বৈসাবিতে পাহাড়ে শুঁটকির জমজমাট ব্যবসা
পাহাড়ে ঐতিহ্যবাহী বৈসাবি উৎসবকে উপলক্ষ করে শুঁটকির ব্যবসা তুঙ্গে উঠেছে। সাধারণ অবস্থার চেয়ে বর্তমানে এর চাহিদা দ্বিগুণ বেড়েছে। বাজারে শুঁটকির বৈচিত্র্যও বেড়েছে। ঐতিহ্যবাহী উৎসবে আদিবাসীরা বিভিন্ন প্রকার শাকসবজি দিয়ে রান্না করা তরকারি (পাজন/পাচন) ঘরে ঘরে পরিবেশন করে থাকে। এই পাচন ছাড়া বৈসাবি কল্পনা করা যায় না। আদিবাসীরা তা সাধারণত শুঁটকি দিয়ে রান্না করে।বৈসাবি শুরুর প্রায় দু-তিন সপ্তাহ আগে থেকে শুঁটকি ব্যবসায়ীদের ব্যস্ততা বেড়ে যায়। তাঁরা বাজারে তোলেন লাক্ষা, কোরাল, শোল, ঘন্যা, বাঁচামাছ, মাট্যা, রূপচাঁদার মতো নানা প্রকারের শুঁটকি।খাগড়াছড়ি বাজারের শুঁটকি ব্যবসায়ী অনুপম বড়ুয়া জানান, শুঁটকিতে বিষ প্রয়োগ করে সংরক্ষণ করার কথা পত্রপত্রিকায় প্রচার এবং অত্যধিক মূল্য বৃদ্ধি পাওয়ায় আগের তুলনায় শুঁটকি বিক্রি কমে গিয়েছিল। তিনি বলেন, ‘আমরা দুই পুরুষ ধরে এ ব্যবসা করছি। চট্টগ্রামের বড় বড় আড়তদার থেকে শুঁটকি আনি। তাঁরা কোল্ড স্টোরে শুঁটকি সংরক্ষণ করেন। কোল্ড স্টোরে সংরক্ষণ করলে শুঁটকিতে বিষ প্রয়োগের প্রয়োজন হয় না। এটা আমরা সাধারণ মানুষকে বোঝাতে পারি না।’ সাধারণত এ সময়টা শুঁটকির মৌসুম। সাগর থেকে মাছ ধরে শুকিয়ে শক্ত অবস্থায় সংরক্ষণ করা হয়। এ সময়ে শুঁটকিতে পোকা ধরে না। বর্ষা মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পেলে শুকনো শক্ত শুঁটকি কিছুটা নরম হয়। তখনই শুঁটকিতে পোকা ধরে। এ পোকা থেকে রক্ষার জন্য কতিপয় অসাধু ব্যবসায়ী শুঁটকিতে বিষ প্রয়োগ করে থাকে। এতেই শুঁটকি ব্যবসায় দুর্নাম ছড়িয়ে পড়েছে।খাগড়াছড়ি সদরের হরিনাথপাড়ার বাসিন্দা হরিচন্দ্র চাকমা (৬০) গত শনিবার খাগড়াছড়ি বাজার থেকে বিজুর (বৈসাবি) জন্য ছুড়ি ও হাঙর শুঁটকি কিনেছেন। তিনি বলেন, শুঁটকির দাম খুবই চড়া। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও টাকার অভাবে অন্যান্য শুঁটকি কিনতে পারেননি।খাগড়াছড়ি বাজারের শুঁটকি ব্যবসায়ীরা জানান, খাগড়াছড়ি বাজারে সাধারণ অবস্থায় শুঁটকির চাহিদা রয়েছে প্রতি মাসে তিন-চার মেট্রিক টন। আর বৈসাবি উপলক্ষে শুঁটকির চাহিদা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ছয়-সাত মেট্রিক টন।