রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আদিবাসীদের তিন দিনের বৈসাবি উৎসব শেষ হয়েছে। তিন দিনব্যাপী ছিল নানা আয়োজন। উৎসবের আনন্দে মেতে ছিলেন আদিবাসীরা।২০১০ সালে বাঘাইহাটে আদিবাসী-বাঙালিদের সংঘর্ষের পর দুই বছর ধরে বৈসাবি উৎসবের আনন্দ ছিল না। এবার ছিল ভিন্নচিত্র। আদিবাসীপাড়া ছিল উৎসবমুখর। জানা গেছে, বৈসাবি উপলক্ষে গ্রামে গ্রামে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী খেলাধুলা। এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে বিভিন্ন খেলার প্রতিযোগিতা। এসব খেলাধুলার মধ্যে রয়েছে ঘিলাখেলা, রশি টানাটানি, কাবাডি ও বলীখেলা। এ ছাড়া বিঝুর প্রথম দিনে শোভাযাত্রা সহকারে কাচালং নদীসহ পুকুর ও ছড়ায় ফুল ভাসানো হয়। দ্বিতীয় দিন মূল বিঝুতে চলে অতিথি আপ্যায়ন। শেষ দিনে সব বয়সীরা ভিড় জমায় বৌদ্ধবিহারে। পুরো বছর ধরে যেন ভালো থাকতে পারে, সেই প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয় বৈসাবি।বঙ্গলতলী গ্রামের বাসিন্দা সুবর্ণ চাকমা বলেন, ‘দুই বছর ধরে ভালো করে বিঝু হচ্ছে না। এ বছর কোনো সমস্যা নেই। সে জন্য উৎসবটা অন্য রকম হয়েছে। আমরা সবাই মিলে বেশ মজা করেছি।’ খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমলেন্দু চাকমা বলেন, ‘ইউনিয়ন পরিষদের উদ্যোগে শোভাযাত্রাসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়েছে। অন্য বছর আতঙ্ক থাকলেও এবার বৈসাবি ভালোভাবেই পালন করা হয়েছে।’