বৈসাবির আমেজ আদিবাসী পল্লিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের টেকপাড়ায় জলকেলির মহড়ায় রাখাইন তরুণীরা । প্রথম আলো
কক্সবাজার শহরের টেকপাড়ায় জলকেলির মহড়ায় রাখাইন তরুণীরা । প্রথম আলো

কক্সবাজারের আদিবাসী পল্লিগুলোয় বৈসাবি উদ্যাপনের প্রস্তুতি চলছে জোরোশোরে। নববর্ষ পালনকে ঘিরে রাখাইন, চাকমা, মারমা, মুরংসহ বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসীরা নতুন পোশাক তৈরির পাশাপাশি ব্যস্ত হয়ে পড়েছেন মণ্ডপ তৈরির কাজে। চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া।
বাংলা নববর্ষের তিন দিন পর ১৭ এপ্রিল থেকে শুরু হবে রাখাইন সম্প্রদায়ের সাংগ্রাই পোয়ে বা জলকেলি উৎসব। উৎসবকে ঘিরে টেকপাড়া, বৌদ্ধমন্দির সড়ক, মাছবাজার, টেকনাফ, রামু, চৌফলদণ্ডি, মহেশখালী, চকরিয়া হারবাংসহ বিভিন্ন পল্লিতে ৪০টির বেশি মণ্ডপ তৈরি করা হয়েছে।
এসব মণ্ডপে রাখাইন তরুণ-তরুণীরা একে অপরের প্রতি জল ছুড়ে সাংগ্রাই উৎসব পালন করবেন। এ ছাড়া ঘরে ঘরে চলবে অতিথি আপ্যায়ন ও বিশেষ নৃত্যানুষ্ঠান। কলেজছাত্রী ম্যা খাও রাখাইন বলেন, ‘এই উৎসবের মাধ্যমে আমরা পছন্দের বন্ধুকে বেছে নিই। ঐতিহ্যবাহী পোশাকে সেজে মেয়েরা মণ্ডপে যায়। হাত ও গলায় থাকে আকর্ষণীয় অলংকার।’ এদিকে উৎসবমুখর হয়ে উঠেছে উখিয়া উপজেলার আদিবাসী পল্লিগুলোও। প্রতিবছরের মতো এবারও চাকমা, মারমা ও মুরুংরা বুদ্ধ পূজা, সাদাং গ্রহণ, পুণ্য দান, ভোজন গ্রহণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলার মাদারবনিয়া, মনখালী, রত্নাপালং, ভালুকিয়া পালং, হলদিয়া পালং, মহাজনপাড়া, সেতুনির টেক, রাজাপালং, জাদিমোরা, খয়রাতিপাড়া, শৈলের ডেবা, পাতাবাড়ি, তেলখোলা ও মোছার খোলার পাহাড়ি জনপদে অন্তত ১৫ হাজার আদিবাসী মেতে উঠবে প্রাণের উৎসবে। তেলখোলার চাকমা সম্প্রদায়ের নেতা লিটন চাকমা বলেন, প্রতিবছর মতো এবারও বাংলা বর্ষের ২৯ চৈত্র ফুল বিজু, ৩০ চৈত্র মূল বিজু ও পয়লা বৈশাখ গোজ্যেপোজ্যে দিন হিসেবে পালন করা হবে। আদিবাসী চাকমাদের প্রধান সামাজিক উৎসব হচ্ছে বিজু। তাই এর মহা প্রস্তুতি চলছে।
মাদারবনিয়া গ্রামের কিচ্ছরণ চাকমা বলেন, ১৩ এপ্রিল বিকেল থেকে মুরব্বিরা সাদাং (বর্ষাবাস) গ্রহণ করবেন। ১৪ এপ্রিল দুপুর পর্যন্ত ক্যাং ঘরে তাঁরা বিশ্ব শান্তি ও কল্যাণ কামনা করে প্রার্থনা করবেন।