৈশাখের রঙিন আয়োজন

মঞ্চের পাশে রাখা শব্দযন্ত্রে রবীন্দ্রনাথের ‘মায়াবনবিহারিণী...’ গানটি বাজছে। গানের তালেই মঞ্চে এলেন মডেলরা। সবার পরনেই বর্ণিল শাড়ি। এই শাড়িগুলোই বার্তা নিয়ে এল—সামনে আসছে বৈশাখ।
২৬ মার্চ বিকেলে ‘কালারস অব বৈশাখ’ শীর্ষক আয়োজনটি হয় ঢাকার প্রগতি সরণির আসবাব প্রস্তুতককারক প্রতিষ্ঠান হোম ডেকোরের বিক্রয়কেন্দ্রে। বৈশাখী প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় পরের দিন ২৭ মার্চ। তবে শুরুর দিনই অনুষ্ঠিত হয় কালারস অব বৈশাখ ফ্যাশন শো।
সন্ধ্যার খানিক পরে শুরু হয় ফ্যাশন শো। আশিকুর রহমানের কোরিওগ্রাফিতে শোতে প্রদর্শিত হয় নওশিন খায়ের, রেনু আলী, শাহনাজ হামিদ, নাদিয়া আলী ও মিমেল নিজামের পোশাক আর ফারজানা নিজামের গয়না।
অনুষ্ঠানটির আয়োজক রুপো শামস বলেন, ‘এক ছাদের নিচে বৈশাখের আয়োজন ফুটিয়ে তুলতেই আমাদের এই আয়োজন।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত ইউন ইয়াং লি, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার সামিনা মেহতাব, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সাবরিনা ইসলাম, অভিনেত্রী শমী কায়সার ও তারিন।
কালারস অব বৈশাখের প্রদর্শনীতে অংশ নেয় বেশ কয়েকটি প্রতিষ্ঠান। বুটিক হাউসের মধ্যে ছিল কোরাল ক্লজেট, নুবায়রা, পারিসা বুটিক, রিডা, রুবায়েজ, পায়রা, ডি নিজাম, এক্সকুইসিট পাঞ্জাবি ও জাস্ট কিডস। রেস্তোরাঁর মধ্যে ছিল গ্লাসহাউস ও কাবাব ফ্যাক্টরি। আরও ছিল আসবাবের প্রতিষ্ঠান এথেনাস ফার্নিচার। এ ছাড়া মীনা হারবাল ও কাজী অ্যান্ড কাজী টি। সৌন্দর্য সহযোগী ছিল ওমেন্স ওয়ার্ল্ড।