
যুক্তরাষ্ট্রের সিনেটর জেমস ইনহোফ ২০১৫ সালের ফেব্রুয়ারিতে সিনেট কক্ষের মেঝেতে একটি বরফের গোলা গড়িয়ে দিয়ে জলবায়ু পরিবর্তনের ব্যাপারটাকেই চ্যালেঞ্জ করে বসেন। তাঁর মতো অনেকেই বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা যদি সত্য হবে, তাহলে এমন ভয়াবহ তুষারপাত হচ্ছে কেন? কেন আমাদের আঙিনায় বরফ জমছে? স্মরণযোগ্য, ওই সময় যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় অংশে প্রবল তুষারপাত হয়, যদিও সে বছর শীতের সময় পশ্চিম অংশ বেশ গরমই ছিল। প্রশ্ন ওঠা স্বাভাবিক, আসলে ব্যাপারটা কী?
১. বিজ্ঞানীরা বলছেন এবং বিশ্বের সবাই একমত হয়েছেন যে কাঠ, কয়লা, তেলসহ জীবাশ্ম জ্বালানি নির্বিচারে পোড়ানোর ফলে বেশি পরিমাণে গ্রিনহাউস গ্যাস ছড়িয়ে পড়ছে। ফলে জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়েছে। পৃথিবীর গড় তাপমাত্রা দ্রুত বাড়ছে।
২. ঊনবিংশ শতাব্দী থেকে গত বছরের শেষ পর্যন্ত সময়কালে পৃথিবীর গড় উষ্ণতা প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি যে সত্য, এতে সন্দেহ নেই।
৩. এই সামান্য উষ্ণতা বৃদ্ধির ফলে লাখ লাখ একর বন মরে যাচ্ছে, ভূপৃষ্ঠের অনেক স্থানে জমাটবাঁধা বরফ গলে যাচ্ছে, আর্কটিক সাগরের হিমবাহ ভেঙে পড়ছে।
৪. জলবায়ু-বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, এই হারে গ্রিনহাউস গ্যাস উদ্গিরিত হতে থাকলে এই শতাব্দীর শেষে আরও অন্তত ২ দশমিক ৭৮ থেকে ৩ দশমিক ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যেতে পারে। ফলে খাদ্য উত্পাদন ক্ষতিগ্রস্ত, সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি ও বৈরী আবহাওয়া দেখা দিতে পারে। আগামী ২০৫০ সালের মধ্যে যদি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা না যায়, তাহলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বিপন্ন হতে পারে।
৫. তাহলে যেখানে জলবায়ু ক্রমাগত তপ্ত হয়ে ওঠার কথা, সেখানে গরমের দেশ সৌদি আরবেও এখন মাঝেমধ্যে প্রবল বৃষ্টি ও বন্যা হয় কেন? ইউরোপ-আমেরিকার দেশগুলোতে এমনকি আগের চেয়েও বেশি তীব্র তুষারপাত হয় কেন? গরম আর ঠান্ডা একসঙ্গে কি যায়? জলবায়ুবিজ্ঞান কি তাহলে সত্য বলছে? এ প্রশ্নে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জলবায়ু-বিজ্ঞানী অ্যাডাম এইচ সোবেল বলছেন, জলবায়ু পরিবর্তনের বিষয়টি হলো দীর্ঘ কয়েক বছরের গড় হিসাব। আর এখানে ঠান্ডা, ওখানে গরমের ব্যাপারটি হলো স্বল্প সময়ের আবহাওয়ার বিষয়। বৈশ্বিক উষ্ণায়নের মধ্যেও শীতকাল থাকবে। জলবায়ু ও আবহাওয়া যে এক নয়, সেটা বুঝলেই উষ্ণায়নের মধ্যেও কোথাও কোথাও তুষারপাতের মতো ঘটনা ব্যাখ্যা করা যায়।
সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস/সায়েন্স টাইমস,
১২ এপ্রিল ২০১৬