
খাগড়াছড়ি পৌঁছানোর পর আমাদের চোখের পাতা আর নড়ে না! চারদিকে যেন আনন্দের ঝড় বয়ে যাচ্ছে। বাস, সিএনজি, লেগুনা, পিকআপ ভ্যান—সবখানেই মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস। হবেই বা না কেন, এ যে বৈসাবি উৎসব! এ যে সারা বছরের সুখ-দুঃখ ভাগাভাগি করার সময়!
পড়াশোনাকে টা-টা দিয়ে আমরা কজন (আমি, প্রীতি, সনকা, বিজন আর মাহফুজ) গিয়েছিলাম খাগড়াছড়ি। বাসে চেপে ছোটখাটো নানা ঝামেলা পেরিয়ে অবশেষে আমরা পৌঁছালাম গন্তব্যস্থলে। তারপর শুরু হলো বৈসাবি উৎসবে মেতে ওঠা। বৈসাবি কী, তা সবাই জানে। তা-ও বলি, এ উৎসবকে ত্রিপুরারা বলে বৈসু, মারমারা বলে সাংগ্রাই, চাকমারা বলে বিজু। তিনটির আদ্যক্ষর নিয়ে ‘বৈ-সা-বি’।
উৎসবের প্রথম দিন আমরা যাই খাগড়াছড়ির ঐতিহ্যবাহী চেঙ্গী নদীতে। সেখানে ফুল ভাসিয়ে দিয়ে নতুন বছরকে স্বাগত জানাই। পুরোনো বছরের ব্যর্থতা ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে এই ফুল ভাসিয়ে দেওয়া হয় গঙ্গাদেবীর উদ্দেশে। এরপর আমরা যাই আমাদের চাকমা সহপাঠীমিমোসাদের বাড়ি। সেখানে গিয়ে তো আমরা অবাক! আমাদের জন্য রান্না করে রাখা হয়েছে নানা মুখরোচক খাবার। কোনটা রেখে কোনটা খাই? বন্ধু বিজনকে আমরা স্বল্পাহারী বলেই জানতাম, কিন্তু সে যে এমনভাবে সব খাবার সাবাড় করে দেবে, তা ছিল আমাদের ধারণার বাইরে।
সবচেয়ে মজাদার আর ভিন্ন পদের মধ্যে ছিল ‘পাজন’। প্রায় ২৫ রকমের সবজি দিয়ে এটা রান্না করা হয়। খাওয়ার পর্ব শেষে চলে গেলাম ঐতিহ্যবাহী চাকমা নৃত্যে। ‘তুরু তুরু তুরু রু বাজি বাজাত্তে/ পাড়ায় পাড়ায় বেরেবং বেক্কুন মিলিনে/ এচ্যে বিজু, বিজু, বিজু...’ বিজু উৎসবের এই গানের সঙ্গে তাল মিলিয়ে ধুন্ধুমার নাচছিল মাহফুজ। মাহফুজের সঙ্গে যোগ দিলাম আমরাও। এমনভাবে মিশে গেলাম চাকমা তরুণ-তরুণীদের সঙ্গে যে মনেই হচ্ছিল না আমরা এই জনগোষ্ঠীর বাইরের কেউ।
উৎসবের দ্বিতীয় দিন দেখলাম ত্রিপুরাদের গড়াইয়া নৃত্য। গড়াইয়া নৃত্যদল গ্রামের প্রতি ঘরের উঠোনে নৃত্য পরিবেশন করে। প্রতিটি ঘরের উঠোনে গড়াইয়া নৃত্য শেষে শিল্পীদের মুরগির বাচ্চা, চাল প্রভৃতি দেওয়া হয়। এসব পেয়ে নৃত্যশিল্পীরা গৃহস্থকে আশীর্বাদ করেন। এই লোকনৃত্যে ১৬ জন থেকে সর্বোচ্চ ৫০০ জন পর্যন্ত অংশ নিতে পারেন। ঝলমলে সাজ-পোশাকে ত্রিপুরা তরুণ-তরুণীদের নৃত্যে হারিয়ে গিয়েছিলাম আমরা। আমাদের সফরসঙ্গী সনকা আর প্রীতিও যোগ দিল তাঁদের সঙ্গে। আমরা আবিষ্কার করলাম আগামীর দুজন প্রখ্যাত নৃত্যশিল্পীকে!
সবশেষে আমরা যাই মারমাদের ঐতিহ্যবাহী জলকেলি উৎসবে। এটা ছিল সবচেয়ে মজার পর্ব। জলকেলির নিয়ম হচ্ছে, একটি বড় শামিয়ানার নিচে দুটি বড় নৌকায় মেশিনের সাহায্যে পানির লাইন স্থাপন করে পানি ভর্তি করা হবে। দুটি নৌকার একটির পাশে দাঁড়াবে মারমা তরুণদের দল আর অন্য নৌকার পাশে তরুণীদের দল। সাংগ্রাই উৎসবের মঞ্চে ওই সময় পরিবেশিত হবে মারমা সংগীত। গান বা সংগীতের মূর্ছনার সঙ্গে সঙ্গে তরুণ-তরুণীর দল একে অন্যের গায়ে পানি ছিটিয়ে আনন্দ উপভোগ করবে। এই জল ছিটিয়ে দিলে তাদের মনের সব পাপ-পঙ্কিলতা দূর হয়ে যায়। তবে জল ছিটিয়ে দেওয়ার পর কেউ যদি চোখের পাতা বন্ধ করেন বা মুখে হাত দিয়ে পানি মোছার চেষ্টা করেন, তাহলে তাঁকে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়তে হয়।
তবে আমাদের ছিটকে পড়ার দুঃখ ভুলিয়ে দিল বিজনের বাঁশ বিজয়! জলকেলির একই মাঠে চলছিল একটি তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে ওঠার প্রতিযোগিতা। বিজন তরতর করে তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে উঠে গেল। আমরা হা করে তাকিয়ে দেখলাম তার এমন অদ্ভুত বিজয়! মনে মনে খুশি লাগল এই ভেবে যে একটা বিজয়ের আনন্দ নিয়ে ঢাকায় ফেরা যাবে!
শাফিন আহমেদ
নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।