বৈষম্য বাড়ছে ব্রাজিলেও
উত্তরোত্তর বাড়ছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের অর্থনৈতিক প্রবৃদ্ধি। তার প্রকাশ ঘটছে নানাভাবে। যেমন দেশটির পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে। রেকর্ডসংখ্যক মানুষ এখন প্যাকেজ হলিডেতে সমুদ্রসৈকতে যাচ্ছে। যদিও পর্যটকের এই স্রোত অনেকে ভালোভাবে নিচ্ছেন না।ওসমার ও মারিয়া ফেরেইরা পর্যটনকেন্দ্র পোর্তো সেগুরোতে এক সপ্তাহের ছুটি কাটাচ্ছেন। স্কুলের পাঠ্যবইয়ে এই ঐতিহাসিক স্থানের কথা পড়েছেন তাঁরা। প্রায় ৫০০ বছর আগে ইউরোপীয়রা প্রথম ওই জায়গায় পা রাখে। বইতে পড়লেও কখনো যে ওই জায়গায় যেতে পারবেন—তা স্বপ্নেও ভাবেনি এই দম্পতি। আগে কখনো বিমানেই চড়েননি। প্যাকেজ হলিডের কথা ভাবেনওনি। কিন্তু তাঁরা এখন পছন্দের জায়গায় বেড়াতে যেতে পারছেন। শুধু ফেরেইরা দম্পতি নয়, ব্রাজিলের বহু মানুষের সেই সামর্থ্য হয়েছে এখন।ওসমার বন্দরনগর সাও পাওলোর অবসরপ্রাপ্ত চিত্রশিল্পী ও শোভাকার (ডেকোরেটর)। অন্যদিকে মারিয়া বিউটি সেলুনে ম্যানিকিউরিস্ট হিসেবে কাজ করছেন। আয় বাড়ায় আগের চেয়ে সচ্ছল জীবন যাপন করছেন তাঁরা।ব্রাজিলের অর্থনৈতিক অগ্রগতি শুধু লাখো মানুষকে দারিদ্র্যের কবল থেকে বের করে আনেনি, এই অগ্রগতি দেশটির নতুন নিম্ন-মধ্যবিত্ত শ্রেণীর আকাঙ্ক্ষাও বাড়িয়ে দিয়েছে। এই শ্রেণী ব্রাজিলে পরিচিত ‘সি ক্লাস’ হিসেবে। ওসমার ও মারিয়া এই শ্রেণীরই মানুষ।সাগরতীরে প্লাস্টিকের চেয়ারে গা এলিয়ে বসা মারিয়া বলেন, ‘বাঁচার জন্য আমাদের শুধু খাবার দরকার নয়। এটাই জীবন! দেখুন, জায়গাটি কত সুন্দর।’বাজার গবেষণা কোম্পানি ডেটা পপুলারের জরিপে দেখা গেছে, ২০০২ থেকে ২০১০ সালের মধ্যে পর্যটনশিল্পে ব্রাজিলের নিম্ন-মধ্যবিত্ত শ্রেণীর অংশগ্রহণ প্রায় দ্বিগুণ হয়ে ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। বর্তমানে ব্রাজিলের বিমানযাত্রীদের প্রায় অর্ধেকই ‘সি ক্লাসের’।এদিকে এই পরিবর্তন ব্রাজিলের কিছু মানুষের মধ্যে একধরনের মানসিক চাপ তৈরি করেছে। একশ্রেণীর মানুষের মাঝে এই অনুভূতির সৃষ্টি হয়েছে যে তাঁদের জায়গায় অন্যরা হানা দিচ্ছে।পোর্তো সেগুরোর দক্ষিণের একটি গ্রাম ট্রানকোসো। বরাবরই এটি অভিজাত পর্যটন এলাকা হিসেবে পরিচিত। কিন্তু এখন অনেকেই সেখানে যাচ্ছেন, যাঁরা তত ‘অভিজাত’ নন। অবসরপ্রাপ্ত অগ্নিনির্বাপণ কর্মী নরমা স্যান্ডেস বলেন, ‘যেসব মানুষ ট্রানকোসোতে আসছে, তাদের আচার-আচরণ আরও ভালো হওয়া প্রয়োজন। জায়গাটির প্রতি আরও বেশি সম্মান দেখানো উচিত তাদের।’ এক দশকেরও বেশি সময় ধরে এই গ্রামে ছুটি কাটাতে আসেন নরমা। তিনি বলেন, কয়েক বছর ধরে যাঁরা আসছেন, তাঁরা অনেক অন্যরকম।সাংবাদিক আনা কাম্পোলিনা বছরে অন্তত দুইবার স্বামীসহ ট্রানকোসোয় বেড়াতে আসেন। তিনি বলেন, ‘আমাদের চোখে পড়েছে যে এখন যাঁরা আসছেন, তাঁদের অনেকেই এ কিংবা বি নন, বরং সি ক্লাসের। তাঁদের আচার-আচরণ ও পোশাক থেকে সেটা পরিষ্কার।’যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নটর ডেমের প্রফেসর ইমেরিটাস ব্রাজিলিয়ান নৃবিজ্ঞানী রবার্তো ডা-মাট্টা বলেন, অর্থনৈতিক সচ্ছলতা ব্রাজিলের মানুষের ‘সমতার প্রতি বিরোধিতা’কে প্রকাশ্যে তুলে ধরেছে। তিনি বলেন, ‘পদবি ও বংশ বা পদমর্যাদার প্রতি ভালোবাসা আমাদের পর্তুগিজ ঐতিহ্যের অংশ। এখানকার লোকেরা নিজেদের ভিন্ন, অন্যদের চেয়ে শ্রেষ্ঠ হিসেবে দেখতে চান। তাঁরা মিশ্রণ পছন্দ করেন না।’ব্রাজিলের পরিবর্তনশীল সমাজ সম্পর্কে ঐতিহ্যবাহী অভিজাতদের অস্বস্তির আরও প্রমাণ পাওয়া গেছে ডেটা পপুলারের নেওয়া জরিপে। এতে এ ও বি শ্রেণীর ৪৮ শতাংশ বলেছে, বিভিন্ন পরিষেবা অনেক বেশি সহজলভ্য হয়ে পড়ায় সেবার মান কমে গেছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রেনাটো মেইরেলেস বলেন, লোকের অভিযোগ শুনে তাঁরা এই জরিপ চালানোর সিদ্ধান্ত নেন। উদাহরণ হিসেবে বলা যায়, বিমানবন্দরগুলোতে মানুষের ভিড় এখন অনেক বেশি। তিনি বলেন, জরিপে দেখা গেছে নবাগতদের গ্রহণ করার ব্যাপারে উচ্চশ্রেণীর দিক থেকে শক্ত বিরোধিতা রয়েছে। রেনাটো মেইরেলেসের ধারণা, সব নাগরিককেই এই সেবা দেওয়ার জন্য ব্রাজিল যখন আরও ভালোভাবে প্রস্তুত হবে, তখনই কেবল এই উত্তেজনা নিরসন সম্ভব। উদাহরণ হিসেবে তিনি বলেন, বিমানবন্দরগুলোতে যদি যথেষ্ট জায়গা থাকে, তাহলে আর এত উত্তেজনা থাকবে না। দাউদ ইসলাম, বিবিসি অবলম্বনে