চৈত্রের শেষ দিন থেকে পাহাড়ে শুরু হয়েছিল বৈসাবি উৎসব। তিন-চার দিনের আদিবাসীদের এ উৎসবে শামিল হয়েছিলেন পাহাড়ে বসবাসরত বাঙালিরাও। বৈসাবি আদিবাসীদের কাছে শান্তির বারতা নিয়ে আসে; ঠিক মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ ও হিন্দুদের দুর্গাপূজার মতো। কিন্তু বৈসাবির সেই শান্তির আহ্বান-ধ্বনি শেষ হতে না-হতেই খাগড়াছড়ির রামগড়ের বড় পিলাকে দেখা দেয় সহিংসতা। শুরু হয় আদিবাসী-বাঙালি সংঘর্ষ, অশান্ত হয়ে ওঠে পাহাড়। তিন বাঙালি হত্যার মধ্য দিয়ে এ সহিংসতার সূত্রপাত হলেও এর মূলে পার্বত্য চুক্তিবিরোধী ও বিপক্ষ রাজনৈতিক শক্তির ইন্ধন এবং ষড়যন্ত্রকে বড় করে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সাদা চোখে এ অশান্তির পেছনে সেই পুরোনো ভূমি বিরোধ মাথাচাড়া দিয়েছে বলে মনে হলেও এর অন্তরালে ওই সব শক্তির ইন্ধনই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তাঁদের ধারণা। রাজনৈতিক বিরোধী পক্ষ ছাড়াও সরকারি দলেও ষড়যন্ত্রকারীরা ঘাপটি মেরে আছে বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সহিংসতার পর আওয়ামী লীগ ও বিএনপির কিছু নেতাকে আসামি করে মামলা করার ঘটনা আপাতদৃষ্টিতে এর প্রাথমিক প্রমাণ বলে মনে করা হচ্ছে। বাকিটা তদন্তে প্রমাণিত হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। জানা গেছে, গত রোববারের সহিংসতার পর সোমবার স্থানীয় সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা এ অশান্তি নিবারণ করতে গিয়ে বলেছেন এমন ষড়যন্ত্রের কথা। তিনি বলেন, ‘দুই দিন আগে পাহাড়ে বৈসাবি উৎসব হয়েছে। আমি জানি, আদিবাসীদের এ উৎসবে বাঙালিরাও যোগ দিয়েছেন। কিন্তু একটি পক্ষ আদিবাসী ও বাঙালিদের এ সমঝোতা চায় না। তারা চায় না পার্বত্য চুক্তি বাস্তবায়িত হোক। তাই তারা ষড়যন্ত্র করে পাহাড়কে অশান্ত করতে মরিয়া হয়ে উঠেছে; যার কারণে এ ঘটনা ঘটানো হয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছি। ক্ষতিগ্রস্ত লোকজনকে ক্ষতিপূরণ দেওয়া হবে।’ বড় পিলাক জুনিয়র স্কুলের মাঠে বাঙালিদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন যতীন্দ্র লাল ত্রিপুরা। জানা গেছে, রোববার বড় পিলাকের শনখোলাপাড়ার একটি বিরোধপূর্ণ ভূমিতে কাজ করতে যান প্রায় ১০ জন বাঙালি শ্রমিক। স্থানীয় এক বাঙালি এ ভূমির মালিকানা দাবি করে আসছিলেন। দুপুরের খাবার খেয়ে যখন শ্রমিকেরা জমির পাশে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন, তখনই তাঁদের ওপর হামলা হয়। বড় পিলাকের বাঙালিদের অভিযোগ, পাহাড়ের ভেতরে জঙ্গলের মাঝখানে এ ভূমির চারপাশ থেকে হঠাৎ করে কিছু পাহাড়ি লাঠিসোটা ও অস্ত্রসহ শ্রমিকদের ওপর হামলে পড়ে। সেখান থেকে কোনো রকমে পালিয়ে আসা শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় বাঙালিরা ছুটে যান ঘটনাস্থলের দিকে। সংঘর্ষের ঘটনায় মারা যান তিন বাঙালি। তার পরই বিক্ষুব্ধ বাঙালিরা আদিবাসীদের বাড়িতে আগুন দেন বলে অভিযোগে জানা যায়। একইভাবে বাঙালিদের বাড়িঘরেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দ্রুত এ ঘটনা বড়পিলাক ছাপিয়ে ছড়িয়ে পড়ে জালিয়াপাড়া, রামগড় ও মানিকছড়িতে। জালিয়াপাড়ায় রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে মারধর করা হয় আদিবাসী পাহাড়ি বাসযাত্রীকে। মানিকছড়িতে আদিবাসীপাড়ায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সাম্প্রদায়িকতার আগুন জ্বলতে থাকে রামগড় ও মানিকছড়ি উপজেলায়। এ অবস্থায় রাস্তাঘাটে ভীতসন্ত্রস্ত আদিবাসীদের দেখা মেলেনি তিন দিন ধরে।জানা যায়, বিরোধপূর্ণ ওই ভূমিতে কোনো পক্ষকে না যাওয়ার জন্য সেনাবাহিনীর পরামর্শ ছিল। সেখানে বাঙালি শ্রমিকেরা কেন, কার নির্দেশে গেল—এসব প্রশ্নও অনেকের। বৈসাবির শান্তির বাতাবরণ ও সম্প্রীতির সুবাতাসে ঈর্ষান্বিত হয়ে এ ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করেন অনেকে। খাগড়াছড়ির পুলিশ সুপার আবু কামাল সিদ্দিক মানিকছড়ির মহামুনিতে আদিবাসীর ভস্মীভূত বাড়ির পাশে দাঁড়িয়ে তাদের উদ্দেশে বলেন, ‘এ ঘটনার পেছনে কোনো অপশক্তির ইন্ধন রয়েছে। সাম্প্রদায়িকতা ছড়িয়ে দিতে তারা সুকৌশলে এ কাজ করতে পারে। সে যে-ই হোক, আমরা তাদের শাস্তির আওতায় আনব।’২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসহাব উদ্দিনও এর মধ্যে কুচক্রীমহলের ইন্ধন থাকার কথা উড়িয়ে দিচ্ছেন না। বড় পিলাক স্কুলের মাঠে উত্তেজিত বাঙালিদের শান্ত করতে গিয়ে তিনি বলেন, ‘বিরোধপূর্ণ জমিতে যেতে আমরা বারণ করেছিলাম। তারপর কিছু সন্ত্রাসী বাঙালিদের ওপর হামলা করে চলে গেছে। অথচ এখানে আদিবাসী ও বাঙালিদের মধ্যে সম্প্রীতি ছিল। এটা নষ্ট করতে অনেকে উসকানি দিতে পারে। কিন্তু সৌহার্দ্য ও সম্প্রীতি যেকোনো মূল্যে পুনর্প্রতিষ্ঠা করতে হবে।’