বৈসাবির আনন্দে মেতেছে আদিবাসীরা
বৈসাবি উপলক্ষে এখন উৎসবমুখর পার্বত্য চট্টগ্রাম। আদিবাসী পল্লিগুলোতে চলছে গ্রামীণ ঐতিহ্যের নানা খেলাধুলা। সব বয়সীরা মেতেছে বৈসাবি উৎসবের প্রাণের আনন্দে। চলছে এক গ্রামের সঙ্গে অন্য গ্রামের খেলার প্রতিযোগিতা। চাকমাদের বিজু, ত্রিপুরাদের বৈসুক এবং মারমাদের সাংগ্রাই—তিন সম্প্রদায়ের প্রাণের এ উৎসবের নামের আদ্যাক্ষর নিয়েই বৈসাবি।বৈসাবির প্রথম অক্ষর বৈ হচ্ছে ত্রিপুরাদের বৈসুক। তিন দিন ধরে তারা বৈসুক পালন করে। প্রথম দিনে ছেলেমেয়েরা ভোরে ফুল তোলে ও ফুল দিয়ে ঘর সাজায়। গৃহপালিত সব প্রাণীকে খুব ভোরে ছেড়ে দেয়। নতুন কাপড় পরে ছেলেমেয়েরা গ্রামের ঘরে ঘরে ঘুরে বেড়ায়। শুরুর দিন থেকে গরইয়া নৃত্য দল গ্রামে গ্রামে গিয়ে প্রতিটি ঘরের উঠানে নাচ পরিবেশন করে। ত্রিপুরারা এ নৃত্যকে গরইয়া নৃত্য বা খেরেবাই নৃত্য বলে থাকে।বৈসাবির মধ্যের অক্ষর সা অর্থ হচ্ছে মারমাদের প্রাণের উৎসব সাংগ্রাই। সাংগ্রাই উৎসব উপলক্ষে মারমা তরুণীরা নানা ধরনের পিঠা তৈরি করে। তাদের উৎসবের আকর্ষণীয় হচ্ছে পানি খেলা। মারমা তরুণ-তরুণীরা একে অপরের প্রতি পানি ছিটিয়ে উৎসব উদ্যাপন করে। এ ছাড়া মন্দিরে গিয়ে পূজা দেয়। বাড়িতে আসা অতিথিদের নানা প্রকারের পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। বৈসাবির শেষ অক্ষর বি হচ্ছে চাকমাদের বিজু।বিজুকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দিনকে বলা হয় ফুল বিজু, দ্বিতীয় দিনকে মূল বিজু ও শেষ দিনকে বলা হয় গেজ্যা পেজ্যা দিন। ফুল বিজুর দিনে চাকমা তরুণ-তরুণীরা দল বেঁধে ফুল সংগ্রহ করে নদীতে ভাসিয়ে উৎসবের সূচনা করে। পরে ফুল দিয়ে সাজানো হয় ঘর। মূল বিজুর দিন ঘরে ঘরে চলে অতিথি আপ্যায়ন। চাকমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা দল বেঁধে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়। বিজুতে আপ্যায়নের মূল আকর্ষণ হচ্ছে পাচন (নানা প্রকারের সবজির সংমিশ্রণে তৈরি করা তরকারি)। পাচনের স্বাদও যেন অন্য রকম। বৈসাবি সম্পর্কে দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা প্রথম আলোকে বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে বৈসাবি মানে আনন্দ আর আনন্দ। সারা বছরের জরা-গ্লানি মুছে নতুন বছরে পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি আর ভ্রাতৃত্ববোধের বন্ধন চির অটুট থাকার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।’কামুকাছড়া এলাকার বাসিন্দা রনিকা দেওয়ান বলেন, ‘বৈসাবি পার্বত্য চট্টগ্রামের শান্তির প্রতীক। আমরা চাই বৈসাবি উৎসবের আমেজ পুরো বছরই থাকুক। অশান্তি দূর হয়ে যাক, আসুক স্থায়ী শান্তি। সকল সম্প্র্রদায় প্রশান্তি নিয়ে বসবাস করুক।’ঊথাইন রাখাইন বলেন, ‘আদিবাসীদের প্রাণের উৎসবের আদ্যক্ষর দিয়ে যেমন বৈসাবি নামের মাধ্যমে বন্ধন সৃষ্টি করা হয়েছে, তেমনি আমরাও চাই পার্বত্য চট্টগ্রামের বৈসাবি শব্দের মতো সকল জনগোষ্ঠীর মাঝে সৃষ্টি হোক শান্তি ও সম্প্রীতির বন্ধন।’