বৈষম্য রোধে সচেতন হতে হবে নারীদের
নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটি ও কক্সবাজার আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে বিভিন্ন সংগঠন। আলোচনা সভায় বক্তারা সমাজ থেকে নারী-পুরুষ বৈষম্য ও নারীদের ওপর সহিংসতা রোধে নারীদের আরও সচেতন হওয়ার ওপর জোর দেন। আমাদের নিজস্ব প্রতিবেদকের পাঠানো খবর:রাঙামাটি: দিবসটি উপলক্ষে গত শুক্রবার রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন আয়োজন করে শোভাযাত্রা ও সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি জড়িতা চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, মাধবী লতা চাকমা, প্রকৃতি রঞ্জন চাকমা, কনিকা বড়ুয়া, জুয়েল দেওয়ান, সজীব চাকমা, উদয়ন বড়ুয়া প্রমুখ।রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সভায় রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলো রাণী আইচ, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জুলিকা খীসা ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ানকে সম্মাননা দেওয়া হয়। রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বাঞ্ছিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল। বিকেলে কোতোয়ালি থানা মাঠে পুলিশ প্রশাসনের ভিকটিম সাপোর্ট সেন্টারের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শৈল বিপণি বিতানের সামনে নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে মোমবাতি প্রজ্জ্লন করে প্রথম আলো রাঙামাটি বন্ু্ল সভাসহ বিভিন্ন বেসরকারি সংগঠন। কক্সবাজার: ‘নারীর তথ্য পাওয়ার অধিকার: ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার’ এই স্লোগান নিয়ে ৮ মার্চ কক্সবাজার সদর, উখিয়া, টেকনাফ ও চকরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।ওইদিন সকাল ১০টায় শহরের প্রধান সড়কে শোভাযাত্রা বের করে কক্সবাজার বিকশিত নারী নেটওয়ার্ক। নারী দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসন ও টিআইবি’র (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) উদ্যোগে সকালে শোভাযাত্রা বের হয়। পরে থানা সেন্টারে নারীর অধিকারের দাবিতে মানববন্ধন করা হয়। উখিয়া ও টেকনাফের বিভিন্ন সংগঠনও দিবসটি পালন করে।