সম্প্রতি নারী কাউন্সিলরদের জন্য বৈষম্যমূলক প্রতীক ব্যবহার করায় নিন্দা ও ক্ষোভের মুখে পড়েছে নির্বাচন কমিশন। প্রতিটি প্রতীকের পক্ষে জোরালো যুক্তি পেশ করলে তারা কী বলতে পারত?

চুড়ি
‘কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি...।’ চুড়ির কারণে সংসার ভাঙতে পারে। তাই পারিবারিক শান্তির এই প্রতীকটি কেন নির্বাচনের প্রতীক হবে না? আর দয়া করে বিউটি শপগুলোতে যান। দেখেন যে চুড়ি শুধু মেয়েদেরই অলংকার কি না! চুড়ি এখন মেয়েরা যত পরে, তার চেয়ে হাজার গুণ বেশি পরে ছেলেরা। ছেলেদের হাতে এখন প্লাস্টিকের থেকে শুরু করে তামার, পিতলের, লোহার, দস্তার, সোনার—হেন কোনো ধাতু নেই যে তার চুড়ি দেখা যায় না!

ফ্রক
আপনারা জানেন, হুমায়ূন আহমেদকে তাঁর বাবা শৈশবে ফ্রক পরিয়েছিলেন? হুমায়ূন আহমেদ ছেলেবেলায় ফ্রক পরতে পারেন, আর এখন তা প্রতীক হতে পারে না? পোশাকের দোকানগুলোয় গেলে দেখতে পাবেন, সবচেয়ে সুন্দর করে সবচেয়ে যত্নে সাজানো আছে শিশুদের ফ্রক। আপনারা যাঁরা ফ্রকের বিরুদ্ধে, তাঁদের বলি—নতুন একটা ফ্রক যখন কোনো শিশুকে দেওয়া হয়, তখন তাদের মুখের হাসিটা কেউ দেখেছেন? যদি না দেখে থাকেন, তাহলে নির্বাচনের আগেই একটা ফ্রক কিনে কাছেপিঠের কোনো শিশুকে উপহার দিন...দেখুন, ফ্রক ওই শিশুকে এবং আপনাকে কতটা আনন্দ দেয়।
কাঁচি
এখানে নারীদের অসম্মানের তো কিছু দেখছি না! আপনি টেইলার্স বা স্যালনগুলোর দিকে তাকান। দেখতে পাবেন কাঁচি ব্যবহার করা অধিকাংশ দরজি ও নাপিতই কিন্তু পুরুষ। এ ছাড়া কাঁচি হলো আমাদের জাতীয় সম্পদ। কাঁচি দিয়ে কেটেই সিনেমা সেন্সর করা হয়, আবার এই কাঁচি দিয়ে কাগজ কেটে ফুল, পাখি, পুতুল—কত কিছু বানানো যায়। কাঁচি আমাদের ঘরোয়া জীবনে যেমন মিশে আছে, তেমনি মিশে আছে বাইরের জীবনেও। কাঁচি আমাদের চুল ছেঁটে, কাপড় কেটে ভদ্রস্থ রাখে, সভ্য রাখে। কাঁচির বিরুদ্ধে ষড়যন্ত্র মানে আসলে সভ্যতার বিরুদ্ধে ষড়যন্ত্র।

হারমোনিয়াম
গান কিন্তু নারী-পুরুষ উভয়েই গায়। জাতি হিসেবে আমরা যে সংস্কৃতিমনা এবং এখানে যে নারী-পুরুষের বিভেদ নেই, এ প্রতীকের মাধ্যমে সেটাই ফুটে ওঠে। আর হারমোনিয়াম প্রকাশ করে, আমরা সুরে বিশ্বাসী, অসুরে নয়। আমরা গানে বিশ্বাসী, Gun-এ নয়!

পুতুল
মনে পড়ে যাচ্ছে পুতুলনাচের ইতিকথা। মনে পড়ে যাচ্ছে ডলস হাউস। পুতুল শুধু মেয়েদের খেলার সামগ্রী নয়। পুতুলের অর্থ যে কত ব্যাপক ও বিস্তৃত, তা এসব রচনায় পাওয়া যাবে। টেপাপুতুলে ধরা পড়ে কৃষ্টি-কালচার। অথচ পুতুল যখন প্রতীক হয়ে ওঠে, তখন আপনারা হইহই করে ওঠেন। নিজের শৈশবের কথা মনে করুন তো... একটা সুন্দর পুতুল পাওয়ার জন্য আপনার মন লাফিয়ে ওঠেনি? পুতুল সৌন্দর্য আর শৈশবের প্রতীক। কবি বলেছেন, ‘লুকিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে!’ আমরা বলি, লুকিয়ে আছে ভোটের প্রতীক সব পুতুলের অন্তরে!

মৌমাছি
আমি মনে করি, যারা বিরোধিতা করছে, তাদের জ্ঞানের স্বল্পতা আছে! একটা মৌচাকে একটি রানি মৌমাছি থাকে। রানি মৌমাছিকে ঘিরে থাকে হাজার হাজার কর্মী মৌমাছি। কর্মী মৌমাছিদের সবাই আসলে পুরুষ। এ ছাড়া আরেকটি কারণ আছে, অলস বাঙালিকে চাঙা করতেই আমরা প্রতীক হিসেবে নিয়ে এসেছি মৌমাছিকে। আমরা সবাই মৌমাছির মতো কর্মঠ হব—এই আমাদের একান্ত আশা।

গ্যাসের চুলা
এটা মানা কঠিন যে গ্যাসের চুলা একটা বৈষম্যমূলক প্রতীক। গ্যাস আমাদের জাতীয় সম্পদ। শুধু নারীরাই যে গ্যাসের চুলা ব্যবহার করবেন—আমাদের এ ধারণা থেকে বেরিয়ে আসার সময় এসেছে। গ্যাসের চুলা একটি আধুনিক, বিজ্ঞানমনস্ক, ডিজিটাল ও উন্নত বিষয়। এটি পৌর নির্বাচন। পৌরবাসী প্রায় সবাই গ্যাসের চুলায় অভ্যস্ত। প্রতীক হিসেবে গ্যাসের চুলা তাই অত্যন্ত কার্যকর।

ভ্যানিটি ব্যাগ
সাংবাদিক: স্যার, ভ্যানিটি ব্যাগের বিষয়টা...?
কর্তৃপক্ষ: দেখুন, এই প্রতীকটা আসলে আমার ব্যক্তিগত পছন্দের বিষয়।
সাংবাদিক: স্যার, যদি একটু বুঝিয়ে বলতেন...
কর্তৃপক্ষ: আসলে পুরো মাসের বেতনটা আপনাদের ভাবির হাতেই তুলে দিই। অফিসে আসার সময় সে প্রতিদিন আমাকে তার ভ্যানিটি ব্যাগ থেকে টাকা বের করে দেয়। তাই ওর ভ্যানিটি ব্যাগের ওপর আমার একটা বিশেষ আকর্ষণ বা সমীহ ভাব আছে। থাকে না এমন আকর্ষণ?
সাংবাদিক: জি স্যার, থাকতেই পারে। তা-ও ভালো যে আপনি এভাবে ব্যাখ্যা করলেন! তা না হলে তো এটাকেও আমরা বৈষম্যমূলক প্রতীক ভেবে ভুল করতাম!