বৈসাবি উৎসবে শামিল হলো বমরাও
বান্দরবানে আদিবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক উৎসব বৈসাবি প্রথমবারের মতো বম আদিবাসীরাও উদ্যাপনের উদ্যোগ নিয়েছেন। এ উপলক্ষে ২ বৈশাখ (১৫ এপ্রিল) লাইমিপাড়ায় বম আদিবাসী মেলার আয়োজন করা হবে। এতে বিলুপ্তপ্রায় খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী পোশাকের প্রদর্শনী থাকবে বলে আয়োজকেরা জানিয়েছেন। তিন পার্বত্য জেলার ১১টি আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে বম, পাংখুয়া ও লুসাই ছাড়া সবাই বৈসাবি উদ্যাপন করে। এবার বম আদিবাসীরা উৎসব উদ্যাপনের উদ্যোগ নেওয়ায় এ উৎসব আরও বৈচিত্র্যময় হবে বলে আশা করছেন সাংস্কৃতিক কর্মীরা। লাইমিপাড়ার উৎসব আয়োজন কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য পাকদির বম বলেন, ‘অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে সাংস্কৃতিক সংহতি রক্ষার জন্য এবার বম জনগোষ্ঠী বৈসাবি উৎসব উদ্যাপনের উদ্যোগ নিয়েছে।’ তিনি জানান, পয়লা বৈশাখে বৈসাবির মূল উৎসব হওয়ায় অন্যান্য জনগোষ্ঠীর লোকজনের উপস্থিতি সম্ভব না-ও হতে পারে। এ জন্য বমরা ২ বৈশাখ উৎসব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। উৎসবে অংশ নেওয়ার জন্য বমদের বিভিন্ন পাড়া ও গ্রামে সংবাদ পাঠানো হয়েছে বলেও পাকদির বম জানান।উৎসব আয়োজন কমিটির সদস্য ও লেখক জিরকুং সাহু বলেছেন, বৈসাবি উৎসবের সঙ্গে সংগতি রেখে বম মেলার আয়োজন করবেন। নিজেদের বিলুপ্তপ্রায় জীবনধারা পুনরুজ্জীবিত করার জন্য মেলার উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতিযোগিতা, নাচ ও গান পরিবেশন করা হবে। এ ছাড়া বম সমাজের ঐতিহ্যবাহী পোশাক প্রদর্শনী, বম সমাজের সামগ্রিক জীবনধারা তুলে ধরা হবে। বম সমাজের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা সভারও আয়োজন করা হবে। আলোচনা সভায় বিশিষ্ট বম নেতারা তাঁদের মতামত তুলে ধরবেন। বম সমাজকে এক দিনের জন্য হলেও ফেলে আসা ঐতিহ্যধারায় ফিরিয়ে নিতে পারলে বর্তমানের সঙ্গে সেতুবন্ধন তৈরি হবে বলে জিরকুং সাহু মন্তব্য করেন। প্রসঙ্গত বম, পাংখুয়া ও লুসাইরা বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের শেষের দিকে খ্রিষ্টান ধর্মে দীক্ষিত হওয়ার আগে প্রকৃতি পূজারি ছিলেন। তাঁরা দুর্গম পাহাড়ের গহিন বনাঞ্চলে বিচ্ছিন্নভাবে বসবাস করতেন। বৈসাবি উৎসবের সংস্কৃতি থেকেও দূরে ছিলেন তাঁরা। পার্বত্য চট্টগ্রামে ২৯ চৈত্র (১২ এপ্রিল) থেকে পুরোনো বছরের বিদায় ও নতুন বছরকে বরণের উৎসব বৈসাবি শুরু হবে। এ উৎসব উপলক্ষে মারমা, ত্রিপুরা, ম্রো, চাকমাসহ অন্যান্য জনগোষ্ঠীর লোকজনও ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। বাংলা বর্ষপঞ্জি অনুসারে ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা ও চাকমা জনগোষ্ঠীর লোকজন ২৯ চৈত্র ফুল বৈসাবি, ৩০ চৈত্র মূল বৈসাবি এবং পয়লা বৈশাখ বৈসাবির শেষ দিন পালন করবেন। আবার বর্মী বর্ষপঞ্জি অনুযায়ী মারমা ও অন্যান্য জনগোষ্ঠীর সদস্যরা ৩০ চৈত্র (১৩ এপ্রিল) থেকে বৈসাবি শুরু হবে। বান্দরবানের বৈসাবি উদ্যাপন কমিটির সভাপতি মংহ্নৈচিং মারমা জানিয়েছেন সাংগ্রাইং উৎসবে ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ১৫ এপ্রিল থেকে মৈত্রী পানিবর্ষণ হবে। ১৬ এপ্রিল উৎসব শেষ হবে।