বৈসাবিতে ওরা ফিরছে ঘরে
‘বৈসাবি’ উৎসব নামটি কি কখনো শোনা বা উৎসবটা কি দেখা হয়েছে? ত্রিপুরা, মারমা ও চাকমা আদিবাসীদের বর্ষবরণ ও বর্ষবিদায় উৎসবের নাম বৈসাবি উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিই চত্বরে দেখা হলো সমাজবিজ্ঞান বিভাগের পারিকা ও ইতিহাস বিভাগের সুভদ্রার সঙ্গে। তাঁরা চাকমা সম্প্রদায়ের। রাঙামাটিতে তাঁদের বসবাস। তাঁরা জানালেন, বৈসাবি উৎসবকে আমরা বলি বিজু উৎসব। একেবারেই অন্য রকম আমাদের বর্ষবিদায় ও বর্ষবরণের উৎসব। বিজু উৎসব উদ্যাপনের মূল অংশ ফুল বিজু। ফুল নদীতে ভাসিয়ে দেওয়ার মাধ্যমে পুরোনো বছরকে বিদায় জানোনো হয়। আমাদের উপাসনালয় ও ঘরবাড়ি সাজানো হয় ফুল দিয়ে। ঘরবাড়ি পরিষ্কার করার মাধ্যমে অতীতের জরাজীর্ণতাকে ধুয়ে-মুছে ফেলি। তা ছাড়া সারা বছর যা-ই হোক না কেন, বছরের শেষে বাড়ির বয়োজ্যেষ্ঠদের দায়িত্ব তুলে দেওয়া হয় আমাদের নতুন প্রজন্মের ওপর। তাঁদের গোসল করানো, খাওয়ানো—এগুলো আমাদের কাজ তখন। বড়দের সাধারণ সেবার মাধ্যমে যেন আমরা আমাদের দায়িত্ব বুঝে নিই।’হিসাববিজ্ঞান বিভাগের বাবু। তাঁদের মানে মারমাদের কাছে উৎসবটি সাংগ্রাই। চৈত্রের ২৯ তারিখে তাঁরা ফুল নদীতে ভাসিয়ে দিয়ে বর্ষবিদায় অনুষ্ঠান করে। বুদ্ধমূর্তি পানি দিয়ে ধুয়ে ফেলা হয়। যেন নতুন সম্ভাবনা নিয়ে আসেন বুদ্ধদেব। বিশেষভাবে প্রার্থনা করা হয় নতুন বছরের জন্য। ‘পানি ছিটানো একটি খেলা আছে আমাদের’—জানালেন বাবু। ‘আমাদের ভাষায় তা রিবোয়ে, বাংলায় জল উৎসব বলা যায়।’ ‘সাংগ্রাইং মা ঙি ঙি ঞাঞা রিকেজ কে পাথে—এর বাংলা হবে সাংগ্রাই সকাল-বিকেল পানি খেলব’ এই বলে একে অপরের গায়ে পানি ছিটানো হয়। এ ছাড়া আমাদের মধ্যে একটি বিশেষ খেলা (দঅ্)। ‘তোদের থেকে আমাদের উৎসব আরও মজার!’ রসিকতা করে বললেন বিবিএর শিক্ষার্থী অর্পণ ও তিমখিয়। তাঁরা ত্রিপুরা। ‘চৈত্রের ২৯ তারিখে আমাদের উৎসব শুরু হয়। বিশেষ নাচ ‘থেরে বাই’ দিয়ে। এই নাচে অভিনয়ের মাধ্যমে আমাদের প্রতিদিনের জীবনযাত্রা তুলে ধরা হয়। আমাদের চাষ পদ্ধতি, অতিথি আপ্যায়ন ইত্যাদি থাকে তাতে। ফুলের ব্যাপারটা আমাদেরও আলাদা নয়। কুঁচাই গাছের পাতা কুঁচি করে হলুদ গুঁড়া পানির সঙ্গে মিশিয়ে কপালে ফোঁটা দেওয়া হয়। এটি পবিত্রতার প্রতীক।’তাঁরা বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিতে ফিরে যাবেন বাড়ি। এ জন্য প্রতীক্ষা করছেন। পার্বত্য তিনটি জেলা এখন এই উৎসবের রঙেই সাজছে। ত্রিপুরাদের (বৈসুক), মারমাদের (সাংগ্রাই) ও চাকমাদের (বিজু)—এই তিনে মিলেই উৎসবের নামের সম্মিলন বৈসাবি উৎসব।