বৈসাবি উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈসাবিতে ফুল ভাসিয়ে শিক্ষার্থীদের মঙ্গল প্রার্থনা। ছবি: স্বপ্ন নিয়ে
বৈসাবিতে ফুল ভাসিয়ে শিক্ষার্থীদের মঙ্গল প্রার্থনা। ছবি: স্বপ্ন নিয়ে

আজ তিন পার্বত্য জেলায় শুরু হচ্ছে বর্ষবিদায় আর বর্ষবরণ উৎসব ‘বৈসাবি’। জমজমাট আয়োজনে মুখরিত পাহাড়ি জনপদ। আর সেই আয়োজনের আঁচ লেগেছে রাজধানীর আদিবাসী তরুণদের মধ্যেও। এবারের বৈসাবি উৎসবে ঢাকার বেশির ভাগ আদিবাসী শিক্ষার্থী বাড়ি ফিরেছে নাড়ির টানে, নিজের প্রিয় গ্রামে।
ঢাকায় বসবাসরত আদিবাসী শিক্ষার্থীদের এক আড্ডায় আমরা ধানমন্ডির রবীন্দ্রসরোবরে মুখোমুখি হই। বৈসাবি উৎসবের প্রচলিত রীতির কথা জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সুলভ চাকমার কাছে। তিনি জানান, পাহাড়ের প্রধান তিন সম্প্রদায় ভিন্ন ভিন্ন নামে উৎসবটি পালন করে। পাহাড়ের এই উৎসবকে ত্রিপুরারা বলে ‘বৈসুক’, মারমারা বলে ‘সাংগ্রাই’ আর চাকমারা বলে ‘বিঝু’। ত্রিপুরাদের বৈসুক থেকে ‘বৈ’, মারমাদের সাংগ্রাই থেকে ‘সা’, আর চাকমাদের বিজু থেকে ‘বি’—একত্রে ‘বৈ-সা-বি’ নামে পরিচিতি পেয়েছে শহরজীবনে।
উৎসবের সুর বেজেছে সবার মনে। বাজবেই বা না কেন, বৈসাবি মানেই তো তারুণ্যচ্ছটা। বৈসাবি মানেই আনন্দ, হইহুল্লোড়, দল বেঁধে ঘুরে বেড়ানো। বৈসাবি পাহাড়ি আদিবাসীদের প্রধান উৎসব। চৈত্রের শেষ দিন ও বাংলা নতুন বছরকে স্বাগত জানাতেই আয়োজন করা হয় বৈসাবি। বাড়ি ফেরার প্রস্তুতির কথা বলছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মানকুমারী, ‘আমি অনেক আগে বাড়ি যাওয়ার অগ্রিম টিকিট কেটে রেখেছি। এখন শুধু পরীক্ষাটা শেষ হলেই বাঁচি। তারপর সোজা খাগড়াছড়ির পথে রওনা দেব।’
উৎসবের আগে ঢাকায় এসেছেন এনভিল চাকমা। তিনিও রাঙামাটি ফিরবেন উৎসবের আগেই। এনভিল জানান, চৈত্র মাসের শেষ দুই দিনকে আমরা বলি ফুল বিঝু ও মূল বিঝু আর নববর্ষের প্রথম দিনকে বলা হয় ‘গজ্যোপজ্যে’ দিন। ফুল বিঝুর দিন আমরা খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে নদীতে ফুল ভাসিয়ে দিই। এরপর নিজেদের ঘরবাড়ি ফুল দিয়ে সাজিয়ে থাকি।
অন্যদিকে যারা পরীক্ষা কিংবা পারিবারিক কারণে ঢাকাতেই থাকছে, উৎসব ঘিরে তাদেরও যেন পরিকল্পনার শেষ নেই। তাদেরই একজন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর সাজাং চাকমা। তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষার কারণে বাড়িতে যেতে পারছি না। তবে কেনাকাটা সেরে ফেলেছি, বিঝুতে কোথায় ঘোরা যায়, সেটা নিয়েও বন্ধুরা মিলে ঠিক করছি।’
ওদিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মুন ত্রিপুরা মনে মনে ভেবে রেখেছেন উৎসবে কী কী করবেন। তিনি বলেন, ‘উৎসবের দিন সকালে ঘুম থেকে উঠে ঘরবাড়ি ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করব, ফুল দিয়ে ঘর সাজাব। আর বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াব।’